পৌষসংক্রান্তির আনন্দ
পৌষ মাসের শেষ দিন পালন করা হয় পৌষসংক্রান্তি, যা কথার ভেদে সাকরাইন উৎসব নামেও পরিচিত।
এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন পুরান ঢাকার কোর্টকাছারি এলাকার বাসিন্দা এমএইচ জয়েদী।
যদিও এখন পুরান ঢাকাতেই এই উৎসব পালন করতে দেখা যায়। এদিন পুরান ঢাকার দয়াগঞ্জ, মুরগীটোলা, কাগজিটোলা, গেণ্ডারিয়া, বাংলাবাজার, ধূপখোলা মাঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা, সদরঘাট, কোটকাছারি এলাকার মানুষ সারাদিন ঘুড়ি ওড়ায়, খাবারের আয়োজন করে, সন্ধ্যায় আগুন নিয়ে খেলে, ফানুস ওড়ায়, আতশবাজি পোড়ায়।
সাধারণত জানুয়ারি মাসের ১৪ তারিখেই এই উৎসব পালন করা হয়। তবে এই বছর ১৪ ও ১৫ জানুয়ারি এই সাক্রাইন উৎসব পালন করা হচ্ছে। কারণ ইংরেজি বর্ষ অনুসারে ১৪ জানুয়ারি পৌষের শেষ দিন হলেও প্রাচীন বাংলা পঞ্জিকা অনুসারে সাকরাইন হচ্ছে ১৫ জানুয়ারি।
এই সুতা মাঞ্জা দেওয়ার প্রস্তুতিও বিস্তর। জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকেই পুরান ঢাকার ছেলেরা সুতায় মাঞ্জা দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়।
শিরিষ আর সাগুদানা জ্বাল দিয়ে ঘন আঠাল তরল তৈরি করা হয়। এর সঙ্গে মেশানো হয় পছন্দসই রং। সুতার রিল বেশ সময় নিয়ে তাতে ডুবিয়ে রাখা হয়। এরপর সুতা ধারালো করার জন্য কাচগুঁড়া করে বেটে পাউডারের মতো করা হয়, যাকে বলে চুর।
সব প্রস্তুতি শেষ হলে একজন সুতার রিল ধরে, আর অন্যপ্রান্তে আরেকজন লাটাইয়ে সুতা প্যাঁচাতে থাকে। মাঝে একজন চুর ধরে রাখে। আঠাল তরলের কারণে চুর সুতার গায়ে লেগে যায়। এরপর সেই সুতা রোদে শুকানো হয়। একেই বলে মাঞ্জা দেওয়া সুতা।
বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই দিবস ঘিরে পালিত হয় উৎসব। ভারতে এই দিন ‘মকর ক্রান্তি’, নেপালে ‘মাঘি’, থাইল্যান্ডে ‘সংক্রান’, লাওসে ‘পি মা লাও’, মিয়ানমারে ‘থিং ইয়ান’ ও কম্বোডিয়ায় ‘মহাসংক্রান’ নামে পরিচিত।
মোঘল আমল থেকেই বাংলার এই উৎসব পালিত হলেও ঢাকার নবাবরাই এই উৎসবের প্রবর্তন করেন। সেই সময় এই দিনে খাজনা আদায় শেষে নবাবরা ঘুড়ি ওড়ানোর উৎসব আর খানাপিনার আয়োজন করতেন।
কালক্রমে এটি সাধারণ মানুষের উৎসবে পরিণত হয়। নতুন ঢাকাতে খুব বেশি দেখা না গেলেও পৌষসংক্রান্তির সকালে পুরান ঢাকার প্রায় সব বাড়ির ছাদে মেয়ে, ছেলে, বুড়োসহ প্রায় সবাই লাটাই আর ঘুড়ি নিয়ে হাজির হয়। কোন কোন বাড়ির ছাদে মাইক বা লাউড স্পিকার দিয়ে গান বাজানো হয়। আকাশ চলে যায় ঘুড়িদের দখলে।
সন্ধ্যা নেমে এলে শুরু হয় আতশবাজির খেলা। কোন কোন বাড়ির ছাদ থেকে ওড়ানো হয় ফানুস। সেই সঙ্গে চলে মুখে কেরোসিন নিয়ে আগুনে ফু দিয়ে আগুনের কুণ্ডলী বানানোর প্রতিযোগিতা। এই উৎসব কেন্দ্র করে বাসায় বাসায় বেড়ানোও হয়। দূরে থাকা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা পুরান ঢাকায় বেড়াতে আসেন।
ইদানিং রাতের বেলা অনেকে বাড়ির ছাদে কনসার্ট বা ডিজে পার্টিরও আয়োজন করেন। সেই সঙ্গে থাকে নৈশভোজ।
পুরান ঢাকাবাসীদের কাছে এটি অত্যন্ত উৎসবমুখর একটি দিন। যা জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে একসঙ্গে পালন করে আসছে যুগ যুগ ধরে।
ছবি: ফেইসবুক থেকে।
