পাললিক প্রত্যাবর্তন
কালিদাস কর্মকারের চিত্র প্রদর্শনী।
“১৯৬২ সালের ঘটনা। চোখের সামনে একজনকে একটানে গরুর মাথা, শিং, কান আঁকতে দেখে আভিভূত হয়ে গেলাম। আজ আমি নিজেও একই পদ্ধতিতে রেখাচিত্র আঁকতে পছন্দ করি। কিন্তু ৬২ সালের সেই ঘটনাই আমাকে এখানে নিয়ে এসেছে। সেই ড্রইং দেখেই আমি অনুপ্রাণিত হয়েছিলাম।”
শিল্পীর সঙ্গে কথা বলছেন সবাই। কারও সঙ্গে ছবি তুলছেন তিনি, কাউকে অটোগ্রাফ দিচ্ছেন কিংবা কারও সঙ্গে হাঁটার মাঝ পথেই জুড়ে দিচ্ছেন আড্ডা। শিল্পকলার একাডেমির চিত্রশালা প্লাজায় এমনি এক শীতালু সন্ধ্যায় দেখা শিল্পী কালিদাস কর্মকারের সঙ্গে। অনেকটা সময় অপেক্ষা করে কথা বলতে গিয়েই জানা গেলো সবার প্রিয় ‘কালি দা’র অনুপ্রেরণার গল্প। আর, যার ড্রইং এর এত প্রশংসা করছিলেন কালি দা, তিনি আমাদের মহীরুহ শিল্পাচার্য জয়নুল আবেদিন।
গ্লোবাল এক্সিবিশন জার্নিতে বিশ্বের ১৬টি দেশে নিজের শিল্পকর্ম নিয়ে হাজির হবেন শিল্পী কালিদাস। আর তারই অংশ হিসেবে এবার নিজের দেশেই শুরু হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর প্রদর্শনী। এবারের শিল্পকলার প্রদর্শনীতে ২৩৮টি ও অঁলিয়াস ফ্রঁসেজের প্রদর্শনীতে শিল্পীর ৩৫টি কাজ স্থান পেয়েছে।
এমনিতেই ‘আর্ট গ্যালারি’ হিসেবে খুব একটা হাঁকডাক নেই সরকারী পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল চিত্রশালা প্লাজার। তবে এবারে কালি দা’র প্রদর্শনী যেন অন্যরকম এক রোশনাই ছড়াচ্ছে ওই এলাকাতে। স্বাধীনতার আগে বা পরে বাংলাদেশে এত বড় পরিসরে একক প্রদর্শনী আর হয়েছে কিনা, অনেক জিজ্ঞেস করেও সে উত্তর খুঁজে পাওয়া যায়নি।
স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিল্প আন্দোলনে এক অনন্য নাম কালিদাস কর্মকার।
“এটা একটা এডুকেশনাল এক্সিবিশন, দরজা বন্ধ করে তো শিল্পচর্চা করে লাভ নেই। বরং আমি মানুষের কাছে যেতে চাই। সংস্কৃতে একটি কথা আছে – বিদ্যা দান করলেও কখনও কমে না। সুতরাং আমাদের সকলেরই উচিত কল্যাণকর এমন সবকিছুই ভাগাভাগি করে নেওয়া। অবশ্য এর জন্য আমাদের প্রয়োজন পাললিক সহনশীলতা। পলিমাটির মিশেলে আমাদের ঐতিহ্যগত এই সংস্কৃতি, আজ আবার তুলে ধরবার প্রয়োজন দেখা দিয়েছে।”
নিজের কাজ নিয়ে খুব একটা কথা বলতেই চাইলেন না। অবশ্য খুব একটা প্রয়োজনও হয়ত পড়ছে না। ক্যানভাসেই তুলে ধরেছেন সব। সেই সত্তরের দশক থেকে শুরু করে আজ অবধি করা, সব ধরনের কাজই জায়গা পেয়েছে এবারের প্রদর্শনীতে।
লড়াই - অর্জনের ইতিহাসে রাষ্ট্রভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে রামুর ধ্বংসযজ্ঞ কিংবা শাহবাগে এ সময়ের তারুণ্যের স্ফুলিঙ্গন— কোনও কিছুই বাদ পড়েনি তার কাজ থেকে।
এবারে শিল্পীর ৭০তম একক প্রদর্শনীতে খুঁজে পাওয়া যাবে মিশ্র মাধ্যম, এক্রেলিক, গোয়াশ, কোলাজ, মেটাল কোলাজ, ড্রইং, ডিজিটাল লিথোগ্রাফ, এমনকি মিশ্র মাধ্যমের স্থাপনা শিল্প। উপাদান হিসেবে ব্যবহার করেছেন নানান ধরনের পাথর, কড়ি, প্রবাল, পোড়া কাগজ, মুক্তা, বিভিন্ন ধরনের কোরাল, কাঁচ, কাদামাটি এমনি নানান জিনিস।
বেশ আগে থেকেই প্রাচ্যের প্রচলিত মিথকে পাশ্চাত্যের আধুনিকতার বুননের মিশেলে সাজিয়ে আসছেন শিল্পী কালিদাস। এবারের প্রদর্শনীতেও তার কোন ব্যতিক্রম হয়নি। স্থাপনা শিল্প, ডিজিটাল আর্ট, মাল্টিমিডিয়া এসবই তার প্রদর্শনীকে একেবারেই ভিন্ন এক মাত্রায় পৌঁছে দিয়েছে।
আর ধানমণ্ডির অঁলিয়স ফ্রঁসেজের প্রদর্শনী খোলা থাকে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এছাড়া আগামী ১০ জানুয়ারি চিত্রশালা প্লাজায় ‘পাললিক রেখা’ নামের যুগলবন্দি এক আয়োজনে শামিল হবেন শিল্পী কালিদাস। সেদিন নিজের ৭০তম জন্মদিনে দেশি বাদ্যযন্ত্রের সুরের সঙ্গে ৭১ মিনিটে ৭১টি রেখাচিত্র অংকন করবেন শিল্পী।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
