২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোছায়ায় পাহাড়

জাস পার মম ও ভান লিম সাং বম এখনও স্কুলের বৈতরনি শেষ করেনি। তবে ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকে বলে প্রতি বছরই অনেকটা উৎসবের আমেজেই সময় কাটে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 07:04 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

তবে এ বছরের ছুটিটা একেবারেই ভিন্ন ওদের জন্য। বাড়ির পাশেই এবার একদল মানুষ অদ্ভুতুড়ে এক কাণ্ড ঘটিয়েছে। বাধানো ফ্রেমে ছবির প্রদর্শনীর আয়োজন করেছে তারা। সেখানেও পাহাড়ের কি দারুণ সব ছবি।

এমনিতেই বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায় বাড়ি ওদের। হরেকরকমের গাছ-গাছালি আর পাহাড়ের মাঝেই বড় হয়েছে সম্পর্কে চাচা-ভাতিজা ভান মিল ও জাস পার। তবে প্রদর্শনীর ছবিগুলোতে বাংলাদেশের পাহাড়ের যেন এক আড়ং বসেছিল।

আয়োজনের মাঝেই একদিন গিয়ে নাচ-গানও করে এসেছে ওদের পাড়ার স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা।

বাংলাদেশ টুরিজম এক্সপানশন ফোরাম– বিটিইএফ, মূলত ছুটে বেড়ানো একদল মানুষের বন্ধুতার গল্প।

দেশের আনাচে-কানাচে গলি-ঘুপচিতে ঘুরে বেড়ানোই এই বন্ধুতাকে একসুতায় গেঁথেছে। ভ্রমণের পাশাপাশি নানানভাবেই সুকুমারবৃত্তির চর্চাতেও জারি আছে এদের অন্যান্য কর্মকাণ্ডের মাঝে।

এবার যেমন বান্দবানের রুমাবাজারের উপজেলায় এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল তারা। ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রুমাবাজারের উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী।

বেশ একটা লম্বা সময় ধরেই দেশের ভিতরে ঘুরে বেড়িয়েছে এই দল। তবে নানান পেশার নানান বয়সের এই মানুষগুলো বারবারই ফিরে এসেছে পাহাড়ের কোলে। আর সে সুত্রেই বাংলাদেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে আদিবাসীদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বাউন্ডুলে এইসব মানুষের।

বর্তমান সময়ে আলোকচিত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর ভ্রমণে বের হলে কার না ভালোলাগে যন্ত্রের সহায়তায় স্মৃতি লিপিবদ্ধ করে রাখতে! সেই থেকে শুরু।

ভালোলাগা পাশাপাশি নানানভাবে ছবি তুলে গেছেন বিটিইএফ-এর বন্ধু আলোকচিত্রীরা। আর সেইসব ছবি নিয়েই আয়োজন করা হয়েছে এবারের প্রদর্শনীর। ১৩ জন আলোকচিত্রীর মোট ৩৫টি ছবি  প্রদর্শিত হয় এবারের আয়োজনে।

প্রদর্শনী ঘুরে দেখেছেন আশেপাশের কয়েক পাড়ার মানুষেরা। পাশাপাশি  শীতের এই সময়টায় পর্যটকদের বেশ চাপ থাকায়, ঘুরতে আসা মানুষেরাও ঢুঁ মেরেছেন প্রদর্শনীস্থলে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারি  ও সেনাবাহিনীর সদস্যদেরও দারুণ আলোড়িত করেছে এমন আয়োজন।

তবে শুধু আলোকচিত্র প্রদর্শনীর মাঝেই সীমাবদ্ধ ছিলো না বিটিইএফ-এর এমন আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় উপজেলা প্রাঙ্গনে চলচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয় উৎসাহী মানুষের জন্য। এছাড়া একদিন সন্ধায় বেথেলপাড়ার স্কুল পড়ুয়া একদল বম, নাচে গানে মাতিয়ে তোলে সবাইকে।

সন্ধায় থেকে শুরু হয়ে রাত অবধি নানান ধরনের আদিবাসী নাচের তালে আয়োজক ও দর্শনার্থীদের দারুণ আনন্দ দেন তারা।

এমন আয়োজনের মধ্য দিয়ে যে সাংস্কৃতিকভাবে যে যোগাযোগ তৈরি হয় সবার মাঝে তাও বেশ গুরুতবপূর্ণ। কেননা সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে যে আদিবাসীরা নিজেদের সংস্কৃতিও হারাতে বসেছে। এটা তো কোন নতুন কথা নয়। তাছাড়া নিজেদের পরিমণ্ডলের বাইরে গিয়ে শহর থেকে উড়ে আসা একদল মানুষ পাশাপাশি নিজেদের বন্ধু-বান্ধবদের মাঝে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে এক ধরনের নতুন উদ্যোমও খুঁজে পাবে আদিবাসী তরুণ-তরুণীরা।

রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াই চিং মারমা যেমন জানালেন, এমন উদ্যোগ পাহাড়ি ও সমতলভুমির মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। একই সঙ্গে অনুপ্রেরণা যোগাবে পাহাড়ে বাস করা আদিবাসীদেরও। প্রথমবারের মতো নেওয়া এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতেও এমন আয়োজন চালু রাখারও আহ্বান জানান তিনি।

শুধু আলোকচিত্র প্রদর্শনীই নয়, পর্যটন শিল্প আরও মানুষের কাছাকাছি নিয়ে যেতে এবং একই সঙ্গে পরিবেশের প্রতি আরেকটু সচেতন সম্পর্ক গড়ে বিভিন্ন সময়েই কাজ করে গেছে বিটিইএফ। তবে যে বন্ধুতার মধ্য দিয়ে যাত্রা শুরু, বিটিইএফ’য়ের সদস্য ও বন্ধুরাও বিশ্বাস করেন, পরিবেশের সঙ্গেও এমনি  বন্ধুতার মধ্য দিয়েই সংকট মেটানো সম্ভব।

সেজন্যই ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কিংবা ভ্রমনকাহিনী বিষয়ক বই প্রকাশনার মতো সৃজনশীল কাজের সঙ্গে নিজেদের জড়িত থাকবার  কথা জানিয়েছে বিটিইএফ।

ছবি: ফায়হাম ইবনে শরীফ