বর্ষপূর্তির রাতে নিষেধাজ্ঞা ও আয়োজন
রাজধানী ঢাকায় প্রতি বছরের মতো এবারও ইংরেজি নতুন বর্ষবরণের বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে।
কয়েকটি আয়োজনের খবর নিয়ে এই প্রতিবেদন।
তবে জানিয়ে রাখা ভালো এই ‘থার্টি ফার্স্ট’য়ের রাতে অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। উদযাপনের অতিসজ্জ্যে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সঙ্গেও উদযাপনকারীদের বাদানুবাদ বা তারও বেশি অনেক ঘটনাই ঘটেছে।
গত কয়েকবারের মতো এবারও আইন শৃংখলারক্ষাকারী বাহিনী কয়েকটি জায়গায় জনমানুষ চলাচলে আগাম নিষেধাজ্ঞা জারি করেছে। সুতরাং কেউ যদি নতুন বর্ষ উদযাপনের উদ্দেশ্যে ঘর থেকে বের হন তাহলে এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, ৩১ জানুয়ারি রাতে পুলিশ ক্যামেরা নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, থাকবে পুলিশের টহল।
৩১ ডিসেম্বরের ব্যাপারে ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ১২টার পর কোন বহিরাগত ব্যক্তি অবস্থান করবেন না।”
নববর্ষ উদযাপনে উন্মুক্ত স্থানে নাচগান বা কনসার্ট করার ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা।
বনানীতে অবস্থিত প্ল্যাটার রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। বাড়ি ১০৮, রোড ৩, ব্লক-এফ বনানী। বুফের জন্য খরচ পড়বে ১ হাজার ৫শ’ টাকা, সঙ্গে ট্যাক্স, ভ্যাট যোগ হবে।
হোটেল সারিনায় থাকছে লাইভ ডিজে, লেজার শো, র্যাফল ড্র ইত্যাদি। জানা গেছে এর জন্য খরচ পড়বে ২ হাজার ৫শ’ টাকা।
র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আছে লাইভ ডিজের আয়োজন। রাত ১০টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। টিকেটের দাম ৫ হাজার থেকে ১২ হাজার টাকা।
হোটেল রাজমনি ইশাখাঁতেও আছে নববর্ষের আয়োজন।
