২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঙ্গল মিটের আদ্যোপান্ত

ঢাকা থেকে পাবনা যেতে কবিগুরুর কাছারি বাড়ি পার হয়ে কিছুদূর যেতেই একবারে বড়রাস্তা পাশেই বেঙ্গল মিটের অবস্থান। যেখানে রয়েছে বাংলাদেশের সর্বাধুনিক কসাইখানা।

হাসান বিপুল

মিথুন বিশ্বাস ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:31 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বাংলাদেশের গোমাংসের চাহিদা কীভাবে কোথা থেকে এখন মেটান হয় তা বোধ করি মোটা দাগে অল্পবিস্তর আমরা জানি। তবে সেই প্রথা ভেঙে এই প্রতিষ্ঠান উল্টো বিদেশে মাংস রপ্তানী করার মতো ‘দুঃসাহস’ দেখিয়েছে।

চলুন জেনে নেওয়া যাক এই প্রতিষ্ঠানের কার্যক্রমের আদ্যোপান্ত।

গরু কোথা থেকে আসে জানতে চাইলে বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আ.ফ.ম. আসিফ জানান, বাছাইকরা কিছু গরু সরবরাহকারী আছেন যাদেরকে বেঙ্গল মিট কর্তৃপক্ষ বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে গরু পালনের স্বাস্থ্যগত ও নিরাপদ পদ্ধতি সম্পর্কে। গরু বাজার থেকে কেনা, এমনকি গরুকে কী ধরনের খাবার খাওয়াতে হবে এই প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

বিদেশি জাতের যেসব ঘাস দেশের তাপমাত্রায় স্বল্পসময়ে ভালোভাবে গড়ে ওঠে সে বিষয়েও সম্যক ধারণা ও সাহায্য প্রদান করা হয় প্রতিষ্ঠানের তরফ থেকেই। এই অঞ্চলে বিভিন্ন কারণে ভালোজাতের গরুর প্রাপ্যতা ও যোগান রয়েছে।

কথাবার্তার ফাঁকে সরেজমিনে দেখা গেল এই এলাকার গরুর একটি বড় অংশ অস্ট্রেলীয় জাতের সঙ্গে মিশেল হয়েছে। ফলে এগুলোর স্বাস্থ্যও বেশ হৃষ্টপুষ্ট। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম বড় একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কার্যক্রমও শুরু হয়েছে বেঙ্গল মিট থেকে কয়েক কিলোমিটার দূরে।

বেঙ্গল মিট এই সরবরাহকারিদের থেকে গরু নিয়ে কয়েক সপ্তাহের পরিচর্যা করে। তারপর জবাইয়ের জন্য পাঠানো হয়।

আসিফ আরও জানান, বাংলাদেশে সাধারণত খুব ছোট জায়গাতেই গবাদি পশু পালন করা হয়। চারণভূমি বলতে আদতে যা বোঝায় তা আর খুব বেশি আমাদের দেশে নেই। আর যে ব্যক্তি বা ব্যবসায়ী ছোট জায়গায় ভালো জাতের গরু পালন করেন তারও বেশ ভালো একটি মুনাফা থাকে। ফলে স্থানীয় জনগোষ্ঠি ও ব্যবসায়ীদের সঙ্গে বেঙ্গল মিটের দীর্ঘমেয়াদি একটি সম্পর্ক তৈরি হচ্ছে।

জানা গেল, বেঙ্গল মিটের প্রায় একশ বিঘার মতো জমি রয়েছে। এই জমিতে তারা চাষ করেন বিভিন্ন জাতের ঘাস, এর মধ্যে আছে নেপিয়ার-জাতীয় ঘাস। প্রসঙ্গত শুধুমাত্র এই নেপিয়ার ঘাস পালন করে কোটিপতি হওয়ার গল্প বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেই প্রকাশিত হয়েছে।

এই ঘাস প্রতিষ্ঠানের নিজস্ব তত্ত্বাবধানে লালন-পালনকরা পশুদের খেতে দেওয়া হয়। গরু ও ছাগল বা খাসি বড় করা হয় এখানে। ঘাসের পাশাপাশি ভুট্টার চাষ করা হয় পশুখাদ্য হিসাবে।

ওয়েইন গ্যাস্কেল বেঙ্গল মিটের একজন ডিরেক্টর। অস্ট্রেলিয়ান এই ভদ্রলোক শুরু থেকেই আছেন প্রতিষ্ঠানের সঙ্গে। এই কসাইখানার নকশা তারই করা। অর্থাৎ মেশিনপত্র থেকে শুরু করে কীভাবে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর পুরো তদারকিই করেন গ্যাস্কেল। অস্ট্রেলিয়া ছাড়াও মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের শিল্পে বাইরের কয়েকটি দেশে কাজ করার অভিজ্ঞতা নিয়েছেন তিনি।

তাই প্রধান আ.ফ.ম. আসিফ বলেন, “এই কসাইখানার মান দক্ষিণ অস্ট্রেলিয়ার যে কোন কসাইখানার সমান।”   

পালন করা পশু

এখান পালন করা ছাগলের আছে বেশ কয়েকটি জাত। অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়া ও ভারতীয় যমুনা পরী মধ্যে সংকরজাত, ব্ল্যাক বেঙ্গল, দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ জাতও আছে এখানে।

ওয়েইন গ্যাস্কেল ছাগল পালন অংশে দেখালেন দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ জাত। বিরাট এর আকার!

তিনি জানান, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল গোটয়ের মাংসের স্বাদ অতুলনীয় এবং একজন বিক্রেতার জন্যও ভালো দাম জোগায়। হয়তো স্বাদের কারণেই এর মাংস উৎপাদনের ক্ষমতা তুলনামূলকভাবে অস্ট্রেলীয় বা দক্ষিণ আফ্রিকান কিছু জাতের খাসির তুলনায় অনেক কম। আর দক্ষিণ আফ্রিকান এই বিশেষ জাতের খাসি খুব দ্রুতই নাকি বেড়ে ওঠে। আর তাই বেঙ্গল মিট ছাগলগুলো বাংলাদেশে পরীক্ষামূলক পালন করছে। আর বাণিজ্যিক ও অনান্য কারণে প্রাণী ও মৎস্য সম্পদ অধিদপ্তরের সঙ্গে মিলে কিছু পরীক্ষামূলক সংকরায়নের কাজ করছেন তারা। 

প্রতিটি ছাগলের কানে একটি করে ট্যাগ লাগান। পশ্চিমে এই ট্যাগ দেখেই নাকি উৎপাদিত মাংস কোথা থেকে এলো এই নিশ্চয়তা দেওয়া হয় বলে জানান, গ্যাস্কেল।

বেঙ্গল মিটের নিজস্ব তত্ত্বাবধানেও গরু পালন করে। এই অংশে দেখা গেল তাদের রয়েছে একশরও বেশি গরু। এই গরুগুলো বেঙ্গল মিটে পালিত হচ্ছে প্রায় ৭ মাস ধরে। আধুনিক পন্থায় পরিচর্যা করা এসব গরুরও আছে ট্যাগ।

পুরো কারখানায় পানি ও পরিষ্কারকাজের জন্য আছে ‍নিজস্ব পানিশোধনাগার।

জবাই প্রক্রিয়া

প্রতিটি গরু জবাই করার আগে নির্দিষ্ট একটি ‘হোল্ডিং’ এলাকাতে রাখা হয়। মানুষের শরীরে অস্ত্রোপচার করার আগে যেমন শুধু পানি খেতে দেওয়া হয় এখানেও জবাই করার আগে একই নিয়ম মানা হয় বলে জানা গেল।

এরমধ্যে আবার জবাই করার আগে একজন পশুচিকিৎসক গরুর স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন। এই স্বাস্থ্য পরীক্ষার ফলাফল কম্পিউটারে সংরক্ষণ করা হয়। একইভাবে গরু জবাই হওয়ার পরে আবার সাধারণ ‘পোস্ট মর্টেম’ করা হয়, এভাবেই নিশ্চিত করা হয় ক্রেতা কোন সমস্যাযুক্ত মাংস বাড়িতে নিয়ে যাচ্ছেন না।

জবাই করার সময় ইসলামিক ফাউন্ডেশনের মনোনীত ব্যক্তি সর্বক্ষণ উপস্থিত থাকেন হালাল রীতি পর্যবেক্ষণ করার জন্য।

হালাল মাংসের নিশ্চয়তা কীভাবে দেন? জানতে চাইলে আসিফ ও গ্যাস্কেল জানান, প্রথমত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন মেনে মাংস প্রক্রিয়াজাত করে বেঙ্গল মিট। এই গাইডলাইন প্রস্তুত হয়েছে বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প প্রতিনিধি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়ে। এছাড়াও জাকিম মালয়েশিয়া হালাল মাংস উৎপাদনের এই দ্বায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশকে।

জবাই থেকে শুরু করে জবাইকৃত পশুর পোস্টমর্টেম প্রক্রিয়া এমনভাবে সমন্বয় করা যাতে কোন সমস্যা পাওয়া গেলে ওই পশুকে সঙ্গে সঙ্গে প্রোডাকশন লাইন থেকে সরিয়ে নেওয়া যায়।

এই প্রক্রিয়ার আর একটি বিশেষ ও স্বাস্থ্যগত বিষয় হল ভালোমতো রক্ত ঝরানো হয় আর পশুর শরীর থেকে সরিয়ে ফেলা হয় সকল বর্জ্য। সেগুলোকে একেবারে ভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়।

ঠান্ডা ও গরম পানিতে ধুয়ে স্বয়ংক্রিয় মেশিনে আলাদা করা চামড়া আর অতিরিক্ত মেদও আলাদা করে ফেলা হয়।

জবাই করা গরুর মাংস নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে যাওয়া হয় হিমঘরে। পরে এই হিমঘর থেকে বের করে নিয়ে এসে মাংস টুকরা করা ও প্যাকেটজাত করা হয়।

গ্যাস্কেল জানান, গরুর মাংস যে কাটার পরপরই রান্না করলে সবচাইতে ভালো স্বাদ পাওয়া যাবে তা নয়। পশ্চিমা বিশ্বে আবহাওয়াগত ও বৈজ্ঞানিক কারণেই মাংস চিলারে রেখে বিক্রি করা হয়। যার তাপমাত্রা সাধারণত তিন থেকে পাঁচ ডিগ্রি থাকে।

আর তাই মাংস কাটাকাটি করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। রীতিমতো মাইনাস ডিগ্রিতে চলে এই কাটাকাটির কাজ। জ্যাকেট পরে কাজ করছেন অনেকেই, মাথায় নেট যাতে মাংসে কোন অযাচিত কিছু ঢুকে না পড়ে।

এই কারখানায় ঢুকতে গেলে রীতিমতো গামবুট পরে ঢুকতে হয়। সানিটাইজারে ধুতে হবে পায়ের বুট ও হাত। ছোট একটি জলাধারে এমন করে রাখা এই সানিটাইজার যে, কোনভাবেই কেউ না পাড়িয়ে ঢুকতে পারবেন না এই কারখানার ভেতর। আর পশুজবাই অংশের কর্মচারীরা কোন ভাবেই মাংস কাটার অংশে ঢোকেন না।

পুরো ফ্যাক্টরিতে কাজ করেন প্রায় আড়াশ জন লোক। যাদের প্রায় সবাই এই এলাকারই বাসিন্দা। এছাড়া স্থানীয়দের কাছ থেকে মুরগি সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয়।

মাংস বিক্রি

প্রায় ২৪টি বিক্রয়কেন্দ্র থেকে বিক্রি হয় বেঙ্গল মিটের মাংস। এছাড়াও বেঙ্গল মিটের কর্মকর্তা ও ঢাকার বেশ কিছু রেস্তোরাঁ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেল, ঢাকার মান সম্পন্ন রেস্তোরাঁগুলিতে বহুলাংশে বেঙ্গল মিটের মাংসই রসুইঘরে ঢোকে।

বাংলাদেশে প্রথাগতভাবে ‘কাট’কে প্রাধান্য দিয়ে মাংস বিক্রির চল কখনও ছিল এমন দাবি করা কঠিন। কাট বলতে পশুর শরীরের বিভিন্ন অংশের মাংসের ধরণ ও এর সঙ্গে স্বাদের তারতম্যকেই ইঙ্গিত করা হয়েছে। পশ্চিমারা এই কাটের ভিত্তিতেই মাংস কেনাবেচার কাজটি সাধারণত করে থাকেন।

যেমন স্টেকের মাংসের ধরণ আর বিফ বা মাটন কারি অথবা শিক কাবাবের মাংস আমরা যেভাবে খাই তার কাটার পদ্ধতি ও খাবারে স্বাদ নেওয়ার প্রক্রিয়া একেবারেই আলাদা। তবে বেঙ্গল মিট শুরু থেকেই করছে এই কাজটি।

এছাড়া রাজধানী ঢাকায় ত্রিশেরও বেশি রকমের মেরিনেইট করা মাংস তৈরি করা হয় ভোক্তাদের জন্য। এই প্রতিষ্ঠান দুবাই, বাহরাইন, কুয়েত ও মালদ্বীপে মাংস রপ্তানি করছে প্রধানত প্রবাসী বাংলাদেশীদের কাছে।  

ছবি: হাসান বিপুল