ভালোবাসায় পাখা মেলবে প্রজাপতিরা
‘প্রজাপতিটা যখন তখন, উড়ে উড়ে, ঘুরে ঘুরে, রাঙা মেঘের মতন’
প্রচলিত গান-কবিতার ছন্দের মতোই পাখা মেলে উড়ে বেড়ায় প্রজাপতি। দোলা দিয়ে যায় আমাদের স্বপ্নাতুর হৃদয়ে। তবে বাস্তবে সেই প্রজাপতি দেখা মেলা যে ভার। আরেকটু ঝেরে কাশলে বলতেই হয়, এক সময়ে চোখের সামনে, কিংবা অগোচরে আমাদের আশপাশেই উড়ে বেড়ানো প্রজাপতি এখন আর তেমন দেখা যায় না। কারণও খুব একটা নতুন কিছু নয়। গেল কয়েক বছর ধরে সারা বিশ্বজুড়ে আলোচিত জলবায়ু পরিবর্তনই এর সবচেয়ে বড় কারণ।
তাই বলে কি, যে প্রকৃতির সন্তান এই প্রজাপতি, সেই প্রকৃতিই তাদের সমূলে উৎপাটন করতে আদা-জল খেয়ে নেমেছে, এ কথা মানতে হবে? কখনও না। কারণ, এর পেছনে রয়েছে আমাদেরই আযাচিত জীবনযাপন।
প্রকৃতির এই অসাধারণ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে এবং ঠিক একইভাবে চারপাশের জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে সহনশীল ও গঠনমূলক জীবনযাপনে মানুষকে উদ্ধুদ্ধ করতে, বেশ কয়েকবছর ধরেই এক অনন্য উদ্যোগ নিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন। প্রজাপতি সম্পর্কে মানুষকে জানাতে এবং সচেতন করে তুলতে আয়োজন করে চলেছেন প্রজাপতি মেলা।
বাংলা সাহিত্যে বলবার মতো বেশ অনেক আলোচনাই হয়েছে প্রজাপতিকে নিয়ে। তবে শিল্পীরা সম্ভবত ভবিষ্যত আগে দেখতে পান বলেই হয়তো বা প্রজাপতিকে কাগজ-কলমে ধরে রাখতে চেয়েছিলেন। কেননা, আমাদের চারপাশে প্রজাপতি এখন অনেকটাই বিরল। অথচ বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ক্ষুদ্র তবে অপরুপ সৌন্দর্যের আঁধার প্রজাপতির। এমনকি মানুষের চোখে রংয়ের বিভাজন তৈরি করতে সহায়তা করে যে ‘কালার ভিশন সিস্টেম’ সেখানেও বর্ণিল প্রজাপতির অবদান রয়েছে।
অর্থাৎ রংয়ের সঙ্গে ফুলের সঙ্গে এক অন্যরকম সম্পর্ক রয়েছে প্রজাপতির। রংয়ের বিষয় না হয় জানা গেলো, তবে ফুলেরটা কী?
ফুলের পাপড়ির রংও অনেকাংশে প্রজাপতি থেকে প্রভাবিত হয়। কারণ মধু খাবার জন্য ফুলে ফুলে ঘুরে বেড়াবার সময়, রং বিলিয়ে দেয় প্রজাপতি।
এইসব মূল্যবান কথা মানুষজনকে জানাতে এবং পরিবেশ সংরক্ষণে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করে তুলতে পাঁচ বছর আগে, প্রথমবারের মত প্রজাপতি মেলা আয়োজন করবার উদ্যোগ নেওয়া হয়।
এরপর সময়ের সাথে সাথে বড় হয়েছে এই মেলা। বেড়েছে মানুষের সমাগম, বেড়েছে আয়োজনও। তবে সত্যিকার অর্থে, মেলার আয়োজন সার্থক হবে, যদি সত্যিই আমরা এই বিষয়ে সচেতন হয়ে উঠি এবং একই সাথে অন্যদেরও সচেতন করে তুলতে পারি।
মেলার মাঝেই কথা হল ড. মনোয়ারের সঙ্গে। ব্যস্ততার মাঝেও এই স্বপ্নচারী গবেষক জানালেন, “আয়োজনের মূল লক্ষই হল শিশুরা। কারণ ওদের হাতেই আমাদের এই পৃথিবীর ভবিষ্যত। আগামী দিনগুলোতে, এখানে বাস করবে তারা। সুতরাং এর পরিচর্যা করতে হবে তাদেরকেই। আমরা শুধু এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আগে থেকেই সচেতন করে তুলতে চাই। আর সেজন্যই এইসব আয়োজন যেন, গল্প-কবিতায় পড়া প্রজাপতিকে তারা অন্তত দেখতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, ভালোবাসতে পারে।”
এমনিতেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রজাপতি মেলা এটি। এবার এই উদ্যোগের মধ্য দিয়ে আশা করা যায়, প্রজাপতির গবেষণা ও সংরক্ষণেও বিশ্বব্যাপী উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে বাংলাদেশ।
এমনিতে এখন পর্যন্ত বাংলাদেশে ৩০১ প্রজাপতি শনাক্ত করা গেছে। যদিও আমাদের পাশের দেশ ভারতেই আছে প্রায় ১৫০০ এরও বেশি প্রজাপতি। তবে গবেষকদের ধারণা আমাদের দেশে এই সংখ্যাটা পাঁচশ’র আশপাশেই হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে প্রায় ১১৫টির মতো প্রজাতির প্রজাপতি। এর মাঝে এখন পর্যন্ত ৩টি প্রজাপতি শনাক্ত করা গেছে, যা শুধু এই ক্যাম্পাসেই আছে।
প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আশা, যথাপুযুক্ত সময় ও সুযোগ পেলে এরকম আরও ১৫-২০টি প্রজাতি শনাক্ত করা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।
সকাল থেকে শুরু হওয়া মেলার পর্দা নামতে নামতে প্রায় সন্ধ্যা। সারাদিন হুড়োহুড়ি-ছুটোছুটির পর, ফিরছেন একজোড়া যুগল। ভিতরেই হাটের মাঝে জীবন্ত প্রজাপতি দেখবার সময় এক-আধটু কথা হয়েছিলো তাদের সঙ্গে। ফিরতি পথে তাদের পেয়ে একটু খুশিই লাগছিল। শীতের আমেজে একটু উষ্ণতা খোঁজে সবাই। এগিয়ে গেলাম। এবার একটু জমেই উঠলো আড্ডা।
তবে ফিরবার আগে একটাই কথা কানে বাজছিলো, “এই যে আজকে প্রজাপতির প্রতি সবার এত টান, আর দশটা দিন এমন থাকবে তো? আমরা তো আমাদের প্রেমকেও সবদিনই সমান ভালোবাসি, তাহলে প্রকৃতিকে কেন না? শোনেন লেইখা দিয়েন, শুধু বিশেষ দিনে না, প্রজাপতির যত্ন নিতে হবে প্রেমের মতো করে, প্রতিদিন-সারাক্ষণ, তাহলেই ভালোবাসায় পাখা মেলবে প্রজাপতিরা।” ছবি: ফায়হাম ইবনে শরীফ।
