বিনস অ্যান্ড অ্যারোমা
উত্তরার জসীমউদদীন অ্যাভনিউ ধরে সোজা চলে গেলে সেক্টর ৩, রোড ১৮ পড়বে ডান দিকে আর বাঁদিকে বাড়ি নম্বর ৯-এ অবস্থান বিনস অ্যান্ড আরোমার। বাইরে বেশ চোখে পড়ার মতোই এর সাইনবোর্ড। একেবারে সিনেমাহলের আদলে বিলবোর্ড!
আগামীতে মাল্টিপ্লেক্সের তোড়ে যদি কখনও ভেসে যায় পুরনো, স্মৃতিমাখা সিনেমাহলগুলো তখন হয়ত এই কফিশপের বিলবোর্ড মনে করিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া কোনো প্রিয় সিনেমার কথা!
ঢুকতেই কফি কাউন্টারটি যে বেশ পরিপাটি তা চোখের পক্ষে এড়ানো একটু কঠিনই হবে। এই কফিশপটি কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত।
আর প্রতিটি অংশ অন্যটির থেকে কিছুটা হলেও ভিন্ন। কাউন্টারের উল্টা দিকে বসা যায় দলবেঁধে আবার ভেতরে এগিয়ে গেলে অভিজাত চেহারার সোফায় গা এলিয়ে দেওয়া যাবে।
আর তার পাশে একটি ছোট অংশে ‘প্রাইভেট মিটিং’ করার মতো পরিবেশও রয়েছে।
আর পেছনের অংশ কিছুটা খোলা, এখানকার পরিবেশ আবার ‘ইচ্ছে করেই’ একটু ভাঙাচোরা! দেয়ালে রংয়ের বদলে রাখা হয়েছে এবড়োখেবড়ো করে, গ্রামের বাড়ির দেয়ালের কথা মনে করিয়ে দিতে পারে এই অংশ। চোখধাঁধানো রংয়ের ফ্রেমের আয়নাও গ্রামের নিখাদ সরল কৃষ্টি মনে করিয়ে দেবে। আর ওই পিলারের উল্টোদিকে টেরাকোটা আদলে প্রকৃতির কাছের নৃত্যভঙ্গিও উপস্থিত।
টেবিলের ছোট একটি অংশের ডিজাইনে রীতিমতো কফি বিনস রাখা হয়েছে।
এর মানে হল, এর উদ্যোক্তারা বেশ নজর দিয়েছেন খুঁটিনাটি বিষয়ে। একলেকটিক সার্ভিসেস লিমেটেডের ম্যানেজিং ডিরেক্টর আখলাক আহমেদ বলেন, আমরা চাই, বিনস অ্যান্ড অ্যারোমাতে যিনি আসবেন তিনি যেন সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন। সিলিং ও দেয়ালজুড়ে কালো রংয়ের ব্যবহার এত বেশি কেন? জানতে চাইলে আহমেদ বলেন, এই জায়গাটি অতিথিরা যেমন দলবেঁধে উপভোগ করতে পারবেন আবার ভীড়ের মাঝেও চাইলে কেউ যেন খানিকটা নিজের মতো করে সময় কাটাতে পারেন তাই এই ‘একাকিত্বের’ রং।
আহমেদ আরও জানান, শুধুমাত্র ব্রাজিলে উৎপাদিত কফি ব্যবহৃত হয় এই ক্যাফেতে। আমরা বিশেষভাবে নিজেদের তত্ত্বাবধানে কফি রোস্টিং করি আর তা ব্যবহার করে ফেলি তিন সপ্তাহের মধ্যে, যে সময় কফির মূল স্বাদ থাকে অটুট। এর পর থেকেই নাকি স্বাদে ভাটা পড়তে থাকে ধীরে ধীরে।
আহমেদ আরও জানান, বিদেশি ফ্রাঞ্চাইজ না নিয়ে এসে বরং দেশে নিজস্ব একটি ব্র্যান্ড তৈরির দিকেই নজর দিয়েছেন তারা। এইকাজে কোনোভাবেই তাড়াহুড়া করবেন না তারা বলেও জানান। আর এতে সফল হলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে শাখা খোলার পর্যন্ত স্বপ্ন দেখছেন তারা।
এসপ্রেসো ১২৫ টাকা, ক্যাপুচ্চিনো ১৯৫ আর মোকা ২১৫ টাকা পড়বে।
এই কফিশপের উপরে আছে এদের নিজস্ব পানিশোধনাগার, যাতে ঘণ্টায় প্রায় ৬০ লিটার শুদ্ধ পানীয় জল পাওয়া যায়।
এখানে সব মিলিয়ে বসতে পারবেন ৬০ জন। খোলা থাকে সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত।
আর কফির ‘মাতাল’ গন্ধে ডুবে যাবার সময় যদি মন চায়, কাফকা অথবা মার্কেজ অথবা ফ্রয়েড-- চিন্তা নেই তাও আছে।
প্রশ্ন উঠতে পারে এই মহানগরীর আর কোথায় কফি খেতে গেলে পাবেন এদের বই? এই চিন্তায় কফি চাই কী?
ছবি: তানজিল আহমেদ জনি
