২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম কারি অস্কার

১ ডিসেম্বর, সোমবার ২০১৪ বাংলাদেশ সময় রাত ১২টা এবং লন্ডন সময় সন্ধ্যা ৬টায়, লন্ডন শহরের বেটারসি এভ্যুলশন-এ বসছে কারি অস্কার খ্যাত ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’-এর বর্ণাঢ্য আসর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 07:34 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

যুক্তরাজ্যে অবস্থিত উল্লেখযোগ্য রেস্টুরেন্টগুলোর মধ্য থেকে সেরাদের এ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। লন্ডনের বেটারসি এভ্যুলশন-এ দশম বারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেস্টুরেন্ট ব্যবসায় জড়িতরা ছাড়াও বৃটিশ মন্ত্রী, মেয়রসহ দেশ-বিদেশের দুই হাজারের বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের ‘কারি রেস্টুরেন্ট’ হিসেবে পরিচিত অধিকাংশ উপমহাদেশীয় খাদ্যের রেস্তোরাঁর মালিক ও কর্মীরা বাংলাদেশি। কয়েক যুগ ধরে অভিবাসী বাংলাদেশিরা সেখানে এই শিল্প গড়ে তুলেছেন নিজ নিজ উদ্যোগে।

শুধু গড়েই তোলেননি, উদ্যোক্তারা কারি’কে এরইমধ্যে পৌঁছে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধান খাবার  তালিকায়। বর্তমানে যুক্তরাজ্যে এ ধরনের প্রায় সাড়ে ১০ হাজার রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে এক লাখেরও বেশি মানুষ কাজ করছেন।

বাংলাদেশে জন্মগ্রহণকারী এনাম আলী এমবিই ২০০৫ সালে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ চালু করেন। যুক্তরাজ্যের মেইন স্ট্রিম মিডিয়া তথা কারি বিশ্বে এনাম আলী’র পরিচিতি ‘কারি কিং’ হিসেবে। যিনি গত প্রায় তিন দশক ধরে যুক্তরাজ্যের কারি শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে অক্লান্ত প্রয়াস চালিয়ে আসছেন।

‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’য়ের আজকের আসর প্রসঙ্গে প্রতিষ্ঠাতা এনাম আলী, এমবিই বলেন, “আমি যখন এই অ্যাওয়ার্ডস প্রবর্তণ করি তখন যুক্তরাজ্যের কারি শিল্পে বেশ দুঃসময় যাচ্ছিল। বাংলাদেশ থেকে রেস্টুরেন্টগুলোর জন্য জনবল আনা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। ফলে ইমেজ সংকটে পড়েছিলেন রেস্টুরেন্ট ব্যাবসায়ীরা। তখন আমার মনে হল এই শিল্পের টেকসই বিকাশের জন্য এমন একটি গ্ল্যামারাস প্লাটফর্ম তৈরি করা দরকার, যেখানে থেকে যুক্তরাজ্যের মূলধারার অর্থনীতি-রাজনীতি ও মিডিয়ার সঙ্গে একটা সেতুবন্ধন তৈরি করা সম্ভব। যে সেতুবন্ধনের মধ্য দিয়ে আমরা কারি শিল্পের টেকসই উন্নয়ন এবং বিস্তারের জন্য কাজ করতে পারব। কথা বলতে পারব প্রবাসী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা-সফলতা-বিফলতা নিয়ে” 

তিনি আরও বলেন, “আজ দশম বর্ষে পা রাখছে ‘ব্রিটিশ কারি অ্যওয়ার্ডস’। পেছনের নয়টি আসরের দিকে তাকালে আমি আজ গর্ব করেই বলতে পারি- বাংলাদেশ তথা কারি শিল্পের বিকাশে আমি আমার সফলতার পথেই হাঁটছি।”

বরাবরের মতো এবারও এর প্রযোজক-পরিচালক জাস্টিন আলী। তিনি জানান, এবারের অনুষ্ঠান উপস্থাপনা করছেন জনপ্রিয় ব্রিটিশ টিভি তারকা জুটি।

উৎসব পরিচালক-প্রযোজক জাস্টিন আলী সূত্রে আরও জানা যায়, ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ এর আজকের আসরে অংশ নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিংহভাগ কারি রেস্টুরেন্ট। এর মধ্যে রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, নেপাল এবং পাকিস্তানের কর্ণধার রয়েছেন। এবারও অংশগ্রহনকারি প্রতিযোগীদের মধ্য থেকে বেশ কয়েক দফা বিচার কার্য শেষে ১১টি বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আর বিশেষ অবদানের জন্য একজন কারি ব্যাক্তিত্বকে প্রদান করা হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’য়ের এবারের আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে থাকছে জাস্টইট, ওটু, ইউরোফুড এবং কিংফিসার। আর পুরো আয়োজনের টিভি পার্টনার হিসেবে থাকছে কালারস ইন্ডিয়া।

এছাড়া এই উৎসব কাভার করতে উপস্থিত থাকছে বিবিসি, স্কাই, আইটিভি, আইটিএন, এনডিটিভি, জিও, এনটিভি, চ্যানেল আই, এটিএন বাংলাসহ বিশ্বের প্রায় ৭০টি টিভি চ্যানেলের প্রতিনিধি।

বাংলাদেশে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস-২০১৪’ এর গনযোগাযোগ পার্টনার হিসেবে কাজ করছে ঢুলি কমিউনিকেশনস। 

-বিজ্ঞপ্তি