২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য গ্লাসহাউজ ব্রাসেরি

গুলশানের ১১৩ নম্বর রোডের ৬/এ নম্বর বাড়িতে লিফটে ৬ চাপলেই মিলবে এই রেস্তোরাঁ। লিফট থেকে বেরোলেই বেশ বাহারিভাবে স্বাগত জানাবে ‘দ্য গ্লাসহাউজ ব্রাসেরি’। ঢুকেই চোখে পড়বে ছিমছাম সাজানো চেয়ার-টেবিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মিথুন বিশ্বাস, বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 11:19 AM

Updated : 13 Oct 2022, 12:46 PM

অন্দরসজ্জায় খানিকটা ইউরোপীয় আধুনিকতার ছাপ পাওয়া যায়। রেস্তোরাঁটির দুটি অংশ। প্রথম অংশে আছে প্রায় ৮৮ জনের বসার ব্যবস্থা। আর মাথায় ছাদ কিন্তু পাশে খোলা-- এই অংশে বসতে পারবেন ২৪ জন। এই স্থানটি দিনে কি রাতে-- দুবেলাতেই ভালো লাগবে। দিনে চোখে পড়বে বাইরের সবুজ গাছপালা আর রাতে আলো ঝলমল ‘বর্ণিল’ গুলশান!

উত্তরের দিকে খোলা এই অংশটি, তাই শীতের দিনে হিম ঠাণ্ডাকে সঙ্গী করে খাবার খেতে চাইলে জায়গাটি মন্দ নয়! আর এখানেই মাথার উপরে কাচ। এতে কৃত্রিম জলপ্রবাহের ব্যবস্থা আছে, জলধারার কলকল শব্দ ভালো লাগে না এমন শহুরে মানুষ তো খুঁজে পাওয়া মুশকিল!   

এই রেস্তোরাঁর রসুঁইঘর কিন্তু বেশ খোলা। খাবারের অর্ডার দিলে খাবার তৈরি টেবিলে বসেই বেশ খানিকটা দেখা যাবে।

এখানকার হেড শেফ রিচার্ড গোমেজ মধ্যপ্রাচ্যে লা মেরিডিয়েন হোটেলে কাজ করেছেন বেশ কয় বছর। ঢাকার একটি পাঁচতারা হোটেলেও কাজ করেছেন। গোমেজের সহকারী শেফেরও আছে মধ্যপ্রাচ্য ও তুরস্কে কাজ করার অভিজ্ঞতা।

এই রেস্তোরাঁর মেন্যু মূলত কন্টিনেন্টাল ও থাই।

ডিমসাম চিকেনের পরিবেশনা দেখেই মন ভালো হতে পারে। ভিয়েতনামিজ স্টাইলে বানানো এই খাবারের সঙ্গে সস, টমেটো আর শসা মিলিয়ে বেশ চমৎকার লাগবে। মুখে দিলে উবে যেতেও সময় খুব বেশি লাগবে বলে মনে হয় না! কারণ ভেতরটা যে যুৎসই রকমের নরম, আর দুই রকম সস মিলিয়ে ভিন্ন এক স্বাদের মজা।  

ভিয়েতনামিজ ফ্রেশ রোল সত্যিই ফ্রেশ! পাতলা রোলের মধ্যে থাকা বিনস স্প্রাউট, ক্যাপসিক্যাম ও অন্যান্য উপকরণ-সবটাই কাঁচা। সসে মিলিয়ে নিলেই বেড়ে যায় এর স্বাদ!  

তবে এখানে যে খাবারটি নিশ্চিত অর্থেই জিভে জল আনবে তার নাম বারবিকিউ চিকেন।

শেফ গোমেজ জানালেন, এখানে বারবিকিউ করতে গ্যাসের আগুন ব্যবহৃত হয় না। খাবার পোড়নো হয় বিশেষ এক ধরনের পাথর গরম করে। আর তাতেই বোধ হয় ‘স্মোকি’ ফ্লেইবার একেবারে হাড়ে-হাড়ে এসে লাগবে নাকে।

মুরগির মাংস বেশ নরম। মনে হতে পারে একবারে ‘পারফেক্টলি’ নরম! আর উপরে ও পাশে ছড়িয়ে দেয়া বারবিকিউ সস শুধু স্বাদই যোগ করেনা নাকেও একধরনের ভালোলাগা ভাব তৈরি করে!

বেশ কয়েক রকম পানীয় মিলবে এখানে। আছে মকটেইলসও যেমন মোহিতো, আর রিফ্রেশিং পানীয় চাইলে হরেক রংয়ের আর ফ্লেইবারের গিন অ্যাপল, কিউয়ি ফ্রুটও আছে। তবে এই পানীয়ের দাম একটু চড়াই মনে হলো।   

ব্যবস্থাপক সালেহ করিম জানান, মাংস আনা হয় শুধুমাত্র বেঙ্গল মিটের ফ্যাক্টরি থেকে। চারিদিকে খাদ্য উপকরণের ব্যাপারে মানুষের চিন্তাকে মাথায় রেখেই এই উদ্যোগ।

করিম আরও জানান, সন্ধ্যা ও দুপুরে বিশেষ সল্প দামে রাখা হয়েছে কিছু খাবারের আয়োজন।

ওয়াইফাই আছে। খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা।  

২ জনের জন্য ৩ কোর্সের ডিনার করলে নূন্যতম ১৫০০ টাকা পড়বে।

ছবি: তানজিল আহমেদ জনি