২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান বুচার ও জে-মার্ট

গুলশান ২ নম্বরের ৫১ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে অবস্থান এই দোকান দুটির। এখানকার কামরুল হাসান জানালেন, ‘জার্মান বুচার শুরু হয় ১৯৯১ সালে ফ্রানৎজ গ্রেগরির হাতে।’ এই গ্রেগরি তখন সবে ৪ বছর একটি এনজিওতে কাজ শেষ করে বাংলাদেশেই থিতু হবার উদ্দেশ্যেই গড়ে তোলেন এই মাংস প্রক্রিয়াজাতকরণের প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 11:13 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

হাসানের দাবি, ‘জার্মান বুচারই বাংলাদেশের প্রথম মিট প্রসেসিং প্রতিষ্ঠান’।

গত বছরের শেষ দিকে বার্ধ্যকের কারণে ফ্রানৎজ গ্রেগরি জার্মানি ফেরত যান। সেই থেকেই জাপানি মালিকানায় চলছে এই দোকান। তবে গ্রেগরি শর্ত দিয়ে যান, ‘মাংসে অবশ্যই রাখতে খাঁটি জার্মান স্বাদ।’

জার্মানি সসেজের ‘স্বর্গরাজ্য’-- এটা প্রায় সর্বজনবিদিত বিষয়! আর হ্যাঁ, জার্মান বুচারে পাওয়া যায় হরেক রকমের সসেজ। নুরেনবার্গার বা ফ্রাংফুর্টার তো পাওয়া যাবেই।আবার আছে কিছু ইতালিয়ান ঘরানার সসেজও। যেমন, মোর্তাদেল্লা, বোলোনিয়া ইত্যাদি।

আছে হাঙ্গেরিয়ান সসেজও যা বোধ ঢাকায় বেশ দুর্লভ এটা তো বলাই যায়।বাসায় নিজেই ভাবছেন বার্গার বানিয়ে খাবেন?এখানে মিলবে হামবার্গার বানানোর প্যাটি।(হামবুর্গ স্টাইল গ্রিলের কারণে এর নামে আছে ‘হ্যাম’ শব্দটি!) কিমাও পাওয়া যায়।  

স্টেক মিলবে বেশ কয়েক রকমের। টি-বোন, রিব আই ইত্যাদি।

এছাড়াও স্মোকড (ধোঁয়া দিয়ে তৈরি) মাংসেরও কয়েকটি পদ আছে এখানে। এই ধোঁয়া দিয়ে মাংস প্রক্রিয়াজাতকরণ কিন্তু বেশ সময় সাপেক্ষ বিষয়। সুতরাং দামটি কিন্তু ভালোই দিতে হবে।  

মুরগিতেও মিলবে বিভিন্ন ধরনের কাট। যেমন, উইংস, থাই, ব্রেস্ট, কিমা ইত্যাদি।

এই উপকরণগুলো বেশ স্বাস্থ্যসম্মতভাবেই বিক্রি করা হয় এখানে। সরবরাহকারীকে সারাক্ষণই দেখা গেল গ্লাভস হাতে কাজ করতে।

আগেই জেনেছেন এখন এই জার্মান বুচারের মালিকানায় আছেন জাপানিরা। আর তাই জাপানি খাবারের বিশেষ কিছু উপকরণও মিলছে এখানে। আর তাই জার্মান বুচারের সঙ্গে যোগ হয়েছে জে-মার্ট (জাপানি মার্ট) নামটিও, যদিও দুটি দোকানের ঠিকানা একই।শাবু শাবু জাপানি স্টেক আর গরুর জিহ্বার ডেলিকেসিও পাওয়া যায় এখানে। আছে জাপান থেকে আনা হরেক রকমের সস, নুডুলস ইত্যাদি।

আর জাপানিরা তো সিফুড খাওয়ার ওস্তাদ! আর তাই টুনা, স্কুইড (ফিলেই ও রিং), প্রন, লবস্টার, স্যামন-- সবই আছে এখানে।

আছে হরেক রকম চিজের সমাহার। ফেটা বা মোৎজারেল্লার পাশাপাশি পারমেজানো, চেডার, এডাম, এমেনটালও মিলবে এখানে। আরও মিলবে পাস্তা ও বিভিন্ন ধরনের সস।  

যারা ঢাকায় বসে বিদেশি চ্যানেলে দেখা কোনো কুকিং শোর সুস্বাদু খাবারকে মনে করেন ‘দিল্লি বাহুত দূর হ্যায়’ তাদের সম্ভবত কিছুটা সাহায্য করতে পারবে এই প্রতিষ্ঠানটি।

ফেইসবুক পেইজ: www.facebook.com/germanbutcherbd

ছবি: তানজিল আহমেদ জনি