২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুঘল কিচেন!

গুলশান ১ ডিসিসি মার্কেটের পাশেই এই ভারতীয় ঘরানার রেস্তোরাঁ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:42 PM

‘চোখে পড়ার মতো’ কারুকাজ করা দরজা খুলে ঢোকার পর পাওয়া যাবে ছিমছাম পরিবেশ, তাতে বাহুল্য কম সরলতাই যেন বেশি। টেবিল-চেয়ার দেখতে মোটেও মন্দ নয়। দুই-তিনটি চিত্রকর্ম যেমন দেয়ালে স্থান পেয়েছে তেমনি ভারতীয় রেস্তোরাঁ বলেই বোধ হয় আছে এক জোড়া হাতির ছবিও।

চাইলে রেস্তোরাঁর বাইরের অংশে, বাঁশ কিংবা পেঁপে গাছের সবুজের সংস্পর্শ নিয়েও খাবার উপভোগ করা যাবে।

ভেতরে ৫৫ আর বাইরের অংশে ২৫ জনের মতো বসার ব্যবস্থা আছে।

মেন্যুতে ভারতীয় ঘরানার খাবারের পাশাপাশি অন্য কুইজিনের অতন্ত্য জনপ্রিয় কিছু খাবারের নামও চোখে পড়ল।

কথার ফাঁকে অন্যতম কর্ণধার আশেক উল ইসলাম জানান, এখানকার একজন শেফ বেশ কয়েক বছর কাজ করেছেন বিলাতের রাজধানী লন্ডনের এক রেস্তোরাঁয়। অন্য এক শেফের আছে মধ্যপ্রাচ্যে পাঁচতারা হোটেলের অভিজ্ঞতা।

ওহ ভালো কথা মেন্যুতে উত্তর ভারতের খাবারের আধিক্য চোখে পড়ার মতো। সহজ ভাষায় বোধ হয় বলা যায় মাংসাধিক্য!

এই রেস্তোরাঁর দার উন্মুক্ত হয়েছিলো ২০১৩ সালের এপ্রিলে। শীতের মৌসুমে মাস চারেক রেস্তোরাঁর উপরের ছাদে খোলা আকাশের নীচে করা হয় বারবিকিউ। বসার ব্যবস্থাও করা হয় ওখানেই।

এই বছর কবে থেকে শুরু এই বারবিকিউ?

জানতে চাইলে আরেক কর্ণধার তৌহিদ আজিজ খান বলেন, "নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ আশা করছি শুরু হয়ে যাবে।"

সন্ধ্যার দিকে অর্ডার দেওয়া হলে বেশ ঝটপট টেবিলে এসে হাজির হল সবজির পাকোড়া। গরম-গরম ভালোই লাগলো এবং সম্ভবত পাকোড়ার ভেতরে থাকা পনিরের গন্ধ এর স্বাদকে একটু বাড়িয়েই দিল।

এর পরেই চলে এলো ভেজিটেবল ‘সরবা’। ইরান, তুরষ্ক ও মধ্য এশিয়ায় বেশ প্রচলিত এই খাবার। পাশ্চাত্যের ঢংয়ে বিচার করলে ‘সুপ’ বলাই যায়। কুচি কাটা গাজরের সঙ্গে ক্যাপসিকামের স্বাদ জিভে এক ধরনের মজার চিমটি কাটবেই! আর মালাইও ব্যবহৃত হয় এই সুপে।

চিকেন রেশমি কাবাব দেখেই মন ভালো হয়ে যেতে পারে। পোড়ানো হয়েছে এমনভাবে যাতে কয়লার গন্ধ কোনওভাবেই মুরগির মাংসের স্বাদকে ছাড়িয়ে না যায়। বেশ নরমও মুরগির মাংস।

কর্ণধার তৌহিদ আজিজ খান জানান, একটি বিশেষ পন্থায় মেরিনেশন করা হয় বলেই নাকি কাবাব হয় এতো নরম।

গার্লিক নান বেশ দেখতে। আর নাকে লেগে থাকা কিন্তু মৃদুমন্দ রসুনের গন্ধ নান খাওয়ার সময় বেশ লাগবে।

তান্দুরি চিকেন খেতে বেশ লাগবে! মেরিনেশনের কারণে রং বেশ লালচে, লোভনীয় বললে বোধ হয় অতুক্তি হবে না!

নিকট ভবিষ্যতে আফগানি ও পেশাওয়ারি খাবার মোগল কিচেনের মেন্যুতে স্থান পেতে যাচ্ছে বলে জানান দুই কর্ণধারই।

রেস্তোরাঁয় ঢোকার আগেই বাঁদিকে তাবুর নীচে খাবার ব্যবস্থাও রাখা আছে। ‘এক্সপ্রেস’ এই অংশে থাই, মেক্সিকান ও অনান্য খাবারের আনাগোনাই বেশি।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত গুলশান অঞ্চলের কোনও রেস্তোরাঁ বা শপিং মলে গাড়ি পার্ক করতে গিয়ে যেখানে ঘেমে-নেয়ে একাকার হতে হয়, সেখানে এই রেস্তোরাঁয় আছে ২৫টির মতো গাড়ি পার্ক করার ব্যবস্থা।

খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দুপুরের সেট মেন্যু হিসেবে ভ্যাটসহ ৩৫০ টাকাতে খাওয়া যাবে। বাছাই করা যাবে পাঁচরকম পছন্দ থেকে।