বাংলায় ঈদুল আজহা
ঢাকা শহর রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলে ধর্মীয় আচারঅনুষ্ঠানগুলো সেভাবে পালন করা হতো না। আর এই বাংলায় উদুল আজহা পালনের রীতি শুরু হয় মুসলামনদের আধিপত্য বিস্তারের পর।
আর এসব বিষয় নিয়েই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন তরুণ ইতিহাস গবেষক রিদওয়ান আক্রাম।
মুসলমানদের ঈদ দুইটা হলেও একটির আমেজ আর উদযাপনের ধরণ অন্যটি থেকে বেশ আলাদা। ঈদুল ফিতরের উৎসবের মূল আমেজটুকু কেন্দ্রীভূত থাকে পোশাক আর খাবারের মধ্যে। অন্যদিকে ঈদুল আজহায় নজর থাকে কোরবানির পশুর ওপর। স্বভাবই এখানে খানিকটা হলেও পাথর্ক্য থেকে যায়।
তবে ইসলাম ধর্মে আছে, কোরবানি দিতে অপরাগ ব্যক্তিদের মধ্যে কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার কথা।
মুসলমানরা সারাবিশ্বে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মুসলিম সংস্কৃতির অংশ হিসেবে ধর্মীয় বিষয়গুলো সেসব স্থানে বিস্তৃতি ও পরিচিতি লাভ করেছে। সেভাবে বলা যেতে পারে, ভারতবর্ষে মুসলমানি রীতিনীতি বিকাশ ঘটেছে আরবদের মাধ্যমে, যখন ৭১২ খ্রিষ্টাব্দে সেনাপতি মুহম্মদ বিন কাসিম অভিযান করেন রাজা দাহিরের বিরুদ্ধে, সেই থেকে শুরু।
যেভাবে ইসলামের বিস্তৃতি ঘটেছে ভারতবর্ষে তেমনি এর ধর্মীয় আচার-অনুষ্ঠানও। সেই ধারাবাহিকতার পথ ধরেই বাংলায় মুসলমানদের ব্যাপক প্রভাব প্রতিষ্ঠাতা পায় ১২০৫ খ্রিষ্টাব্দে। তবে পূর্ববঙ্গে অনেকটা সময় ধরেই মুসলমানদের আধিপত্য বিস্তার হয়নি। তবে অবস্থার পরিবর্তন হয়েছিল দিল্লির কর্তৃত্বের দুর্বলতায়। এ সময় বাংলা স্বাধীন সালতানাত যুগ (১৩৩৮-১৫৩৮ খ্রিষ্টাব্দ) হিসেবেই পরিচিত।
সেই সময়েও যে পূর্ববঙ্গ বাংলার সুলতানদের সার্বিক নজরের মধ্যে ছিল তা বলা যাবে না। কেননা শাসন কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু তখনো ছিল হজরত পান্ডুয়া, গৌড়, রাজমহলের মতো অঞ্চলগুলো। আমাদের এই নাতিদীর্ঘ আলোচনার কেন্দ্র যদিও এই বাংলা বা পূর্ববঙ্গের কোরবানি। তারপরেও এখানকার কোরবানির কথা বললেই চলে আসবে ঢাকার কথা। কেননা ঢাকা, রাজধানী হিসেবে গড়ে উঠার পর (১৬১০ খ্রিষ্টাব্দ) থেকেই এ অঞ্চলের ধর্মীয় বিষয়গুলো সেভাবে মেনে চলার ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টিপাত করা হয়। সেই সঙ্গে এটাও বলা যৌক্তিক হবে না, ধর্মীয় আচার-ব্যবহার, অনুশাসনগুলো পালন করার ধারাটা যতটুকু না শাসনযন্ত্রের সঙ্গে জড়িত নেতৃস্থানীয় ব্যক্তি ও উচ্চবিত্তরা পালন করতেন ঠিক ততটুকুই, স্থানীয় মুসলমানরা (বিশেষ করে সাধারণ মুসলমানরা) অংশগ্রহণহীনই থেকে যেতেন।
এখানে সামর্থ্যের সঙ্গে অজ্ঞতারও খানিকটা যোগসূত্র থাকত বৈকি! শাসনকেন্দ্র থেকে এতটা দূরে থেকেও মোগলরা উৎসবের কমতি বা উৎসব আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করার একেবারে পক্ষপাতী ছিলেন না। বিভিন্ন উৎসবে সুযোগ পেলেই মোগলারা প্রচুর পরিমাণে পানীয় (মদ) পান করতেন। যদিও পরে তা ঢাকার সুবাদার ইসলাম খান বন্ধ করে দেন। ঈদের চাঁদ দেখা গেলেই মোগল রীতি অনুযায়ী কামান, গুলি ও আঁতশবাজি ফোটানো হতো। ঈদুল আজহার দিনটি কীভাবে পালিত হতো তার খানকিটা বর্ণনা পাওয়া যায় কর্মসূত্রে ঢাকায় অবস্থানকারী তৎকালীন মোগল সেনাপতি মির্জা নাথনের স্মৃতিকথা ‘বাহারিস্থান-ই-গায়বি’-তে।
'ঈদের নামাজ, খতিবের খুতবাহ পাঠ শেষ হলে; লোকেরা (ধনী মোগলরা আরকি) তাঁকে (খতিবকে) সম্মান করে পোশাক-পরিচ্ছদ ও অর্থ-কড়ি উপহার দিত। টাকা-পয়সা বিলিয়ে দেওয়া হতো শহরের গরীব-দুঃখীদের মধ্যে। অভাবগ্রস্ত লোকেরা সেই অর্থ দিয়ে নিজেদের দুঃখ-দুর্দশা লাঘব করতে পারত। পরস্পরের প্রতি সম্ভাষণে মুখরিত হয়ে উঠত আকাশ-বাতাস। এই দিনে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও রাজকর্মচারীরা একে অন্যের কাছে বেড়াতে এসে ঈদের শুভেচ্ছা জানাতো। কোনো কোনো সেনাপতি আনন্দ উৎসবের এই দিনে বন্ধু-বান্ধবদের আপ্যায়নের জন্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনও করতেন। সেখানে আয়োজন থাকতো বিরাট ভোজের (অবশ্যই তা কোরবানির পর)। এ ভোজানুষ্ঠানে উপস্থিত সুরেলা কণ্ঠের গায়ক-গায়িকা, মোহনীয় নর্তকী এবং নম্র স্বভাবের গল্প-কথকদের বেশ আপ্যায়ন করা হতো। উৎসব চলত দুই-তিন দিনব্যাপী। শিল্প-কারখানার শ্রমিকরাও এ আনন্দোৎসবে থেকে বাদ পড়ত না। তাদের উপহার সামগ্রী দিয়ে তুষ্ঠ করা হতো।'
এর পরবর্তী সময়ে ঢাকায় কোরবানি ঈদের তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে অনেকের ধারণা, শাসকশ্রেনী মুসলমান হওয়ায় ঢাকায় কোরবানি হতো। ক্ষমতার পালাবদলে সেই অবস্থার পরিবর্তনও হয়েছিল। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে যাওয়ায় পতন শুরু হয় ঢাকার। ফলে ঢাকার সীমানা ও জনসংখ্যাও সঙ্কুচিত হয়ে যায়।
উনিশশতকের প্রথম দিকে ঢাকার জনসংখ্যা তিন লাখে গিয়ে দাঁড়ায়। এসময় ঈদের (সম্ভবত রোজার ঈদের পাশাপাশি কোরবানির ঈদেও) মিছিল বের হতো ঢাকার নায়েব নাজিমদের পৃষ্ঠপোষকতায়। ১৮৪৩ খ্রিষ্টাব্দের পর এ ধারাটিও বন্ধ হয়ে যায়। আগেই বলা হয়েছে, সেই সময় স্থানীয় মুসলমানদের ধর্মকর্ম পালনটা সেভাবে বলতে গেলে ব্যাপক ছিল না।
১৮৮৫ খ্রিষ্টাব্দের দিকে ঢাকার সিভিল সার্জন জেমস ওয়াইজ যেমনটা লিখেছিলেন, "কোরবানি ঈদের সময় লক্ষ্যা নদীর তীরে স্থানীয় গ্রামবাসী মিলিত হয়েছিলেন নামাজ পড়ার জন্য। কিন্তু সেটা কীভাবে করবেন তা তারা বুঝে উঠতে পারছিলেন না। আসলে ধর্মীয় আনুষ্ঠানিকতা সর্ম্পকে তাদের অজ্ঞতাই এর জন্য দায়ী। অবশেষে নদীতে নৌকায় করে ঢাকার এক যুবক যাচ্ছিল; তাকে দিয়ে ঈদের জামাত পড়ানো হলো।"
ওয়াইজ সাহেবের এই কথার মধ্যে দিয়ে দুটো জিনিস স্পষ্ট হয়। এক, ঢাকার বাইরে অর্থ্যাৎ পূর্ববঙ্গের বাইরের অঞ্চলের মুসলমানদের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে অনুসরণ না করার একটা প্রবণতা ছিল, পাশাপাশি আরো ছিল ইসলাম ধর্মে লোকজ উপাদান প্রবেশ।
দুই, ঢাকার মুসলমানদের মধ্যে ধর্মীয় কর্মকাণ্ড বেশ করে পালন করার একটা চর্চা ছিল। সে কারণে আমরা দেখতে পাই ঢাকার সেই যুবকটিকে দিয়ে ঈদের জামাত পড়ানো হয়েছিল।
ঢাকার বাইরে কোরবানির ঈদ পালন করাটা বেশ কষ্টকর ছিল সেসময়ের মুসলমানদের জন্য। কেননা স্থানীয় হিন্দু জমিদাররা তাঁদের মুসলমান প্রজাদের কোরবানি দিতে বাধা দিতেন।
সুধাকর পত্রিকা (৭ ফেব্রুয়ারি, ১৮৯০) সেরকমটাই জানাচ্ছে; ‘বকরি ঈদেও উর্ধ্বতন হিন্দু কর্মচারী এবং জমিদারদের আমলারা বগুড়ার নারহাট্টার মুসলমানদের কোরবানি দিতে দেয়নি। মুসলমানদের উচিত এ ব্যাপারে লে.গভর্নরের কাছে স্মারকলিপি পেশ করা।’
মুসলমানদের কোরবানি করতে না দেওয়ার ফলে দুই সম্প্রদায়ের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। ইংরেজ সরকার তা দেখেও না দেখার ভান করত। কেননা হিন্দু-মুসলমানদের এই দ্বন্দ্ব তাদের শাসনকার্যের সুবিধার্থে একান্ত প্রয়োজন ছিল। ফরায়েজি আন্দোলন এবং মুসলমানদের বিভিন্ন ধর্মীয় সচেতনতামূলক প্রচারণায় মুসলমানদের ধর্মীয় অত্যাবশ্যকীয় অনুশাসন বা ফরজ কাজ সর্ম্পকে আরো সচেতন হয়ে ওঠে। ফলে হিন্দু-মুসলমান দ্বন্দ্বও বৃদ্ধি পাচ্ছিল দিনকে দিন।
তবে ঢাকা এসব তর্ক-বিতর্কের বাইরেই ছিল বলা যায়। সম্ভবত ঢাকায় মুসলমান অধিবাসীদের সংখ্যাধিক্য এবং ক্ষমতাশীল মুসলমান নবাবদের জন্য সেটা সম্ভব হয়েছিল।
সে কথাই উল্লেখ করে পত্রিকা ‘সারস্বতপত্র’ লিখেছে, ‘এটা সত্যিই যে, ঢাকার সমাজের অনেক ত্রুটি ও দুর্নাম আছে। কিন্তু এখন যখন দেশে গরু কোরবানি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, সে সময় ঢাকা এসব থেকে মুক্ত। ঢাকার হিন্দু-মুসলমানদের মধ্যে নিখুঁত ভালো সর্ম্পকই বিদ্যমান ছিল। উভয়ে উভয়ের ধর্মীয় উৎসবাদিতে যোগ দেয় এবং কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না।’ (৩০.৩.১৮৯০)
ঢাকায় হিন্দু-মুসলমানদের সাম্য অবস্থা বিরাজ করলেও ঢাকার বাইরের অঞ্চলগুলোসহ গোটা ভারতবর্ষেই গো-হত্যার বিরুদ্ধে জোট বা সমিতি গড়ে উঠেছিল। এগুলো ‘গো-হত্যা রিবারণী সভা’, ‘গো-রক্ষিণী সভা’ নামে পরিচিত ছিল।
দুই সম্প্রদায়ের মধ্যকার উত্তেজনাময় সময় মধ্যপন্থাবলম্বী যে একেবারেই ছিল না তা নয়। কখনও কখনও সংবাদপত্রই সেই দায়িত্ব পালন করতো।
যেমনটা ‘ঢাকা প্রকাশ’ করেছিল, ‘কোনো মুসলামান সহযোগী বলেন, ভন্ড হিন্দুরাই এই হাঙ্গামার নেতা। আমরা বলি, বস্তুত তা নয়। যুগবেশে এখন সমস্ত জাতিরই ধর্ম্ম কার্য্যে ভন্ডামি প্রবেশ করিয়াছে। যাহা শাস্ত্রের কথা, তাহা যথাযথ প্রতিপালিত হয়না, হয় তাহার ভেল্কি। পূজার সময় নৈবেদ্য আসে, ঢাকঢোল বাজে মন্ত্র পড়ে; কিন্তু ভক্তি-শ্রদ্ধার সঙ্গে অনেক হিন্দুরই দেখা হয় না। মুসলমানদিগের মধ্যেও যে সেই প্রলয় প্রবেশ করে নাই; এত কথার পর বোধকরি কোনো মুসলমান তাহা বলিতে পারিবেন না।... মুসলমানের বকরি ঈদে কোরবানি (কিন্তু গরু কিনিয়া কোরবানি করিবার বিধি না) অবশ্য কর্তব্য। এখন উভয়েই ধর্ম্মের আদেশ উভয়কে অনুপ্রাণিত করিতেছে, যদি আপস চাহেন, তবে উভয়েরই কিছু কিছু আবদার ছাড়িয়া দিতে হইবে।’ ১৬ আশ্বিন ১৩০০; ১ অক্টোবর ১৮৯৩
গরুর কোরবানির বিষয়টি হিন্দু-মুসলমানদের কাছে এক ধরনের জাতি ভিত্তিক গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাহলে দেখা যাচ্ছে, পরবর্তী সময়ে ‘গরু কোরবানি’ ইস্যু হিসেবে স্থিমিত হয়ে পড়লে এই সম্প্রদায় অন্য বিষয়গুলো (যেমন নামাজের সময় মসজিদের সামনে কীর্তন করে যাওয়া, দুর্গাপূজার সময় বাধা দেওয়া প্রভৃতি) নতুন করে সামনে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। যদিও এ বিষয়গুলো কোনোটিই নতুন কিছু ছিল না। এসবের মধ্যে দিয়েই হিন্দু-মুসলমান প্রায় হাজার ধরে একে অপরের প্রতিবেশি হিসেবে বাস করেছে।
এ ব্যাপারে ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন যথাযথই বলেছেন, ‘গরু কোরবানির ব্যাপারটা দুই সম্প্রদায়ের ধর্মীয় জিদে পরিণত হয়েছিল। তার ওপর ওই সময় দুই সম্প্রদায়ের ধর্মীয় পুনরুত্থান জুগিয়েছিল এতে ইন্ধন। গত শতকের শেষদিকে বিষয়টি জড়িয়ে গিয়েছিল রাজনীতির সঙ্গে।’
মুনতাসীর মামুনের এই উক্তির সত্যতা পাই ‘সারস্বতপত্র’-এর ১৮৯০ সালের ৩০ মার্চের সংখ্যায়, ‘হিন্দু-মুসলমান শক্রতা বাড়ছে। আগে প্রয়োজন না হলে মুসলমানরা গো-হত্যা করত না। আর হিন্দু তা সহ্য করত। কিন্তু দু’পক্ষই এখন অসহিষ্ণু হয়ে উঠেছে। মনে হতে পারে, গো-হত্যাই এদের শত্রুতার মূল কারণ। কিন্তু মূল কারণ, দু’পক্ষেরই ধর্মীয় শত্রুতার পুর্নজারণ। কিন্তু এই জাগরণের জন্য দায়ী কারা? কংগ্রেসকে ঘৃণা করে এমন কিছু অ্যাংলো ইন্ডিয়ান এবং কিছু কর্মকর্তা।’
এসব তর্ক-বির্তক, নানা উদ্যোগের মধ্যদিয়েও ১৯৪৭ সালের আগমুহূর্ত পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশে হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে কোরবানি বা গো-হত্যা করতে দিত না। জমিদারদের অত্যাচার আর ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে অনেকেই ‘বকরি’ কোরবানি দিতো। আর এভাবেই হয়তো ‘ঈদুল আজহা’ স্থানীয়ভাবে ‘বকরির ঈদ’-এ পরিণত হয়েছিল।
১৯৪৭-এ ঢাকা পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হওয়ায় এটির জাঁক যত বেড়েছে, কোরবানির মাত্রাও হয়তো ততটাই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নব্য ধনীরা কোরবানিকে ব্যবহার করেছে নিজেদের বিত্ত-বৈভব আর ক্ষমতার বহিঃপ্রকাশের একটি মাধ্যম হিসেবে। সর্বশ্রেষ্ঠ ত্যাগের যে প্রতীকী মহৎ উদ্দেশ্য নিয়ে কোরবানি মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, সেই উদ্দেশ্য দূরে সরে গিয়ে লোক দেখানো উৎসবে পরিণত হয়েছে। এই লোক দেখানোর পরিহার করে নিজেদের ভেতরের পশুকে কোরবানি দেওয়ার চেষ্টা করাই আমাদের উচিত। তাহলে সেটাই হবে সমাজ ও দেশের জন্য মঙ্গলময়।
লেখকের প্রকাশিত বই: ঢাকার ঐতিহাসিক নিদর্শন, ঢাকার কোচোয়ানরা কোথায়, ড’য়লির ঢাকা, ঘটনা সত্যি, ঢাকাই খাবার, ঢাকা কোষ (যৌথ), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত।
