২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ফিজিওথেরাপি দিবস

‘ফিট টু টেক পার্ট’ স্লোগান নিয়ে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৪।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ফিজিওথেরাপির ইতিহাস, চিকিৎসা বিজ্ঞানের এই শাখাটির উত্থান, প্রভাব, কার্যকারীতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস)-এর ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার (ডিপিআরসি) চেয়ারম্যান ডা. মো. সফিউল্যাহ প্রধান।

ফিজিওথেরাপি একটি ইংরেজী শব্দ। এখানে ফিজিও অর্থ শারীরিক আর থেরাপি অর্থ চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ ফিজিওথেরাপি অর্থ হচ্ছে বিশেষ ধরনের শারীরীক চিকিৎসা পদ্ধতি। ১৯১৩ সালে নিউ জিল্যান্ডের একদল স্বাস্থ্যকর্মী প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা শুরু করের।

যুক্তরাষ্ট্রে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা শুরু ১৯১৪ সালে। এরপর শুরু হয় ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গবেষণা।

১৯২১ সালে ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসোসিয়েশন গঠন করে পঙ্গুদের পুনবার্সনের জন্য চিকিৎসা বিজ্ঞানের আধুনিক শাখার নাম ‘ফিজিওথেরাপি’-বলে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক মেরি এমসি মিলান।

জিওরজিয়া ওয়ার্ম স্প্রিং ফাউন্ডেশন পোলিও রোগ নিয়ে কাজ শুরু করে ১৯২৪ সালে। এক পর্যায়ে ফাউন্ডেশনটির অন্যতম কর্মী সিস্টার কিননি পোলিও চিকিৎসায় ফিজিওথেরাপি অন্তর্ভুক্ত করেন। এরপর ফিজিওথেরাপি হয়ে উঠে পোলিও রোগীর পুনবার্সন ও চিকিৎসার প্রধান চিকিৎসা পদ্ধতি।

১৯৫০ সালের মধ্যে পঙ্গুত্ব, বাতব্যথা, ও প্যারালাইসিস চিকিৎসায় ফিজিওথেরাপি উন্নত বিশ্বের বিভিন্ন হাসপাতালে নিউরোলজি, অর্থোপেডিকস ডিপার্টমেন্টের পাশাপাশি স্থান করে নেয়।

একটু একটু করে সাফল্য অর্জনের মাধ্যমে ফিজিওথেরাপি বাতব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরিসহ পঙ্গুদের পুনবার্সনে চিকিৎসা বিজ্ঞানে অন্যতম শাখা হিসেবে স্থান করে নিয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এখন বাতব্যথ, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফিজিওথেরাপি।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে বাতব্যথা চিকিৎসায় ব্যবহৃত ওষধগুলোর মধ্যে কয়েকটি ভিটামিন ছাড়া যে সব ব্যথার ওষুধ ব্যবহার করা হয় তার পার্শ্বপ্রতিক্রিয়ায় পেপটিক আলসারসহ কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে এসব ওষুধ দীর্ঘদিন খাওয়া যায় না। ফলে বাতব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় পার্শ্বপ্রতিত্রিয়ামুক্ত উন্নত চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয় ফিজিওথেরাপি।

১৯৫১ সালে থেকে প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।

২০১৩ সালের বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো শুধু অসংক্রামক রোগের উপর জাতিসংঘের সামিট অনুষ্ঠিত হয়। সামিটে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে অসংক্রামক রোগের বিশেষ করে হৃদরোগ, বক্ষব্যধি, ডায়াবেটিকস, এবং ক্যানসারের আশাংকাজনক বৃদ্ধি বিশ্ব স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর সাড়ে ৩ কোটি মানুষের মৃত্যু হয় শুধু মাত্র অসংক্রামক রোগের কারনে যা বিশ্বের মোট মৃত্যুর ৬০ শতাংশ।

ওই প্রতিবেদন অনুযায়ী ফিজিওথেরাপির মাধ্যমে অসংক্রামক রোগজনীত অক্ষমতা ও মৃত্যুর হার কমানো সম্ভব।

ফিজিওথেরাপিস্টারা একাধারে হিউম্যান মুভমেন্ট এবং ফিজিক্যাল অ্যাকটিভিটি, প্রমটিং হেলথ, ফিটনেস এবং বিশেষজ্ঞ। ফলে অক্ষমতা থেকে সক্ষমতায় আনতে ও মৃত্যুর হার কমাতে বড় ভূমিকা রাখতে পারেন তারা।

সরকার অনুমোদিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হতে ৫ বছর মেয়াদী প্রফেসনাল ফিজিওথেরাপি ডিগ্রী নিয়ে থাকেন দেশের ফিজিওথেরাপিস্টরা। এই প্রোগ্রামে মেডিকেল, বায়োলজিকাল এবং বিহেভিয়েরাল সাইন্সের শক্ত ভিত্তিতে তৈরি।

৫ বছরে এনাটোমি, ফিজিওলজি, ফার্মকোলজি, বায়োমেকানিক্স, এক্সারসাইজ মেডিসিন থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, সাইকোলজি অ্যান্ড সাইক্রিয়াটিক, সোসাল মেডিসিন, ইলেক্ট্রো থেরাপি, বিভিন্ন মেডিকেল ও সার্জিকাল কন্ডিশন, স্পোর্টস নিউরো, অর্থোপেডিক, কার্ডিওরেসপিরেটরী, রিউমাটোলজি, গাইনি ও অবস, কমিউনিটি ফিজিওথেরাপি বিষয়ে প্রায় ৫ হাজার ঘন্টার তাত্ত্বিক, ব্যবহারিক ও ক্লিনিকাল শিক্ষা পান তারা।

ছাত্র-ছাত্রীরা মানুষের মুভমেন্ট সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে রোগ নির্ণয়ের পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, ওয়ার্ল্ড কনফেডারেশন অব ফিজিক্যাল থেরাপি এবং বাংলাদেশ সরকারের ১৯৮৫ গ্যাজেট নোটিফিকেশন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সাময়িক বিধিমালা অনুযায়ী যিনি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষায় স্নাতক ডিগ্রী অর্জন করেছেন, তিনিই ফিজিওথেরাপিস্ট।

আর যিনি সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি (ফিজিওথেরাপি) কোর্স সম্পন্ন করেছেন, তিনি ফিজিওথেরাপি টেকনিশিয়ান বা অ্যাসিসটেন্ট। ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করতে পারবেন তিনি।

ফিজিওথেরাপি নেওয়ার আগে যিনি ফিজিওথেরাপি দিচ্ছেন তিনি সরকার অনুমোদিত ফিজিও রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য কিনা এবং এই সংক্রান্ত সার্টিফিকেট আছে কিনা কিংবা তিনি যে ফিজিওথেরাপি দিচ্ছেন তা বিজ্ঞানসম্মত কিনা সেটা নিশ্চিত হওয়া খুবই প্রয়োজনীয়।

একজন প্রশিক্ষিত ফিজিওই পারেন এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা দিতে, অন্য কেউ নয়।

সময়মত এভিডেন্স বেইজড ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন, সচল ও কর্মক্ষম জীবন যাপন করুন।