সখি যাতনা কাহারে বলে
কবিগুরু রবীন্দ্রনাথের একাকীত্ব ও মানসিক বিষাদের সঙ্গে দীর্ঘ দিনের লড়াই এই সময়ে যারা একই ধরনের সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করতে পারে। এমনই বলছেন ভারতের অন্যতম শীর্ষ মনস্তত্ত্ববিদ হিরণ্ময় সাহা।
কবিগুরু ছোটবেলায় মায়ের ও পরিবারের সদস্যদের মৃত্যু দেখেছেন। পরে নিজের ৫ সন্তানের ২ জনের মারা যাওয়াও দেখেছেন। চারপাশের এই মৃত্যুর ঘটনাগুলো রবীন্দ্রনাথের মনস্তত্ত্বে বড় ধরনের প্রভাব ফেলেছিল।
এমনকি ১৯১৩ সালে তার নোবেল পুরষ্কার জেতার পর সমালোচনাও তার উপর প্রভাব ফেলেছিল।
সাহা আরও বলেন, "কবিগুরু সহচর খোঁজার চেষ্টা করতে গিয়েও বিষাদগ্রস্ততায় পড়েছিলেন।"
তবে রবীন্দ্রনাথ তার নিজের মানসিক অবস্থা বুঝতে পেরেছিলেন বা মেনে নিয়েছিলেন, জানান সাহা, যিনি কবির মানসিক বিষাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে একটি বই লিখেছেন।
‘অসীম মানসলোকে একাকী কবি’ নামের বইটি কলকাতায় গত শনিবার বাজারে এসেছে। এই বইয়ে বিশেষ করে স্থান পেয়েছে কবি কীভাবে এই মানসিক বিষাদগ্রস্ততায় ডুবে না গিয়ে তা মোকাবেলা করে চমৎকার সব সাহিত্যকর্ম রচনা করেছেন। গান ও আঁকাআঁকিও করেছেন আমৃত্যু।
সাহা বইটির মোড়ক উন্মোচনের সময় বলেন, "রবীন্দ্রনাথের বিষাদগ্রস্ততার বিরুদ্ধে লড়াই আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। যারা এই সমস্যায় আছেন তাদের এটা স্বীকার করে এটি মোকাবেলা করা উচিত। বন্ধু বা আত্মীয় স্বজনদের বলা উচিত এই সমস্যাটি, চাওয়া উচিত তাদের সাহায্য।
সাহা তার বইয়ে তুলে এনেছেন বালক বয়সে স্কুলে যেতে কবির অযৌক্তিক ভীতি। আর নিজের ছেলে রথীন্দ্রনাথের কাছে ১৯১৪ সালের লেখা চিঠি যাতে কবি আত্মহত্যার কথা ভেবেছেন, বলে জানান।
কবি বেশ কয়েকবার মানসিক বিষাদের কারণে মরে যাওয়ার কথা ভেবেছেন। তবে কবি এই বিষয়টি মোকাবেলা করার চিন্তা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন নিজের মাঝেই আছে নিরাময়, এই শিক্ষাই আমরা নিতে পারি কবির কাছ থেকে।
সাহা আরও যোগ করেন, “বউদি কাদম্বরীর সঙ্গে সম্পর্ক ও ১৮৮৪ সালে মৃণালিনী দেবীকে বিয়ে করার কয়েক মাস পরেই কাদম্বরীর আত্মহত্যা কবির উপর বড় রকমের প্রভাব ফেলে।”
“স্ত্রী মৃণালিনীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিছুটা অদ্ভুত ধরনের। আর বলা হয়ে থাকে কবির জীবনে মৃণালিনীর জন্য খুব বড় জায়গা হয়নি কখনও। তাছাড়া কবির সহচার্য ছিল লেডি রানু মুখার্জি এবং আর্জেন্টিনার লেখক ও নারীবাদী ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে।”
হিরণ্ময় সাহা কবির সঙ্গে প্রখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডের দেখা হওয়ার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন তার বইয়ে। অস্ট্রিয়ার ভিয়েনাতে দুজনের দেখা হয়েছিল ১৯২৫ সালে।
কবিগুরু আবার ফ্রয়েডের সমালোচক ছিলেন, বলতেন ‘ফ্রয়েড যা বলছেন শুনতে হবে কেন? আর দুজনের দেখাতেও নাকি খুব একটা আনন্দময় কিছু ছিল না।
সাহার লেখা বইটি অক্টোবরে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইংরেজিতে প্রকাশিত হবে।
ছবি: আইএএনএস।
