শ্যামল বরন
'তোমার বাবা ছিল ইঞ্জিন ড্রাইভার, আমার বনেদি ব্যবসা। বংশের ইজ্জত রাখতে হলে, বউ হতে হবে ফর্সা, বাঙালির ছেলে তাই গলায় গামছা দিয়ে ফেললাম করে বিয়ে, ছোট্টবেলার প্রেম আমার কালো মেম, কোথায় গেলো হারিয়ে।'
কলকাতার শিল্পী অঞ্জন দত্তের এই গানেই উঠে এসেছে সামাজিক প্রেক্ষাপটে কালো মেয়েদের অবস্থান। যদিও যুগের পরিবর্তনে মানুষের দৃষ্টি ভঙ্গিতে কিছুটা পরিবর্তন এসেছে। তবে ঘরের বউ পছন্দের ক্ষেত্রে এখনও বেশ প্রাধান্য পায় মেয়ের গায়ের রং।
আমাদের সমাজে বরাবরই অবহেলার শিকার হয়ে থাকেন শ্যামলা বরন মেয়েরা। এমনকি দীর্ঘ দিন ধরে রং ফর্সাকারার ক্রিম এবং অন্যান্য প্রসাধনীর বিজ্ঞাপনের বদৌলতে চাপা রংয়ের মেয়েদের মধ্যে একটি বদ্ধমূল ধারণার শিকড় গেঁথে দেওয়া হয়েছে যে, জীবনে বড় হতে হলে বা নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে ফর্সা হতেই হবে।
এমনকি রং ফর্সা করা ক্রিমের প্রচারণার জন্য বিজ্ঞাপনে দেখানো হয়েছে, কালো মেয়ে যখনই ক্রিম ব্যবহার করল, তার গায়ের রং ফর্সা হল আর তাই সে সহজেই চাকরির জন্য নির্বাচিত হয়ে গেল।
প্রসাধনী সামগ্রীর এমন বিজ্ঞাপনের উদাহরণ রয়েছে ভূরি ভূরি।
এই আগ্রাসন শুধু যে মেয়েদের উপর তা নয়, সম্প্রতি কালো ছেলেদের ফর্সা করার প্রসাধনী নিয়ে নানান রকম চটকদার বিজ্ঞাপন তৈরি হচ্ছে।
এসব দিক বিবেচনা করেই ভারতের চেন্নাইয়ের কাভিতা এমানুয়েল ‘উইমেন অফ ওয়র্থ’ এর প্রতিষ্ঠাতা পরিচালক ২০০৯ সালে ‘ডার্ক ইজ বিউটিফুল’ নামে প্রচারণা শুরু করেন।
‘ডার্ক ইজ বিউটিফুল’ প্রচারণার পোস্টার।
সম্প্রতি ভারতের অভিনেতা শাহরুখ খানকে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন না করার জন্য আবেদন করেছেন কাভিতা।
তার এই প্রচারণায় গতি বাড়াতে এগিয়ে আসেন ভারতীয় নন্দিত অভিনেত্রী নন্দিতা দাশ।
ইউটিউবসহ বিভিন্ন সাক্ষাৎকারে এই ভারতীয় অভিনেত্রী মন্তব্য করেন “গায়ের রং দিয়ে বিচার করা উচিত নয়। কাজ দিয়েই মানুষের পরিচয়। তাই আমি অনুরোধ করব কোনও প্রতিবেদন লেখার সময় ‘ফেয়ার কারিনা’ ‘ফেয়ার ঐশ্বরিয়া’ বা ‘ফেয়ার প্রিয়াংকা’ যেন না লেখা হয়।”
তিনি আরও মন্তব্য করেন, “আমার বেশিরভাগ কাজই চরিত্র নির্ভর। বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মেয়ে হিসেবে অভিনয় করতে হয়েছে। এমন একটাভাব যেন উচ্চবিত্তরাই ফর্সা হয়, নিম্নবিত্তরা কালো। আসলে এটা এক ধরনের মাইন্ড সেটআপ। এর থেকে আমাদের বের হয়ে আসা উচিত।”
নিয়মের মধ্যে থেকে নিয়ম ভাঙার কাজগুলো প্রাচীনকাল থেকেই চলে আসছে। তাইতো রবীন্দ্রনাথ কালোর প্রশংসা করতে গিয়ে লিখেছেন, 'কৃ্ষ্ণকলি আমি তারেই বলি' অথবা বাংলা সিনেমায় খান আতাউর রহমান গেয়ে উঠেছেন, 'শ্যামল বরন মেয়েটি, ডাগর কালো আঁখিটি'।
‘ডার্ক ইজ বিউটিফুল’ প্রচারণার পোস্টার।
মনোবিজ্ঞানী ফরিদা আক্তার বলেন, “প্রচলিত বিজ্ঞাপনগুলো এমনভাবে দেখান হয় যে, আমাদের মধ্যে কোনও না কোনও কমতি আছে আর সেই কমতি পূরণের জন্য তাদের পণ্য ব্যবহার করতে হবে।”
তিনি আরও বলেন, “ওদের মূল উদ্দেশ্য পণ্য বিক্রি করা, অর্থাৎ টাকা আয় করা। এই মূল বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে আর এই ধরনের বিজ্ঞাপন তেমন কোনও প্রভাব ফেলবে না। আর কোনও ধরনের হীনম্মন্যতাও কাজ করবে না।”
এ বিষয় নিয়ে কথা হয় অভিনেত্রী ত্রপা মজুমদারের সঙ্গে। তিনি বলেন, “আমাদের সমাজে ফর্সা মেয়ের কদর বেশি। তবে এ ধরনের চিন্তা এখন অনেকটাই পাল্টে গেছে।”
“বাহ্যিক সৌন্দর্য বা গায়ের রং কখনও আমার জন্য মূখ্য নয়। একজনের প্রতিভা, তার ব্যক্তিত্ব এবং তার রুচিই একজন মানুষকে সকলের থেকে আলাদা করে তোলে। একজন মেয়ের গায়ের রং কালো হলেও সে যদি রুচিসম্মত পোশাক পরে, বা নিজের সঙ্গে মানানসই সাজে তাহলে তাকে দেখতে অবশ্যই সুন্দর লাগবে। নিজেকে উপস্থাপন করাটাই আসল বিষয়। গায়ের রং কখনও গুরুত্বপূর্ণ নয়”, বললেন ত্রপা।
মানুষের নিজের সম্পর্কে ধারনা তৈরি হয় দুইভাবে। মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্রোজেকশন এবং রিফ্লেকশন, জানালেন ডা. ফরিদা আক্তার।
ডা. ফরিদা এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "সমাজ, আশপাশের মানুষ এবং পরিবার— একজন মানুষ সম্পর্কে কী বলছে তা থেকে নিজের সম্পর্কে যে ধারণা তৈরি হচ্ছে তাই হল প্রজেকশন। অন্যদিকে সমাজ এবং অন্যদের কথা নিজের মতো করে বিশ্বাস করে নিজের সম্পর্কে যে ধারণা তৈরি হয় তাই হল রিফ্লেকশন।"
আমাদের সমাজের দীর্ঘদিনের যে রীতি চলে আসছে তাতে কোনো মেয়ের গায়ের রং একটু শ্যামলা হলেই সমাজ তার দিকে বাঁকা চোখে তাকাবে। মা-বাবাও তার মেয়ের অন্যান্য গুণাগুণের দিকে নজর না দিয়ে প্রথমেই তার গায়ের রং ফর্সা করার চেষ্টা করেন। আর এটির গুরুতর প্রভাব পড়ে মেয়েটির উপর।
নিজের সম্পর্কে হীনম্মন্যতা নিয়েই সে বড় হয়। আর এই কারণে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়।
ডা. ফরিদা বলেন, “মা-বাবার কখনও মেয়ের গায়ের রং নিয়ে চিন্তা করা উচিত নয়। সন্তানকে এমনভাবে বড় করা উচিত যেন গায়ের রং তার কাছে তেমন মূখ্য কোনও বিষয় না হয়।”
ডা. ফরিদার পরামর্শ হচ্ছে, “প্রতিটি মানুষেরই ভালো কিছু দিক থাকে। আর মানুষের উচিত তার প্রতিভা সঠিকভাবে তুলে ধরা। যে সব মেয়ের গায়ের রং একটু কালো তারা চেহারা নিয়ে বরাবরই একটু চিন্তায় থাকেন। তবে তাদের এবং তার মা-বাবার উচিত তার অন্যান্য প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করা।"
ফরিদা আক্তার জানান, চেহারা বা গায়ের রং অনেকক্ষেত্রে মূ্খ্য বিষয় হতে পারে। তবে কেউ যদি আত্মবিশ্বাসের সঙ্গে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে তাহলে সে নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করতে পারবে।
আমাদের দেশের টিভি ও মঞ্চের পরিচিত একজন অভিনেত্রী তমালিকা কর্মকার।
‘ডার্ক ইজ বিউটিফুল’ প্রচারণার পোস্টার।
তিনি আরও বলেন, “চেহারা মূখ্য বিষয় নয়, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করাটাই প্রধান বিষয়। মেইকআপ, ক্রিম বা অন্য যে কোনো প্রসাধনী আমাদের বাহ্যিকভাবে সাময়িক সময়ের জন্য সুন্দর করে তোলে। তাই ফর্সা হওয়ার চেষ্টা না করে নিজের প্রতিভা এবং মনের সৌন্দর্য নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত।”
মনোবিজ্ঞানী ফরিদা আক্তার বলেন, “একজন মানুষ ফর্সা কি শ্যামলা এটি নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে ভাবা উচিত। একজন মানুষের উচিত নিজেকে ভালোবাসা। মানুষ যখন নিজেকে ভালোবাসে তখন তার কাছে অন্যদের নেতিবাচক কথা তেমন কোনও প্রভাব ফেলতে পারবে না।”
নিজেকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাই হল মূল কথা। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সুন্দরভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করা হলে যে কোনও মানুষকে দেখতে সুন্দর লাগবে।
শ্যামলা মেয়েদের সাজসজ্জা নিয়ে কথা বলেন ‘রেড’ বিউটি পার্লারের কর্ণধার আফরোজা পারভিন। গায়ের রং যেমনই হোক ত্বকের যত্ন নিতে হয় ত্বকের ধরণ বুঝে। কারণ সুন্দর ত্বকই হল সৌন্দর্যের মূল চাবিকাঠি।
আফরোজা পারভিন বলেন, “গায়ের রং একটু শ্যামলা হলে ত্বকের রংয়ের চেয়ে এক শেইড গাঢ় মেইকআপ বেইস ব্যবহার করা উচিত। এতে মূল গায়ের রং ধরে রাখা যাবে এবং দেখতেও খারাপ দেখাবে না।”
“মভ, মেরুন এবং বাদামির বিভিন্ন শেইডের লিপস্টিক শ্যামলা মেয়েদের বেশি মানায়। তাছাড়া লাল রংয়ের লিপস্টিক সবাইকেই মানায়। তাই ত্বকের সঙ্গে মানানসই লালের যে কোনও শেইড আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করলে দেখতে দারুণ লাগবে। আর আইশ্যাডোর ক্ষেত্রে বাদামি, কপার বা সোনালি ইত্যাদি শেইড চোখের ধরণ বুঝে ব্যবহার করলে দেখতে ভালো লাগবে”, বললেন আফরোজা পারভিন।
মেরিল স্প্ল্যাশ সাবানের বিজ্ঞাপন।
পারভিনের ভাষায়, “শ্যামলা মেয়েদের ঈশ্বর কোনও না কোনও দিক দিয়ে সুন্দর করে সৃষ্টি করেন। অভিজ্ঞতা থেকে বলি, শ্যামলা মেয়েদের চোখ, নাক বা ঠোঁট ফর্সা মেয়েদের তুলনায় বেশি সুন্দর হয়। অনেক ক্ষেত্রেই ফর্সা মেয়েদের তেমন সৌন্দর্য থাকে না। এদিক থেকে তাদের ত্বকের রং নিয়ে চিন্তা না করে ঈশ্বর প্রদত্ত দান নিয়ে গর্বিত হওয়া উচিত।”
আসল কথা হল গায়ের রং নিয়ে চিন্তা না করে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। গায়ের রং যাই হোক না কেনও আত্মবিশ্বাসের সঙ্গে যোগ্যতা নিয়ে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে পারাটাই আসল।
