২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপ জিজ্ঞাসা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লাইফস্টাইল বিভাগের ফেইসবুক পেইজে পাঠক সৌন্দর্য বিষয়ক এবং ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। সেই সমস্যাগুলোর মধ্য থেকে কয়েকটি সমস্যা নিয়ে সমাধান দেওয়া হল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 04:01 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

সৌন্দর্য বিষয়ে এইসব সমস্যা প্রায় সবারই একরকম। তাই পাঠক নিজের সমস্যার সঙ্গে মিলে গেলে, জেনে নিন সমাধান।

সমস্যার সমাধান দিয়েছেন আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ।

ফেইশল করালে ত্বকের কি কোনও ক্ষতি হয়? আমার বয়স ২২। এ বয়সে কী ধরনের ফেইশল করানো উচিত?

সমাধান

ফেইশল করালে ত্বকের কোনও ক্ষতি হয় না। তবে ত্বকের ধরন বুঝে ফেইশল করাতে হয়। প্রত্যেক মানুষের ত্বক আলাদা হয় এবং সমস্যাও ভিন্ন ভিন্ন হয়। তাই আপনার বয়স, ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী ফেইশল নির্ভর করবে। এটা ঠিক করার দায়িত্ব একজন বিউটি এক্সপার্টের উপর ছেড়ে দিন, তাহলেই ত্বকের উপযোগী একটি ফেইশল আপনি ঠিক করে নিতে পারবেন।

ফেয়ার পলিশ কী? এটা কি ত্বকের জন্য কোনও ক্ষতি করে?

সমাধান

ফেয়ার পলিশ হল ফেইশল থেকে আলাদা কিছু, যা ত্বকে আলাদা উজ্জ্বলতা এনে দেয়। অনেক সময় ত্বক কালো হয়ে যায় এবং হাত-পা কালো হয়ে যায়। ফেয়ার পলিশ সেই সমস্যার সহজ সমাধান। এই পলিশ অনেক ধরনের হয়। কেউ কেউ ক্ষতিকর কেমিকেল ব্যবহার করে ফেয়ার পলিশ করে। এতে অবশ্যই ত্বকের ক্ষতি হবে। তবে আপনি যখনই পলিশিংয়ের কথা ভাবছেন ফেয়ার পলিশ না করে স্কিন পলিশ করাবেন। এটা আপনার ত্বক কোনও ক্ষতি না করে উজ্জ্বল করবে। স্কিন পলিশ করাতে ইচ্ছা হলে যে কোনও ভালো পার্লারের সাহায্য নিন।

আমার পায়ের ত্বক খুব খসখসে এবং ফাটা। ঘরোয়া উপায়ে কীভাবে আমার পা সুন্দর করব এবং পা ফাটার যন্ত্রণা থেকে মুক্তি পাব?

সমাধান

আপনি হয়ত পায়ের যত্ন একটু কম নেন। শুধু মুখের যত্ন নিলে হবে না সেই সঙ্গে অবশ্যই হাত এবং পায়ের যত্ন নেওয়া জরুরি। সব থেকে সহজ সমাধান হল মাসে দুইবার প্যাডিকিওর করান। প্যাডিকিওর অনেক ধরনের হয়। কি ধরনের প্যাডিকিওর করাবেন সেটা নির্ভর করবে আপনার সমস্যার উপর। এর থেকে আরও একটা ভালো উপায় হল মাসে একবার ফুট স্পা করান। এতে পায়ের ত্বকের অনেক সমস্যা দূর হয়ে যায়।

যদি আপনার সময় কম থাকে তবে বাড়িতে একটু যত্ন নিলেই এই পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিরাতে এক গামলা পানিতে ২ চা-চামচ বাথসল্ট দিয়ে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার ব্রাশে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পা ঘষুন। তারপর বাথসল্ট দিয়ে ঘষে পরিষ্কার পানিতে ধুয়ে মুছে একটু ভেজলিন লাগিয়ে নিন। ব্যাস এইটুকু করলেই কিছুদিনের মধ্যে আপনার পা ফাটা সমস্যা ঠিক হয়ে যাবে। পায়ের রুক্ষতাও কমে আসবে।

নাক ফোঁড়াতে চাই। তবে ভয় পাই যদি পেকে যায়! আগে একবার ফোঁড়ানো হয়েছিল। সেটা বন্ধ হয়ে গেছে।

সমাধান

নাক ফোঁড়াবেন এতে ভয় পাওয়ার কিছু নেই। আজকাল আধুনিক পদ্ধতিতে 'লোকাল অ্যানেসথেসিয়া' করে কান, নাক ফোঁড়ানো হয়। তাই ব্যথা পাওয়া যায় না। যখনই নাক বা কান ফোঁড়াবেন তখন থেকে সাতদিন পর্যন্ত এলার্জি হয় এমন খাবারগুলো এড়িয়ে চলুন। ভিটামিন সি সাধারণত টক ফলে পাওয়া যায়। এগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করুন। তিনদিনের মধ্যেই আপনার নাকের ফোঁড়ানো জায়গা শুকিয়ে যাবে। তবে কারও কারও একটু বেশি সময় লাগতে পারে।

চুল পড়ার সমস্যা

সমাধান

খুব সহজ প্রাকৃতিক সমাধান হল এক মুঠ দূর্বাঘাস এক মুঠ আমলকি এক মুঠ নিমপাতা ১ লিটার পানিতে ফুটিয়ে নিন। অনেকক্ষণ ধরে ফোটাবেন যেন পানির রং কালো হয়ে যায়। পানি যখন এক-কাপের মতো থাকবে তখন ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে রেখে দিন।

পরিষ্কার মাথায় চুলের গোড়ায় লাগান। এক ঘন্টা রেখে ভালো কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে পরপর কয়েকদিন লাগালে আশা করি চুল পড়া কমে যাবে। সেই সঙ্গে অবশ্যই খাওয়া দাওয়া ঠিকমতো করুন। ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার আপনার চুল পড়া অনেকটা কমিয়ে আনবে।

* রূপচর্চা ও সৌন্দর্য বিষয়ক যে কোনও পরামর্শ ও সমস্যা আপনার বয়স, ত্বকের ধরণসহ বিস্তারিত লিখে আমাদের ফেইসবুক পেইজে ইনবক্স করতে পারেন।

সমাধানসহ প্রতিবেদন সহকারে প্রকাশ করা হবে।

পুরনো খবর:

সমস্যা ও সমাধান
রূপ জিজ্ঞাসা