২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টমেটো কাতলা

মাছে-ভাতে বাঙালি। আর সেই মাছ দিয়েই হয় কত রকম তরকারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইশরাত মৌরি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

কাতল মাছ দিয়ে মজার ব্যঞ্জন তৈরির রেসিপি দিয়েছেন সেলিম কলি।

উপকরণ

বড় কাতল মাছ ৬-৮ টুকরা। বড় পেঁয়াজকুচি দেড় কাপ। রসুনবাটা ১ চা–চামচ। আদাবাটা দেড় চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। কাঁচামরিচ ৩-৪টি। হলুদগুঁড়া দেড় চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। ১টি টমেটোকুচি। তেল পরিমানমতো। লবণ স্বাধমতো।

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে হলুদ, গুঁড়ামরিচ, লবণ মাখিয়ে একটা একটা করে তেলে ভেজে নামিয়ে আলাদা রেখে দিন।

এবার একটা ছড়ানো কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুনবাটা আর লবণ দিয়ে ১ মিনিটের মতো রান্না করুন। এরপর আদাবাটা দিয়ে আধা কাপ পানিসহ নেড়েচেড়ে দিন।

পানি টেনে গিয়ে তেল উপরে উঠে আসতে ২-৩ মিনিট লাগবে। পানি শুকিয়ে গেলে বাকি মসলা দিয়ে সঙ্গে এক কাপ পানি দিয়ে ভালো করে মসলা কষিয়ে নিন। মাঝে মাঝে নেড়ে দিবেন যেন লেগে না যায়।

তেল উপরে উঠে আসলে টমেটো আর মাছ ছেড়ে দিয়ে হালকা করে নেড়ে আধা কাপ পানি দিয়ে ৮-১০ মিনিটের জন্য ঢেকে দিন।

রান্না অল্প আঁচে করবেন। মাঝে মাঝে হালকা করে নেড়ে দিন। মসলা যখন মাছের সঙ্গে লেগে মাখা মাখা হয়ে যাবে তখন উপর দিয়ে ধনে পাতাকুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন।