সাব ফ্যাক্টরি
আমেরিকার সাবওয়ে ঘরানাতেই ‘ফ্রেশ’ ও ‘সুস্বাদু’ স্যান্ডউইচ ঢাকাবাসীর কাছে তুলে দেওয়ার উদ্দ্যেশেই বছর দুই আগে এর যাত্রা শুরু।
সব মিলিয়ে ৭ ধরনের স্যান্ডউইচ মিলবে এখানে। এছাড়াও আছে দুইটি মিনি স্যান্ডউইচ। এমনটা জানালেন সাব ফ্যাক্টরির মশিয়ার রহমান।
রহমান এখানে আছেন একেবারে শুরু থেকে। কথাবার্তায় বেশ বন্ধুভাবাপন্ন এটি অস্বীকার করবার উপায় তার নিন্দুকও পাবেন বলে মনে হয় না।
এখানকার স্যান্ডউইচগুলো অতিথিদেরকে দেওয়া হয় দুই ধরনের আকারে, ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি।
অর্ডার দেওয়ার পর চোখের সামনেই ‘স্বাস্থ্যসম্মত’ভাবে বানানো হয় খাবার। প্রতিবেদক নিজেই দেখেছেন হাতে ডিস্পোজেবল গ্লাভস ও মাথার চুল নেটে ঢেকে কাজ করছেন খাবার প্রস্তুতকারক ও কর্মচারীরা।
এদের ‘সর্দার’ হারুন উর রশিদ বলেন, “সান্ডউইচে ব্যবহৃত ব্রেডগুলো আমি নিজে প্রতিদিন প্রস্তুত করি নিচ তলায়।”
ছবি: মামুনুর রশিদ শিশির
ছবি: মামুনুর রশিদ শিশির
রশিদ আরও জানান, কিছু উপকরণ আমদানি করা হয়।
রহমান আবার কথার ফাঁকে জানান, উপকরণ কখনই একসঙ্গে বেশি প্রস্তুত করা হয় না।
স্মোকড চিকেন, বিফ বেইকন, চিকেন তেরিয়াকি, রোস্ট বিফ বা ভেজটেবল স্যান্ডউইচ থেকে খুঁজে নেওয়া যায় পছন্দের স্বাদ! সবজি ও চিজ দেবার পরে বাছাই করতে পারেন ছয় রকমের সস থেকে নিজের পছন্দেরটি।
ছবি: মামুনুর রশিদ শিশির
ছবি: মামুনুর রশিদ শিশির
এখানকার খাবার ফ্রেশ আর স্বাস্থ্যকর হলেও পকেটটি একবারে পাতলা হলে কিন্তু চলছে না! ভেজটেবল স্যান্ডউইচটি বাদে অন্যগুলোর দাম শুরু ২৭৫ টাকা থেকে (ছয় ইঞ্চি) আর উদর খালি রাখতে না চাইলে ১২ ইঞ্চির দাম ৫০০ ছাড়িয়ে যাবে!
দ্বিতল এই রেস্তোরাঁটিতে অন্দর সজ্জায় আহামরি কিছু চোখে না পরলেও পরিপাটি ছিমছাম বলা যায়। বসার ব্যবস্থা আছে ৬০ জনের। আছে ওয়াইফাই সুবিধা।
রেস্তোরাঁটির ঠিকানাঃ বাড়ি ২১ রোড ১০/এ বনানী ঢাকা ১২১৩।
সম্প্রতি যমুনা ফিউচার পার্কেও খোলা হয়েছে একটি শাখা।
