২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভরা প্রাণ

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। জগৎজোড়া খ্যাঁতি তার। নিজ লেখার গুণে পৌঁছেছেন দূর-দূরান্তের মানুষের কাছে। গেয়েছেন তাদের সুখ-দুঃখের গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:53 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের এমন গুণই বোধহয় আকৃষ্ট করেছিলো বঙ্গীয় ব-দ্বীপের তিন অভিযাত্রিককে। আর তাই, বাংলাদেশের আদিবাসীদের নিয়ে ইনাম আল হক, এম এ  মুহিত ও অণু তারেকের এই আলোচিত্র প্রদর্শনীর নাম 'বিশ্বভরা প্রাণ'।

মূল আয়োজন অবশ্য তাদেরই গড়ে তোলা পর্বতারোহীদের সংগঠন- বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব।
এক শব্দে অভিযাত্রিক নামে পরিচিতিটা অনেক সহজ হলেও, এই তিনজনেরই রয়েছে আলাদা আলাদা পরিচয়। তবে পেশাদার আলোকচিত্রী নন কেউই। ঘুরতে ভালোবাসেন, নিজের চারপাশকে দেখতে ভালোবাসেন বলেই হয়ত একাট্টা হয়ে আয়োজন করেছেন এই প্রদর্শনী।

Image
ছবি: ফায়হাম ইবনে শরীফ।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।

৯ অগাস্ট, সারা বিশ্বের অন্যান্য দেশের মতো না হলেও, একটু হতাশা-ধোঁয়াশার মধ্যে বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। আর ঠিক তার আগের দিন ৮ অগাস্ট ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে, 'বিশ্বভরা প্রাণ' নামের এই প্রদর্শনী।


প্রদর্শনীতে ছবি আছে মোট ৬৩টি। এরমধ্যে আদিবাসীদের নিত্যকার জীবন-যাপনের পাশাপাশি খুঁজে পাওয়া যাবে অসাধারণ সব ল্যান্ডস্কেপ ও পোট্রেট। অনেকেরই ভুল ধারণা রয়েছে, বাংলাদেশের আদিবাসীরা মনে হয় শুধু পাহাড়েই থাকে। তবে এই প্রদর্শনীতেই দেখা মিলবে সমতল ভূমিতে থাকা আদিবাসীদের ছবি।

Image
ছবি: ফায়হাম ইবনে শরীফ।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।

পাখি বিশেষজ্ঞ, বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্ঠা এবং বিএমটিসি ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক গত চার দশক ধরেই দেশের নানান প্রান্তে ঘুরে বেড়িয়ে ছবি তুলেছেন বেশ অনেকগুলো আদিবাসীর গোষ্ঠীর। তার তোলা সেই সব ছবির মাঝ থেকে ১৯টি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ২০১১ সালে শেষ চাকরিটি ছেড়েছেন ভ্রমণের টানে। আর নিজেকে পর্বতারোহী বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এমএ মুহিত। তার কাছ থেকেই শোনা গেল এই উদ্যোগের গল্প। গেলো বছর আদিবাসী দিবসের পর থেকেই তার মাথায় এমন কিছু একটা আয়োজনের চিন্তা ঘুরছিলো। অবশেষে এ বছর এমন একটি প্রদর্শনীর আয়োজন করতে পেরে বেশ খুশি তিনি।

জানালেন এভারেস্ট জয়ের পাশাপাশি বিদেশে নানান জায়গায় ঘুরে বেড়ালেও, তার এই অভিযাত্রিক জীবনের শুরুটা দেশের মাটিতেই। একটা লম্বা সময় ধরে পাহাড়ে-পাহাড়ে কিংবা নানান দুর্গম এলাকায় ঘুরতে গিয়ে আদিবাসী বন্ধুদের কাছ থেকে যে অসাধারণ আতিথেয়তা পেয়েছেন তিনি। সেজন্য বরাবরই কষ্টেসৃষ্টে থাকা এই মানুষগুলোর প্রতি এক ধরনের মুগ্ধতা কাজ করেছে তার।

Image
প্রদর্শনীতে এমএ মুহিতের ছবি।

প্রদর্শনীতে এমএ মুহিতের ছবি।

একক ও দলগত মিলিয়ে এটি তার দ্বাদশ প্রদর্শনী হলেও, আদিবাসীদের নিয়ে এটিই প্রথম আয়োজন। তার ২৭টি ছবি রয়েছে এই প্রদর্শনীতে।

এছাড়া ১৭টি ছবি রয়েছে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি প্রর্বতারোহী ও অভিযাত্রিক অণু তারেকের। যদিও বেশ কিছুদিন ধরেই দেশে রয়েছেন তিনি।
১৫ অগাস্ট পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই দলগত আয়োজন।

শুধু ছবি বিক্রির উদ্দেশ্যে আয়োজিত না হলেও, আগ্রহী যে কেউ ছবি সংগ্রহের জন্য যোগাযোগ করতে পারবেন এই তিন আলোচকচিত্রীর সঙ্গে। পাশাপাশি গল্পে-আড্ডায় জেনে নিতে পারেন রোমাঞ্চকর সব ভ্রমণকাহিনী।