৪৭ এর দেশভাগ
ইংরেজিতে শব্দটি ‘বায়ান’ হলেও, আদতে এটি আমাদের বাংলায় বহুল পরিচিত ‘বয়ান’। যে বয়ান যুগ যুগ ধরে আমাদের ঋদ্ধ করেছে। অগ্রজদের কাছ থেকে শুনিয়েছে আমাদের গৌরবোজ্জ্ববল ইতিহাস–সংস্কৃতির কথা।
তবে শুধু বাংলাতেই নয় এই ‘বয়ান’ শব্দটি খুঁজে পাওয়া যায় হিন্দি, উর্দূ, ফারসি, আরবি, হিব্রুসহ আরও বহু ভাষায়।
বায়ান কালেক্টিভ নামটি এখন খুব পরিচিত কিছু নয়। তবে নিজেদের কাজ সবার কাছে তুলে ধরতে এবং একই সঙ্গে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করতে এবার বায়ান কালেক্টিভ আয়োজন করছে ‘নেশনস এন্ড নোশনসঃ পারটিশন উইক’ নামের পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালা।
আর এই আয়োজনের মাঝে থাকছে চলচিত্র প্রদর্শনী, কর্মশালা ও উন্মুক্ত আলোচনা। পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকছে ১৯৪৭ এর দেশভাগ।
বায়ান কালেক্টিভের দুই উদ্যোক্তা পারসা সানজানা সাজিদ ও সাদ কাসেম দু’জনেই কাজ করছেন গবেষক হিসেবে। তবে নিজেদের ব্যক্তিগত কাজের বাইরে সমাজে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মুক্তচিন্তা, আলোচনা, তর্ক-বিতর্ক কিংবা যেকোন ধরনের নতুন চিন্তা-ভাবনার জন্য এক উন্মুক্ত মঞ্চ হিসেবে কাজ করতে চান বলেই গড়ে তুলেছেন বায়ান কালেক্টিভ। আর তাই এই প্রচেষ্ঠাকে নতুন এক ধরনের ‘পাঠচক্র’ হিসেবেই দেখতে চান তারা।
সবার জন্য উন্মুক্ত এই পাঠচক্র, যেখানে আলোচনা, সমালোচনায় উঠে আসবে সমসাময়িক রাজনীতি, সংস্কৃতি, শিল্প থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনাবলির পর্যালোচনা। তবে শুধুই তর্কের খাতিরেই তর্ক নয়, বরং বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়েই প্রচলিত বিভিন্ন ধারণা সম্পর্কে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে চায় বায়ান। আর সে লক্ষ্যেই আগ্রহী মানুষজনের সঙ্গে আরও যোগাযোগ তৈরি করতেই তাদের প্রথম আয়োজন দেশভাগ নিয়ে এই অনুষ্ঠানমালা।
বিশ্ববিদ্যালয় জীবনে দেশের বাইরে থাকায় দু’জনেই দেখেছেন, পশ্চিমা বিশ্বে কীভাবে দেশভাগ বলতে পাঞ্জাবকে সবার নজরে নিয়ে আসা হয়। আর ব্রাত্য হয়ে আলোচনার বাইরে থেকে যায়, ভারত-পাকিস্তান কিংবা ‘বাংলা’কে ভাগ করবার মত ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা।
একইভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কিংবা পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক সমস্যাগুলোরও রয়েছে ঐতিহাসিক পরম্পরা, যেগুলো নিয়েই হয়তোবা আলোচনা শোনা যাবে এবারের আয়োজনে।
তাদের এই আয়োজনে যোগ দেবার কোনো পূর্বশর্ত নেই। আগ্রহী যে কেউ যোগ দিতে পারেন ‘পারটিশন উইকে’। আর সবাইকে আরও বেশি সম্পৃক্ত করবার জন্যই, অনুষ্ঠান আয়োজনে কোনো গৎবাঁধা নিয়ম মানতে রাজি নয় বায়ান, সেজন্যই থাকছে না বক্তৃতা কিংবা সভা-সেমিনারজাতীয় কিছু।
বরং প্রতিটি অধিবেশনেই আলোচকরা চেষ্ঠা করবেন এক ধরনের মুক্ত আলোচনার যবনিকা উন্মোচন করতে। এই উদ্যোগে সহায়তা করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএল। তবে এখনও খুব একটা গুছিয়ে উঠতে না পারায়, এবারের আয়োজনে শুধুই চলচিত্র প্রদর্শনী থাকলেও, এরপর থেকে যেকোনো ধরনের গ্রহনযোগ্য শিল্পমাধ্যমকেই নিজেদের কাজের সঙ্গে সম্পৃক্ত করবার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন পারসা ও সাদ।
এই আয়োজন ১০ অগাস্ট থেকে শুরু হয়ে চলবে ১৪ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানসূচী বিস্তারিত জানা যাবে তাদের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট থেকে।
ওয়েবসাইট: www.bayaancollective.org
ফেইসবুক পেইজ: https://www.facebook.com/bayaancollective?ref_type=bookmark
