রূপ রুটিন
গরমে ত্বক তৈলাক্ত হয়ে যাচ্ছে। ভেজা আবহাওয়ায় চামড়ার অবস্থা বারোটা। তাহলে জেনে নিন কিছু টিপস।
জানিয়েছেন অ্যারোমা থেরাপিস্ট ও আকঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক জুলিয়া আজাদ।
গরমে সজীব থাকার জন্য ব্যবহার করুন কুলিং মাস্ক। শসার খোসা ও পাল্প বা, শসার নরম অংশ এ ক্ষেত্রে উপকারী।
২ চা-চামচ গুঁড়াদুধে একটা ডিমের সাদা অংশ আর শসার রস ও শসার পাল্প মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন। গলায় ও মুখে আধা ঘন্টা লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় সেক্ষেত্রে গুঁড়াদুধ ব্যবহার না করে মধু ব্যবহার করলে বেশি উপকার পাবেন।
বর্ষাকালে লেবুর রস ও গোলাপ-পানি সমপরিমানে মিশিয়ে নিন। এ মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটা আপনার ত্বক ফ্রেশ রাখতে খুব ভালো কাজ করবে। ত্বকের অতিরিক্ত তেলভাব কমিয়ে ব্রন আসা রোধ করবে।
শুষ্ক ত্বকের উপযোগী ঘরোয়া ময়েশ্চারাইজার: ১ চা-চামচ মধু, ১ চা-চামচ গোলাপ-পানি আর ১ চা-চামচ গুঁড়াদুধ মিশিয়ে ময়েশ্চারাইজার বানান। যখনই লাগাবেন, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে এক থেকে দুবার ব্যবহার করে দেখুন। ত্বকের শুষ্কতা অল্প সময়ের মধ্যে কমে যাবে।
তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার: গোলাপ-পানি ১ চা-চামচ, মধু ১ চা-চামচ ও ১ চা-চামচ অ্যালোভেরা জুস— এই তিনটিকে একত্রে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন তৈলাক্ত ত্বকের ময়েশ্চারাইজার। যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন। মুখ ধোয়ার পরে যখনই লাগাবেন, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
হার্বাল পদ্ধতি: একটি বড় পাত্রে ১ কাপ পরিমাণ গোলাপ-পানি ঢালুন। ফ্রিজে ঠান্ডা হতে দিন। আধাঘন্টা পর ফ্রিজ থেকে বের বরে নিয়ে একটি পরিষ্কার রুমাল ঠান্ডা গোলাপ পানিতে ভিজিয়ে হাল্কা করে মুখের উপর চেপে ধরুন। দুই থেকে তিন মিনিট এভাবে দু’তিনবার করুন।
ত্বকের ক্লান্তভাব কেটে যাবে, উজ্জ্বল দেখাবে। যখনই মেইকআপ করবেন এভাবে একবার হারবাল ট্রিটমেন্ট নিয়ে দেখুন, আপনার মেইকআপ অনেক বেশি স্বাভাবিক ও সজীব দেখাবে।
ছবি সৌজন্যে: আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড।
