২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজের মেলা

চলছে বর্ষাকাল। গাছ লাগানোর উপযুক্ত সময় এখনই। আর এই বিষয় মাথায় রেখেই বাংলাদেশ বন অধিদপ্তর প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে বৃক্ষমেলা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:54 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

৫ জুন বৃহস্পতিবার, রাজধানীর শের-ই-বাংলানগরে শুরু হওয়া এই বৃক্ষমেলায় অংশ নিয়েছে ১১০টি প্রতিষ্ঠান। জানালেন মেলায় দায়িত্বরত ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর নিগার সুলতানা।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি এনজিও, ১৯টি সরকারি এবং ৮৬টি বেসরকারি প্রতিষ্ঠান। এরই মধ্যে জমে উঠেছে বৃক্ষেমেলার সবুজ পরিবেশ। বৃষ্টির মধ্যেই মেলা প্রাঙ্গনে দেখা গেলে বৃক্ষপ্রেমীদের ভিড়।

নিগার সুলতানা বলেন, "১৫ জুনের মধ্যে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৪৬৯টি চারা বিক্রি হয়েছে। এর মধ্যে ফল এবং ফুলের গাছ বিক্রির পরিমাণই বেশি। তাছাড়া বিরল প্রজাতির গাছ, ক্যাকটাস এবং অর্কিডের চাহিদাও রয়েছে।"

Image
বৃক্ষমেলায় চেরি ফুল। ছবি: শিশির।

বৃক্ষমেলায় চেরি ফুল। ছবি: শিশির।

Image
বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি আরও বলেন, "অনেক প্রজাতির ঔষধি গাছের সম্ভারও রয়েছে এবারের মেলায়।”

মেলায় রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান এবং বলধা গার্ডেনের বিশাল সংগ্রহ। তারা প্যাভিলিয়ন সাজিয়েছেন ফলজ, ফুল এবং ভেষজ উদ্ভিদের সম্ভার দিয়ে। নানান জাতের গোলাপ, পদ্ম, বেলি— এমন আরও অনেক ফুলগাছের সংগ্রহ রয়েছে তাদের। আরও আছে দেশীয় সব ধরনের ফলজ গাছের চারা। এছাড়া তমাল, বাঁশ, ধূপ, ত্রিশূল, বৈলমসহ এমন অনেক বিরল প্রজাতির গাছ।

স্টলের দায়িত্বে থাকা শাহনেওয়াজ বলেন, “আমাদের কাছে ১২৯ প্রজাতির বনজ, ১৩০ প্রজাতির অর্নামেন্টাল, ২০ প্রজাতির অর্কিড রয়েছে। তাছাড়া আছে ৭৭ প্রজাতির ফলের গাছ ও ১০১ প্রজাতির বনজ গাছ।”

বেসরকারি উদ্যোক্তারাও বিভিন্ন জাতের উদ্ভিদ নিয়ে তাদের পসরা সাজিয়েছেন।

গ্রিন ওয়ার্ল্ড নার্সারির মো. রবিউল জানান, তাদের স্টলে রয়েছে বিলুপ্ত প্রজাতির অ্যাভাকাডো গাছের চারা। একদম ছোট চারা কিনতে খরচ পরবে ৫শ' টাকা। আর কলমের চারা কিনতে হলে দাম পরবে ২ হাজার টাকা।

রবিউল বলেন, “৭০ থেকে ৮০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের গাছ রয়েছে আমাদের। এরমধ্যে সবচাইতে জনপ্রিয় অ্যারোমেটিক জুঁই, রঙ্গন, নয়নতারা, বেলি ইত্যাদি ফুলগাছ। বিদেশি ফুলের মধ্যে রয়েছে হালকা বেগুনি রংয়ের চেরি ফুল। দাম পড়বে ১শ' থেকে ৪শ' টাকা।”

সুইটলেবু-সহ (স্বাদে মিষ্টি) প্রায় ৭ প্রকার লেবুর গাছ আছে এই স্টলে। দাম ১শ' থেকে ৫ হাজার টাকা। মেলা ছাড়াও আগারগাঁও সিগনালে তাদের নার্সারি আছে বলে জানালেন রবিউল।

Image
বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ফ্যাশন ফ্লা্ওয়ার। ছবি: শিশির।

ফ্যাশন ফ্লা্ওয়ার। ছবি: শিশির।

অর্কিডপ্রেমীরা ঘুরে দেখতে পারেন দীপ্ত অর্কিড লিমিটেডের স্টল। তাদের প্রায় ১০ প্রকারের অর্কিডের সংগ্রহ রয়েছে মেলায়। ক্যারল পিঙ্ক, অনসিডিয়ল গোল্ড স্টার জাতের অর্কিড বেশি জনপ্রিয় বলে জানালেন তারা।

একদম ছোট অর্কিডের চারার দাম ২শ' টাকা। একটু বড় হলে সাড়ে ৩শ' টাকা। ফুলসহ অর্কিডের গাছ কিনতে খরচ পড়বে ৬শ' থেকে ২ হাজার টাকা।

স্কয়ারের নার্সারির স্টলেও প্রায় ৬ থেকে ৭ প্রজাতির অর্কিড রয়েছে। তাদের কাছ থেকে জানা গেল, অর্কিডের চারার দাম নির্ধারণ করা হয় গাছের বয়সের উপর। একদম ছোট চারা ৫০ টাকাতেও বিক্রি করছেন তারা।

অন্যদিকে ফুলফোটার সময় হয়ে গিয়েছে এরকম অর্কিডের দাম ৫শ' টাকা। বিভিন্ন প্রজাতির প্রাপ্তবয়স্ক অর্কিডের গাছের দাম ৫শ' টাকা থেকে শুরু। এই গাছের ফুলগুলো হয় হালকা গোলাপি এবং গাঢ় বেগুনি।

নলতা নার্সারীর স্টলে দেখা মিলবে নানান জাতের ফল এবং ফুলের বনসাই।

স্টলের কর্মরত আজিজুল বলেন, “আমাদের কাছে বেশ কয়েক ধরনের ক্যাকটাস আছে। দাম শুরু দেড়শ’ টাকা থেকে। বনসাইয়ের আকার এবং বয়সের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। আড়াই হাজার টাকা থেকে দাম শুরু। আমাদের কাছে ড্রাগন ফলের চারাও আছে। সর্বনিম্ন দাম ২শ' টাকা।”

পুরো মেলায় সব থেকে বেশি চোখে পড়বে আম গাছের চারা। দেশি বিদেশি নানান জাতের আমের চারা রয়েছে প্রায় প্রতিটি স্টলেই। কিনতে খরচ হবে ৮০ টাকা থেকে দেড়শ’ টাকা। তবে ফলসহ কলমের চারার দাম ৮ থেকে ৯ হাজার টাকা।

একটু ঘুরলেই চোখে পড়বে আঙুরের চারা। ড্রামে লাগানো চারাগুলো বেয়ে উঠার জন্য বাঁশের মাচাও করে দেওয়া হয়েছে। সাদা আঙুরগুলো দেশি। লাল এবং কালোগুলো হল কাশ্মিরি— এমনটাই জানালেন স্টল মালিকরা।

আঙুরের চারার দাম প্রতিটি ১শ' টাকা। ফলভর্তি গাছ কিনতে খরচ হবে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা।

আছে করমচা ফলের গাছ। চারার দাম ১৫০ থেকে ২শ' টাকা। আর ফলসহ গাছ কিনতে গুনতে হবে ৮ হাজার টাকা।

মেলায় আছে অনেক জাতের পেয়ারাগাছ। ভিতরে টুকটুকে লাল আর বাইরে সবুজ পেয়ারার নাম মাধবী। দর্শকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ফল। বিদেশি পেয়ারার মধ্যে রয়েছে থাই পেয়ারা। আকারে বেশ বড় হয় এই ফল খেতেও মিষ্টি।

বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। ৫শ' টাকা থেকে পেয়ারার চারার দাম শুরু। ফলসহ গাছের দাম ৬ হাজার টাকা।

Image
বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃক্ষমেলা। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ম্যাডাম পেরি। ছবি: শিশির।

ম্যাডাম পেরি। ছবি: শিশির।

মেলায় ছিল প্রতিবন্ধী স্কুলের আওতায় অনুভব নার্সারির স্টল। এখানে চোখে পড়বে ফলজ গাছ এবং নানান ধরনের ফুলের চারা। এই মেলা থেকে গাছ বিক্রি করে যা আয় হবে তা ব্যয় করা হবে স্কুলের উন্নয়নে, এমনটাই জানালেন স্টলের লোকজন।

বাংলাদেশ নার্সারির স্টলের পাশ দিয়ে যাওয়ার সময় চোখ আটকে যাবে ফুটে থাকা অসংখ্য জাতের গোলাপ ফুলে। স্টল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের কাছে প্রায় ৬০ রকমের গোলাপের গাছ আছে। এর মধ্যে সবথেকে দামি ম্যাডাম পেয়ারি। থাইল্যান্ডের এই গোলাপ দেখতে একেবারেই ছোট। গাছে একইসঙ্গে লাল রংয়ের অসংখ্য ছোট ছোট ফুল ধরে। ফুল ধরা একটি প্রাপ্তবয়ষ্ক গাছের দাম সাড়ে ৪ হাজার টাকা।

চায়না গোলাপের চারা কিনতে খরচ হবে ২শ' টাকা। তবে ফুলসহ গাছের দাম পড়বে ৯শ' টাকা। তাছাড়া আরও আছে অ্যারোমেটিক জুঁই। ফ্যাশন ফ্লাওয়ার বা ঝুমকো লতার গাছও চোখে পড়বে। প্রাপ্তবয়ষ্ক গাছের দাম ১২শ' টাকা। আর চারার দাম ২শ' টাকা।

ক্যাকটাসপ্রেমীরা ব্র্যাক নার্সারিতে ঘুরে দেখতে পারেন। ১৫০ টাকা থেকে ক্যাকটাসের দাম শুরু। তবে ফুলসহ ক্যাকটাসের দাম পড়বে ৫শ' থেকে দেড় হাজার টাকা। আছে লাকি ব্যাম্বো। ছোটগুলোর দাম ৩শ' টাকা আর বড় ডেকোরেটেডগুলোর দাম ৮শ' টাকা।

মেলা ঘুরলে দেখা মিলবে টবের পানিতে পদ্ম ফুল। গার্ডেনিয়া নার্সারির কর্মকর্তা জানান, বিশেষ কোনো যত্নের প্রয়োজন পরে না টবে পদ্ম ফুল জন্মাতে। তবে খেয়াল রাখতে হবে, মাটির উপরে যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে।

ঘরের ভিতরে লাগানোর জন্য পাতাবাহার গাছেরও চাহিদা অনেক। প্রতিদিনই লাখ টাকার উপরে গাছ বিক্রি হচ্ছে বলে জানা গেছে নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।