২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘বিশ্বকাপ গলি’

কলতাবাজারের ওয়াসা পাম্পের গলি, পোশাকি নাম হাজি আবদুল মজিদ লেন। তবে ২০ জুন, পুরান ঢাকার এই গলি দেখে বোঝার উপায় ছিল না, এটা রাজধানীর গলি নাকি রিও, নাকি সাও পাওলো!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:22 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শুক্রবার বন্ধের দিন। সকাল থেকে পুরো গলি রাঙিয়ে তোলা হল বিশ্বকাপের ‘উন্মাদনায়’। রাস্তার আশপাশের ১০-১২টি বাড়ির দেয়ালে রং করা হয়েছে অনেকটা স্ট্রিট আর্ট বা গ্রাফিটির আদলে। কিছু অংশে দোতলার টিনশেইড বাড়িগুলো দেখে রিও’র ‘ফাভেলা’ বলেই খটকা লাগে!

বৃহস্পতিবারের বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে এই রং করার কাজ করেছেন প্রায় শ’খানেক মানুষ। রংতুলি ব্যবহারকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাড়ার অনেকেই, একেবারেই সেচ্ছায়। এমনটাই জানান অন্যতম আয়োজক, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের, সাবহানাজ রশীদ দিয়া।

দিয়ার ভাষায়, “এই বিশ্বকাপ তো একদিক থেকে অনেককেই একত্র করে। আবার এই ‘গলি’ বা ‘পাড়া-মহল্লা’র ব্যাপারটি পুরান ঢাকার সঙ্গে জড়িত। তাই এই ওয়ার্ল্ড কাপ গলি ফেস্টের আয়োজন। আমাদের ফুটবলের বিষয়ে প্যাশন যে আছে এই কথাটি অস্বীকার করার উপায় নেই।”

এই আয়োজনে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে বিডিজবস ডটকম ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ‘রবি’।

কিশোর থেকে বুড়ো সবাই এতে অংশ নিয়েছেন। কথা হল অষ্টম শ্রেণিতে পড়া উদয়ন বিদ্যালয়ের মাহাতাব রশীদের সঙ্গে। একে তো পুরান ঢাকার বাসিন্দা, তার উপর নিজেই গ্রাফিটি আঁকতে পারার মজা থেকেই মূলত তার অংশগ্রহণ, এমনটাই জানান জামার্নির এই কিশোর সমর্থক।

কলতাবাজারের বাসিন্দা ইমরান আহমেদ ধোলাইখালের মোটরপার্টস ব্যবসায়ী। তিনিও সারাদিন ধরে বিভিন্নভাবে সবাইকে সাহায্য করেছেন। রংতুলিতেও হাত লাগিয়েছেন।

কথার ফাঁকে বলেন, “নিজের পাড়ায় সবাই মিলে এত সুন্দর একটি কাণ্ড করছে দেখে কি আর ঘরে বসে থাকা যায়!”

পাড়ার বাসিন্দাদেরও বেশ খুশি বলেই মনে হল। কারণ চোখে পড়ল, কোলের শিশু থেকে বয়োবৃদ্ধ— ভুভুজিলা নিয়ে নাড়াচাড়া করতে।

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘জানালা বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন জানান অনেক বাড়ির মালিক সানন্দে তাদের বাড়ির দেয়ালে রং করার জন্য রাজি হয়েছেন। রং করার সময় অনেক বাড়ির মালিক বলেছেন “পাশের বাড়ি করলেন আমাদেরটা করবেন না?”

গায়ে আর্জেন্টিনার জার্সি পরা স্পন্দন আরও বলেন, “স্রেফ ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা থেকেই এই আয়োজন।”

দুপুরের পর থেকে নাকি অনেক রিকশায়ালাকে ‘ওয়ার্ল্ড কাপ’ গলি বললেই এখানে নিয়ে আসছেন, এমন দাবিও করলেন তিনি।

শুধু রং নয়, সন্ধ্যার কিছু আগে শাকিরার বিশ্বকাপ সংগীত ‘লা লা লা’র সুরে প্রায় জনাবিশেক তরুণ-তরুণী ফ্ল্যাশ মবে অংশ নেয়।

শুধু কি তা-ই, সবার মধ্যে দেশপ্রেমেরও কমতি ছিল না। পুরো একটা দেয়াল জুড়ে আছে বিশাল আকারের বাংলাদেশের জাতীয় পতাকা।

Image
ছবি: মিথুন বিশ্বাস

ছবি: মিথুন বিশ্বাস

Image
ছবি: মিথুন বিশ্বাস

ছবি: মিথুন বিশ্বাস

তবে যারা শুক্রবার যেতে পারেননি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। চাইলে এখনও ঘুরে আসতে পারেন লিটার লিটার রংয়ে রঙিন দেয়ালবিশিষ্ট সেই গলি।

কলতাবাজার, ইংলিশ রোড, জনসন রোডের ন্যাশনাল হাসপাতাল আর কবি নজরুল কলেজের মাঝ দিয়ে (লবণের গোডাউন রোড) যে রাস্তা চলে গিয়েছে, এর ঠিক শেষ মাথায় গেলেই দেখা মিলবে বিশ্বকাপের রংয়ে রঙিন Goal-E।