বর্ষায় সুস্থতা
বর্ষা মৌসুমের শুরুতে সামান্য অসচেতনতায় আক্রান্ত হতে পারেন ভাইরাস জ্বরসহ নানান অসুখে। এমনকি শরীরে বাসা বাঁধতে পারে টাইফয়েডের মতো রোগ।
এই মৌসুমে অসুখে আক্রান্তদের জন্য পরামর্শ এবং বর্ষাকালে সুস্থ থাকার উপায় জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক আ.ন.ম. সাইফুল হাসান।
শিশুরা বর্ষা মৌসুমে অল্পতেই অসুস্থ হয়। তাই সবার আগে শিশুদের প্রতি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন এই ডাক্তার।
এই সময়ে সববয়সী মানুষকে রাস্তার খাবার বা বাসি-খাবার এড়িয়ে চলার পাশাপাশি মৌসুমি ফল, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি গ্রহণের পরামর্শ দেন ডা. হাসান।
তার ভাষায়, “বৃষ্টির সময় পরিবেশ ঠান্ডা থাকে বলে পানি কম খাওয়া হয়। এটা একদমই ঠিক না। সব মৌসুমেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।”
তিনি আরো বলেন, “বর্ষাকালে নানান ধরনের ভাইরাসের প্রকোপে সুস্থ থাকা একটু কঠিন। তবে প্রতিবেলায় ঘরে রান্না করা বা স্বাস্থ্যসম্মত খাবার খেলে, বেশি পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে, মৌসুমি ফল খাওয়ার পাশাপাশি রাস্তার খোলা ও বাসি-খাবার এড়িয়ে চললে অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসে।”
এছাড়াও যারা জ্বরে আক্রান্ত, তাদের জন্য কিছু পরামর্শ দেন এই চিকিৎসক।
* ভাইরাস জ্বর নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
* অন্যান্য জ্বরের মতোই রোগীর মাথায় পানি ঢালার ব্যবস্থা করুন। একটু পর পর শরীর ভেজা তোয়ালে দিয়ে মুছিয়ে দিন।
* চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।
* শরীরের তাপমাত্রা বাড়লে শুধু সাধারণ জ্বর কামানোর অষুধ খান।
* জ্বর যদি তিনদিনের বেশি থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
ছবি: তানভীর আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
