ভালোবাসায় বাবা দিবস
বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের ভঙ্গি বরাবরই একটু আলাদা। তবে যুগের পরিবর্তনে প্রকাশভঙ্গিতেও এসেছে পরিবর্তন।
এ সময়ের বাবারা সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করেন। ব্যস্ততার ফাঁকেও সন্তানকে কিছুটা বেশি সময় দেওয়ার চেষ্টা করেন তারা। সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, আইসক্রিম খাওয়া— নানানভাবে সন্তানকে সময় দেন তারা।
তবে অনেক বাবাই ব্যস্ততা আর বেশিরভাগ সময়েই বাসার বাইরে থাকার কারণে সন্তানের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন না।
বাবার সঙ্গে সম্পর্কের এই পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা ও মডেল সুমন পাটোয়ারি। ছোট থাকতে নাকি বাবাকে জমের মতো ভয় পেতেন এই অভিনেতা। আর সে কারণেই বাবার কাছ থেকে বরাবরই কিছুটা দূরত্ব বজায় রাখতেন। এক বোন তিন ভাইয়ের মধ্যে বড় বোনের পরই সুমন পাটোয়ারি। ভাইদের মধ্যে বড় হওয়ায় বাবার শাসন তার প্রতি ছিল একটু বেশিই কঠোর। আর তাই বাবাকে এক কথায় এড়িয়েই চলতেন এই অভিনেতা।
সুমন বলেন, “পড়াশুনায় কখনোই খুব একটা ভালো ছিলাম না। আর বাবা এ দিক দিয়ে ছিলেন ভিষণ কড়া। তাই বকাও খেতাম খুব।”
তবে প্রতিটি সন্তানের মতোই সুমন পাটোয়ারির সকল কাজের অনুপ্রেরণা হলেন তার বাবা। কষ্ট করে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তা তিনি শিখেছেন বাবার কাছ থেকে।
তবে সময়ের পরিক্রমায় সুমন পাটোয়ারির আর তার বাবার সম্পর্কের মধ্যে এসেছে পরিবর্তন। চাকরি থেকে অবসর গ্রহণের পর থেকেই বাবার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কের সূচনা। একসঙ্গে বসে টিভি দেখা, গেমস খেলা, গল্প করা, সবই হয় এখন।
সুমনের ভাষায়, “যদিও কাজের চাপে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। তবে যখনই সময় পাই বাবার সঙ্গে কিছুটা বাড়তি সময় কাটানোর চেষ্টা করি।”
“মাঝে মাঝেই কাজ থেকে ফিরতে দেরি হলে বাবা ফোন করে খবর নেয়, কখন বাসায় ফিরবো। কখনো বা না ঘুমিয়ে বসে থাকেন বাবা।” কথার ফাঁকে বলেলেন সুমন।
এই অভিনেতা মনে করেন, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না। তবে যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে একটি দিন আছেই তাই এ দিনটি তিনি বাবার সঙ্গেই কাটাবেন।
অভিনেতা মাজনুন মিজান মনে করেন, স্থান এবং কাল ভেদে পিতা এবং সন্তানের ভালোবাসা প্রকাশের ভঙ্গিতে পরিবর্তন এসেছে। নিজে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার বাবা কখনোই সন্তাদের প্রতি ভালোবাসা ভালোভাবে প্রকাশ করতে পারেননি বলে জানান এই অভিনেতা।
মাজনুন বলেন, “আমার বাবা মুদি দোকান চালাতেন। আমিও মাঝেমধ্যে বাবার সঙ্গে বসতাম। আমার সন্তানকে যতটুকু ভালোবাসি আমার বাবাও আমাকে অতটাই বাসতেন। তবে অভাবের টানাপোড়েনে সেটা কখনোই প্রকাশ করতে পারেননি। অভাবের সংসারে বাবা আমাদের যেভাবে বড় করেছেন তা আমাকে জীবনে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে।”
এই অভিনেতা আরও বলেন, “আমার বড় ছেলে মানবের সঙ্গে সম্পর্কটা একেবারেই বন্ধুরমতো। শুটিংয়ের কাজে যদি বাসায় ফিরতে না পারি, তবে ঘুম থেকে উঠে ছেলে প্রথমেই আমার খোঁজ করে।”
“বাবা আমাদের অনেক ভালোবাসলেও সেভাবে কখনো প্রকাশ করেন নি। আমার সন্তানদের এই অনুভূতি মধ্যে রাখতে চাই না। তাইতো সবসময়ই সন্তানদের সঙ্গ দেওয়ার চেষ্টা করি।” কথার ফাঁকে বললেন অভিনেতা মাজনুন।
দৈনিক ইত্তেফাকের রিপোর্টার আসিফুর রহমান সাগর। কাজের ব্যস্ততায় দুই ছেলে, সময় এবং সায়ানকে তেমন একটা সময়ই দিতে পারেন না। আর তাই সন্তানদের সঙ্গে তার কিছুটা দুরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
সাগরের ভাষায়, “এ কারণেই হয়তো তারা (সন্তানরা) তাদের মায়ের সঙ্গেই বেশি সময় কাটায়।”
সাগরের বাবাও কাজের কারণে ঘরে কম সময় দিতে পারতেন। আর বাবার সঙ্গে কিছুটা দূরত্বও তৈরি হয়েছিলো। নিজের সন্তানদের ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে মনে করেন সাগর।
তিনি বলেন, “আমি চাইলেও আমার সন্তানদের সঙ্গে বন্ধুরমতো হতে পারি না। কারণ কাজের তাগিদে আমার অনেকটা সময় কাটাতে হয় ঘরের বাইরে। তাই ছেলেদের সঙ্গে দেখা হয় কম। তাই তাদের কাছে আমি অনেকটাই দূরের মানুষ। এই দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা করেছি, কিন্তু হয়ে উঠেনি।”
ব্যাংকে চাকরি করেন ফখরুল আবেদীন মিলন। তার পঞ্চম শ্রেণীতে পড়া মেয়ে অপ্সরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুর চাইতে কম নয়। মেয়ে রাতে বাবার জন্য কবিতা লিখে খাবার টেবিলে রেখে যায়। তাইতো মিলনের সকাল শুরু হয় মেয়ের কবিতা পড়ে।
মিলন বলেন, “আমি মনে করি সময়ের সঙ্গে বাবা সন্তানের সম্পর্ক প্রকাশের ধরণ পরিবর্তিত হচ্ছে। আগে আমার বাবার সঙ্গে তেমন একটা সময় কাটানো হত না। কোথাও বেড়াতে যাওয়া মানে বাবার সঙ্গে ছুটির দিনে কোনো আত্মীয়ের বাসায় যাওয়া।”
“আর আমি সময় পেলেই মেয়েকে নিয়ে বেড়িয়ে পড়ি। আইস্ক্রিম পার্লার, বসুন্ধরা সিটি, ভালো রেস্টুরেন্ট, ছবির হাটে ঘুরে আসি। আবার ছুটি পেলেই পরিবারসহ কক্সবাজার বা ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই। দেশের বাইরেও সুযোগ পেলে চলে যাই ছুটি কাটাতে।” বললেন মিলন।
মিলন আরও বলেন, “আমার মেয়েকে যতটা সম্ভব বেশি সময় দিতে চাই। তাকে নিয়ে ঘুরে বেড়াই যেন সে অনেক কিছু দেখতে পারে এবং শিখতে পারে। কারণ আমার মেয়েকে নিয়ে আমি ভাববো না তো, আর কে ভাববে!”
শাসন নয় বরং ভালোবাসা এবং বন্ধুরমতো সম্পর্ক জড়িয়ে মেয়েকে বড় করতে চান এই ব্যাংক কর্মকর্তা।
ল্যাপ্রসি মিশন বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট কো-অর্ডিনেটর জিপ্তাহ বৈরাগীর দুই ছেলে জশুয়া এবং জোনাথন। জিপ্তাহ নিজের বাবাকে হারিয়েছেন অনেক ছোট বেলায়। এরপর নিজেই বড় হয়েছেন। বাবাকে কাছে না পেলেও নিজের ছেলেদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করেন তিনি।
জশুয়া আর জোনাথনও তাদের বাবার জন্য মাঝে মাঝেই অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে। আর জশুয়া প্রায়ই তার বাবার জন্য ছবি এঁকে রাখে।
জিপ্তাহ বলেন, “বড় ছেলে জশুয়াও আমার মতোই খেলা পাগল। আর তাই ছেলের সঙ্গে বসে প্রায়েই খেলা দেখি।”
সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কিশোর বয়সী ছেলেমেয়েদের যদি তাদের বাবার আচরণ সম্পর্কে ভালোমতো বুঝিয়ে দেওয়া যায় তাহলে অনেক সমস্যাই মিটে যায়।
সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির সাইকোলজি বিভাগের জেফ কুকস্টোন ও তার দল ৩৯২টি পরিবারের উপর জরিপ চালিয়ে এই তথ্য পান।
তাদের জরিপে উঠে আসা তথ্য অনুসারে, কী কারণে বাবা বকাঝকা করছে তা যদি সন্তানকে সুন্দর করে বুঝিয়ে বলা যায় তাহলে অনেক জটিল সমস্যার সহজ সমাধান হয়। কারণ কিশোর বয়সী ছেলে বা মেয়ে তখন বাবার পরিস্থিতি বুঝতে পারে।
বিদেশে এসব বুঝতে জরিপের দরকার হলেও, সন্তানের সঙ্গে কীভাবে সময় কাটানো্ দরকার তা আমাদের বাবারা নিজেদের অভিজ্ঞতা থেকেই বুঝে নেয়। এই কারণেই বাবারা সন্তানদের জন্য কাজের ফাঁকে সময় দিতে চেষ্টা করেন।
এই সময়ের বাবারা, নিজেদের ছোটবেলার কথা চিন্তা করেই হয়তো সন্তানের প্রতি বেশি আন্তরিক।
আবার একসময়ের বাবা এখন বৃদ্ধ। তাই আগের মতো রাগ করতে পারেন না বলে সন্তানের কাছে নিজেই এখন শিশুরমতো সময় কাটাতে চান।
এভাবেই বাবা থেকে বাবার ভালোবাসা ছুটে চলে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
