চীনা খাবারের উৎসব (ভিডিও সহ)
বলতে গেলে বিদেশি খাবার হিসেবে চাইনিজ খাবারই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে প্রথম পরিচিতি পায়। যেকোনো অনুষ্ঠান, বিশেষ দিনে একটু ভিন্ন স্বাদ নিতে অনেকেই বলতেন "চল চাইনিজে যাই।"
তবে দেশে যেসব চাইনিজ খাবারের রেস্তোরাঁ রয়েছে, সেগুলোতে রান্নার ধরনে একটু পরিবর্তন করে বাঙালির স্বাদ অনুযায়ী তৈরি করা হয় চাইনিজ খাবার। তাই অনেকেই হয়তো জানেন না চীনা খাবারের আসল স্বাদ।
তাই যারা আগ্রহী তাদের জন্য খাঁটি চাইনিজ খাবারের স্বাদ নেওয়ার সুযোগ করে দিয়েছে ওয়েস্টিন হোটেল।
ওয়েস্টিনের 'সিজোনাল টেস্ট' রেস্তোরাঁয় ১২ জুন থেকে শুরু হয়েছে 'সাউদার্ন চাইনিজ ফুড ফেস্টিভল'।
খাদ্যোৎসব উদ্বোধন করেন বাংলাদেশের দ্য পিপলস রিপাবলিক অফ চায়না অ্যাম্বেসির শার্জ দ্য অ্যাফেয়ার্স কিউ গুয়াংঝো। তার সঙ্গে ছিলেন ঢাকা ওয়েস্টিনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মোহর।
কিউ গুয়াংঝো তার বক্তব্যে চায়নার বিভিন্ন প্রদেশের খাবারের বৈশিষ্ট তুলে ধরে বলেন, "সাউদার্ন চায়নার খাবারগুলো সাধারণত একটু ঝাল বেশি হয়। আশা করি সেই ঝাল খাবার বাংলাদেশের মানুষের মন জয় করবে।"আর মন জয় করার জন্য এই উৎসবে নানান স্বাদের খাবার তৈরি করতে চীন থেকে উড়ে এসেছেন অভিজ্ঞ দুই শেফ স্যাম ঝেন এবং ক্যারি দেং।
মোহর বলেন, "উৎসব চলবে শুধু ডিনারের সময়। পরিবশন করা হবে প্রায় ২০ পদের খাবার।"
সাধারণ মানের চাইনিজ হোটেলের খাবার চাইতে পুরোই ভিন্ন স্বাদ বলে এই খাবার খেতে হলে পকেটের অবস্থাও হতে হবে অসাধারণ।
কারণ বুফে হিসেবে খাওয়ার জন্য এই সাউদার্ন চাইনিজ খাবারের স্বাদ নিতে প্রতিজনকে গুনতে হবে ৪ হাজার ৮শ' টাকা।
উৎসব চলবে ২২ জুন পর্যন্ত।
