বাবার জন্য উপহার
পেনড্রাইভ, মানিব্যাগ, বেল্ট বা মোবাইল কভার— বাবা দিবসে বাবাকে অবাক করে দিতে বাছাই করতে পারেন নানান রকম উপহার।
১৫ জুন বিশ্ব বাবা দিবস। বাবাকে উপহার দিয়ে তার সঙ্গে 'স্পেশাল'সময় কাটানোর জন্য সুন্দর একটি দিন।
অনেক বড় কোনো কিছু নয়, যে কোনো ছোটখাট উপহারই বাবাকে দিবে আনন্দ। ভালো কলম, মানি ব্যাগ, পেন ড্রাইভ, ল্যাপটপের স্কিন, মোবাইল কাভার ইত্যাদি হতে পারে চমৎকার আয়োজন।
মা দিবস নিয়ে যতটা আয়োজন থাকে, বাবা দিবসে সেই তুলনায় কোনো আয়োজনই চোখে পড়ে না।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশীদশ ঘুরে দেখা গেল বাবা দিবস উপলক্ষে তেমন বিশেষ কোনো আয়োজন নেই। তবে প্রতিটি ফ্যাশনঘরে একটু খুঁজলেই পাওয়া যাবে বাবার জন্য পছন্দসই পাঞ্জাবি বা ফতুয়া।
ফ্যাশন ঘর সাদাকালোতে আছে মগ। কালোর উপরে সাদা রংয়ে লেখা 'বাবার জন্য ভালোবাসা'। রঙয়ে আছে বাবার প্রতি ভালোবাসা জানানোর জন্য ভিন্ন ধরনের মগ।
বাবার জন্য মানিব্যাগ হতে পারে সুন্দর উপহার।
নগরদোলা, 'বাবা আর আদুরে আমি' শিরোনামে আয়োজন করেছে বাবা ও মেয়ের জন্য একই রং এবং ডিজাইনের পোশাক। বাবার জন্য রয়েছে পাঞ্জাবি এবং মেয়ের জন্য রয়েছে একই রংয়ের লং কুর্তি। এই পোশাক কিনতে খরচ হবে দুই থেকে আড়াই হাজার টাকা।
বাবার পছন্দ অনুসারে টি-শার্ট দেওয়া যেতে পারে। এর জন্য ঘুরে দেখা যায় আজিজ সুপার মার্কেটের দোকানগুলো।
কার্ড এবং প্লেটও ভালো উপহার। যাতে লেখা থাকে বাবার জন্য নানান রকম ভালোবাসার কথা। এসব কার্ড কম বেশি সব গিফ্ট শপগুলোতেই পাওয়া যাচ্ছে । হলমার্ক, আর্চিস এরমধ্যে তাদের দোকানে তুলেছে বাবা দিবসের উপহার।
ধানমণ্ডির হলমার্কের বিক্রেতা শরিফুল বলেন, "বাবা দিবসের জন্য, শুভেচ্ছা লেখা প্লেটের চাহিদা অনেক বেশি। তাছাড়া ফটোফ্রেম, ফটোঅ্যালবাম, মগ এবং কার্ডও রয়েছে এই তালিকায়।"
তিনি জানান, এরই মধ্যে বেশ কিছু কার্ড রাখা হয়েছে। তবে ১৫ জুনের আগেই আরও কিছু উপহার সামগ্রী চলে আসবে।
বাবা দিবসের এই উপহারগুলো পাওয়া যাবে আর্চিস, হলমার্কের প্রায় প্রতিটি শাখাতেই। বাবার জন্য কার্ড কিনতে খরচ হবে ১৮০ থেকে ১২শ' টাকা। বিভিন্ন লেখা সম্বলিত প্লেটগুলোর দাম ৭৫০ টাকা।
বেল্টও হতে পারে বাবার জন্য প্রয়োজনীয় উপহার।
দোকান ভেদে ফ্রেমের দাম পড়বে ২শ' থেকে ২ হাজার টাকা।
তাছাড়া বাবার জন্য তার পছন্দের ফ্লেইভার দিয়ে কেক বানিয়েও নেওয়া যেতে পারে। কুপারস, ইয়ামি ইয়ামি, মি.বেকারস, সুমিজ হট কেক, নিউট্রিএন্ট, ক্যালিফোর্নিয়া পেস্ট্রি ইত্যাদি থেকে নেওয়া যেতে পারে পছন্দের ফ্লেইভার কেক।
আবার মিক্সড ফ্লেইভারের কেকও বানানো যেতে পারে। বাবাকে চমকে দিতে কেকের উপর বাবার সঙ্গে নিজের কোনো সুন্দর মুহূর্তের ছবি প্রিন্ট করিয়ে নেওয়া যেতে পারে।
ফ্লেইভার ভেদে বিভিন্ন দোকানে কেকের দাম পড়বে কেজি প্রতি ১ হাজার থেকে পনেরশ টাকা। ছবি প্রিন্ট করাতে গুনতে হবে অতিরিক্ত পয়সা। দোকান ভেদে নির্দিষ্ট ওজনের কেকের উপর প্রিন্ট করাতে খচর পড়বে ১৫শ' থেকে ৩ হাজার টাকা।
আহাসনুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী মৌমিতা বলেন, "বাবাকে বেশি কিছু দিতে গেলে বকা খাওয়ার ভয় থাকে। তবে বকা দিলেও উপহার পেলে খুশিই হন। তাই তিনি ব্যবহার করতে পারবেন এমন জিনিসই উপহার দিবো। আর সঙ্গে একটি কার্ড।"
মৌমিতার মতো যে কেউ বাবার কাজে লাগতে পারে এরকম উপহার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আধুনিক উপহার হিসেবে দেওয়া যেতে পারে পেনড্রাই, মোবাইল কভার। পাশাপাশি মানিব্যাগ, বেল্ট বা সুগন্ধি হতে বাবার জন্য আনন্দ সামগ্রী।
এখন ফুটবল বিশ্বকাপ চলছে। বাবা যদি খেলা পাগল মানুষ হন, তবে তার পছন্দের দলের জার্সিও হতে পারেন সুন্দর উপহার।
উপহার যাই হোক, উপলক্ষে ধরে সুন্দর মুহূর্ত কাটানোই আসল। আর এরজন্য বাবা দিবস হতে পারে সুন্দর একটি দিন।
