২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বিশ্বকাপ আয়োজন

বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় ১২ জুন আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 08:57 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

গুলশানের রেস্তোরাঁ ব্রাজিল চুরাস্কোতে আয়োজিত হয়েছে বাংলালিংক ফুটবল ফিয়েস্তা ইন পার্টনারশিপ উইথ প্ল্যান্টিক। অনুষ্ঠানটি বাংলালিংক, প্ল্যান্টিক এবং ম্যাগনিটো ডিজিটালের সঙ্গে যৌথভাবে আয়োজিত হচ্ছে।

ম্যাগনিটো ডিজিটালের প্রধান নির্বাহী রিয়াদ এস.এ. হুসাইন জানিয়েছেন, অনুষ্ঠানটিতে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লাইভ পারফরমেন্স করবে ব্যান্ড নেমেসিস। এ ছাড়াও লাইভ পারফরমেন্সের আগেই সাড়ে ৭টা থেকে শুরু হবে ডিজে শো, চলবে নেমেসিস মঞ্চে উঠার আগ পর্যন্ত।

এখানেই শেষ নয়, রাত ১২টা থেকে সরাসরি ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রাজিল-ক্রেয়েশিয়া ম্যাচটি সরাসরি বড় পর্দায় দেখানো হবে।

হুসাইন আরও জানিয়েছেন, ব্রাজিল চুরাস্কো প্রাঙ্গনে থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসিসহ বিখ্যাত ফুটবল ক্লাবগুলোর ফ্যানদের জন্য বিশেষ বুথ, ফুজবল টেবিল, বিশ্বকাপকেন্দ্রিক আকর্ষণীয় জিনিস এবং পোস্টারসমৃদ্ধ প্লান্টিক ফিচারিং স্টলসহ ফুটবলভিত্তিক বিভিন্ন স্টল।

ফ্রিস্টাইল জোন, পেনাল্টি শুটআউটস, ওয়ার্ল্ড কাপ ফটো গ্যালারি, স্ট্রিট ম্যাজিশিয়ান, অগমেন্টেড রিয়েলিটি জোন ও ইন্টারনেট সুবিধাসহ থাকছে আরও অনেক কিছু।

শিশুরাও যাতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে সেজন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

খাবারের জন্য করা হয়েছে বুফে ব্যবস্থা, এছাড়া ডিনারের আয়োজনও থাকছে।

তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিরাই যেতে পারবেন। যারা যেতে পারবেন না তাদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য রয়েছে 'মোবাইল অ্যাপ'।

হুসাইন বলেন, "এটিই হবে বাংলাদেশের প্রথম ফুটবলবিষয়ক অ্যাপ যাতে লাইভ স্কোর জানার পাশাপাশি কুইজ ইত্যাদি খেলা যাবে। এছাড়া এর মাধ্যমে দেশ ও বিদেশের বিভিন্ন ফুটবল ক্লাব সম্পর্কে ধারাবাহিক তথ্যও পাওয়া যাবে।"

ফেইসবুকে বাংলালিংক মেলা পেইজে ফ্রি পাস দেওয়ার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় ৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারীদের মধ্য থেকে শীর্ষ ২০০ জনকে দেয়া হচ্ছে বাংলালিংক ফুটবল ফিয়েস্তা ইন পার্টনারশিপ উইথ প্লান্টিক অনুষ্ঠানটির ফ্রি পাস।

ব্রাজিল চুরাস্কোতে পুরো মাস জুড়ে খেলা বড় পর্দায় দেখানো হবে বলেই জানিয়েছেন হুসাইন।

অন্যদিকে ঢাকা ওয়েস্টিনের প্রেগো, ট্রিটস ও স্প্ল্যাশ রেস্তোরাঁতে  ফুটবল বিশ্বকাপ উদ্বোধন ম্যাচসহ সব খেলা দেখানো হবে।

র‌্যাডিসন হোটেলের লবিতেও সারা মাসজুড়ে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র উল্টা দিকে মিলন চত্বরে উদ্বোধনী খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ঢাবি'র ফিল্ম সোসাইটি।  তথ্যটি জানালেন সোসাইটির সাধারণ সম্পাদক নাবীল আল জাহান।