২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধের জার্সি

সমর্থকদের গায়ে প্রিয় দলের জার্সি বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দেয়। ডাইনিংরুম, অফিসপাড়া, চায়ের দোকান কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস— সবখানেই আলোচনায় ব্রাজিল বিশ্বকাপ। মৃদুহাস্যে কেউবা জানিয়ে দিচ্ছেন সমর্থনের যৌক্তিক কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৈয়দ রিয়াদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 05:14 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

আর তাই বিশ্বকাপের জার্সিই এখন ফ্যাশন-স্টাইলের নতুন অনুষঙ্গ। এই চলমান সময়ের ফ্যাশনে জার্সিতেই ছেলেবুড়ো সবার আগ্রহ।

এআইইউবি’র ছাত্র তন্ময় বলেন, “আসলে জার্সি পরে আমার দলের সমর্থন ও জনপ্রিয়তা তুলে ধরতে পছন্দ করি। জার্সি পরাটাও বেশ উপভোগ করি, তাছাড়া এই গরমে জার্সি বেশ ফ্যাশনেবল ও আরামদায়কও বটে।” 

বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে অন্যান্য দলের সমর্থকদের সংখ্যা একটু বেড়েছে। তাই মার্কেটে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে জার্সিও পাওয়া যাচ্ছে।

রাজধানীর বসুন্ধরা সিটির টোটাল স্পোর্টসের বিক্রয়কর্মী বেলাল হোসেন বলেন, “ব্রাজিল, আর্জেন্টিনার জার্সির চাহিদা বেশি। তাই অন্যান্য দেশের চাইতে এই দুই দেশের জার্সি আমরা বেশি রাখছি। পাশাপাশি আছে কাতার, হলেন্ড, ইতালি’র জার্সি।”

পান্থপথের এই বিশাল সুপার মার্কেটের চারতলার কয়েকটি ছেলেদের টিশার্টের দোকানসহ দোতলার বি ব্লকের বেশ কয়েকটি খেলার সামগ্রীর বিক্রির দোকানে পাওয়া যাচ্ছে ব্র্যান্ড ও কপি করা জার্সি।

এখানকার বেশ কয়েকটি দোকানে কথা বলে জানা গেল, আমাদের দেশে যেসব জার্সি পাওয়া যায় সেগুলো বেশিরভাগই থাইল্যান্ড ও বাংলাদেশে তৈরি।

এ মৌসুমে সব মার্কেটেই কম বেশি জার্সি পাওয়া যাচ্ছে।

ঢাকার বসুন্ধরা সিটি ছাড়াও নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান, স্টেডিয়াম মার্কেট, বঙ্গবাজার, গুলশান ডিসিসি মার্কেট ১ ও ২, ফার্মগেট, মিরপুর-১০, উত্তরা, মালিবাগে মেসবাহ উদ্দিন প্লাজা, মৌচাক মর্কেট, ফরচুন শপিং মল, শান্তি নগরে কর্নফুলি গার্ডেন সিটি, টুইনটাওয়ারসহ বেশিরভাগ মার্কেটেই রয়েছে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড জার্সি।

অ্যাডিডাস, পোলো, পুমা ও নাইকি ব্র্যান্ডের জার্সিগুলো পাওয়া যাচ্ছে বসুন্ধরা সিটি, নিউমার্কেট, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, গুলশান ডিসিসি মার্কেট ১ ও ২।

নন ব্র্যান্ড বা লোকাল মেইড জার্সিগুলো পাবেন ৩শ’ থেকে ৮শ’ টাকায়। ব্র্যান্ডের জার্সিগুলোর জন্য গুনতে হবে একটু বাড়তি দাম। সেটা ৯শ’ থেকে ৩ হাজার টাকার মধ্যে।

এ ছাড়াও দেড়শো থেকে ৩শ’ টাকার মধ্যেও জার্সি পাওয়া যাচ্ছে রাজধানীর ঢাকা কালেজের উল্টাপাশের ফুটপাথের দোকানে।

এসব ছাড়াও ভার্চুয়াল জগতেও রয়েছে জার্সির আয়োজন। এগুলো আবার অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পেতে পারেন সমর্থক দলের জার্সি।

অনলাইন শপিংয়ের জন্য ঢুঁ মারতে পারেন:  dreamshopbd.com;  rokomari.com; iferi.com; aponzone.com; kudoro.com।

ফেইসবুকের Football Jersey in Bangladesh পেইজ ছাড়াও ekhanei.com; clickbd.com; olx.com.bd; bikroy.com এ সার্চ করেও পাবেন সাধের জার্সি।