২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে নেই দেশীয় পোশাক

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্পকে বিশেষ সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হলেও দেশীয় ফ্যাশনশিল্প নিয়ে কোনো নির্দেশনা নেই।

ওমর শরীফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

নতুন করে ক্ষমতাসীন সরকারের প্রথম বাজেটে বস্ত্রশিল্পের কিছু কাঁচামালের শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তবে এইসব কাঁচামাল বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। আর দেশীয় ফ্যাশনশিল্পে ব্যবহার হয় হ্যান্ডলুম বা তাঁতের কাপড়।

এই বিষয়ে ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাশন উদ্যোগ) সভাপতি আজহারুল আজাদ বলেন, “দেশীয় কাপড়ের উপর বিভিন্নভাবে ট্যাক্স ও ভ্যাট সংগ্রহ করা হয়। সেসব কমানোর ব্যাপারে এফবিসিসিআই’-এর মাধ্যমে আমরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। তবে এ ব্যাপারে কোনো নির্দেশনা এই বাজেটে নেই।”

“বাজেটে বস্ত্রশিল্পের যেসব কাঁচামালের কথা উল্লেখ করা হয়েছে তা আমদানি করা হয়। আমাদের সব দেশীয় কাঁচামাল। তাই বলা যায় দেশীয় ফ্যাশন হাউজগুলোতে পোশাকের যে দাম নির্ধারণ করা আছে, সামনে রোজার ঈদে সেসব পোশাকের দামের খুব একটা হেরফের হবে না।” বললেন আজাদ।

টাঙ্গাইল শাড়ি কুটিরের কর্ণধার মুনিরা এমদাদ বলেন, “এবারের বাজেটে নিয়ে এখনও তেমনভাবে স্টাডি করার সময় পাইনি। তবে দেশীয় পোশাক বিক্রয়ের প্রতিষ্ঠানগুলোর বিক্রয়কেন্দ্রের ভাড়ার উপর শতকরা ১৫ ভাগ যে ভ্যাট দিতে হয় সেটা মওকুফের ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা ছিল। যা প্রস্তাবিত বাজেটের কোথাও বলা হয়নি।”

ফ্যাশন উদ্যোগের আহ্বায়ক ও বর্তমানে সদস্য মুনিরা এমদাদ আরও বলেন, “ভারতে রানিং প্রোডাক্টের উপর কোনো ভ্যাট দিতে হয় না। অথচ আমাদের দেশে দিতে হয়। ফলে পোশাকের দাম বেড়ে যায়। এদিকে তাঁতিদের কাছ থেকে আমরা কাপড় সংগ্রহ করি। সেই তাঁতিদের কাছ থেকেও ট্যাক্স সংগ্রহের চেষ্টা করে সরকার। আমরা তো বিক্রির উপর ট্যাক্স সংগ্রহ করে দিচ্ছি, এরপর যদি আবার তাঁতিদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহের চেষ্টা করা হয় তাহলে তারা আর আমাদের কাছে আসতে চাইবে না। তাঁতিরা কাজে উৎসাহ হারাবে।”

ফ্যাশন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সূত্রমতে, বর্তমানে বিভিন্ন পরিসরে দেশে চার হাজার ৫শ’র মতো ফ্যাশন হাউজ রয়েছে। এ ফ্যাশন হাউজগুলোতে ৫০ লাখ মানুষ কর্মরত আছেন। এরমধ্যে ৭০ শতাংশ নারী।

শিল্পখাতটির (ফ্যাশন হাউজ) সঙ্গে ১০ লাখ তাঁতি জড়িত। তাঁতশিল্পের সঙ্গে জড়িত অন্য পেশায় আছেন আরও ২০ লাখ মানুষ।

ছবি সৌজন্যে: কে ক্র্যাফট।