২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতার সেবায় ১৫০ বছর

সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে নিজেদের গল্প লিখে রেখেছে মানুষ। কখনো পাথরে খোদাই করে, কখনো গাছে কিংবা কাগজে। এরকম হাজারো গল্পের ইয়ত্তা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 06:45 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

তবে মানুষের গল্পে অর্জন-প্রাপ্তির খবর যেমন জানা যায়, ঠিক তেমনি শোনা যায় দুঃখ-দুর্দশার কথা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বিশ্বজুড়ে সহিংতা ও সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুরক্ষায় কাজ করে আসছে ঠিক দেড়শো বছর ধরে।

১৮৬৩ সালে প্রতিষ্ঠার পর, তাদের এই মানবিক কাজের ১৫০ বছর পূর্তিতে ঢাকার দৃক গ্যালারিতে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাম ‘মানবতার সেবায় ১৫০ বছর’।

প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ৩ জুন থেকে শুরু হয়েছে। চলবে ৭ জুন পর্যন্ত। 

৭১টি স্থিরচিত্রের মধ্য দিয়ে প্রায় দেড়শ বছরের এই লম্বা সময়ের গল্পটা তুলে ধরা হয়েছে। পুরো প্রদর্শনীতেই প্রাধান্য পেয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ।

১৯৭১ সালের নয় মাসব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম ও পরবর্তী সময়ের ৩৬টি ছবি প্রদর্শিত হচ্ছে এখানে। পাশাপাশি ১৯৫০ সালে বাংলাদেশে প্রথম আইসিয়ারসি’র যাত্রা শুরুর সময়কালের ৫টি ছবিও রয়েছে। এছাড়া ১৮৬৩ সালে প্রতিষ্ঠা ও পরের সময়ের ১০টি ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও সারা বিশ্বে সংগঠনটির নানানমুখী কাজের ২০টি ছবি রয়েছে।

সাদা-কালো ও রঙিন দুই ধরনের ছবিই স্থান পেয়েছে এই আয়োজনে।

“অসাধারণ এক প্রদর্শনী। তথ্যবহুল এই ছবিগুলো আমাদের জীবনের না দেখা ইতিহাসকে জানতে সাহায্য করবে। আমাদের বয়সী সবার জানা উচিত, প্রতিদিন যা দেখি এর বাইরেও মানুষের ভিন্ন জীবন রয়েছে।” প্রদর্শনী ঘুরতে ঘুরতে এভাবেই নিজের ভালো লাগার কথা জানিয়েছেন, রেহানা সাঈদ।

রাস্তায় পাশ দিয়ে যাওয়ার সময় পোস্টার দেখে ভিতরে এসেছেন, ‘এ’ লেভেল পড়ুয়া রেহানা। আর নিজের মুগ্ধতা কাটিয়ে উঠতে উঠতে জানিয়েছেন, বাড়ি ফিরে পরিবার ও বন্ধু-বান্ধবকেও এখানে আসবার আহ্বান জানাবেন।

যাদের ঐতিহাসিক ছবি দেখায় আগ্রহ রয়েছে, তারা এই প্রদর্শনীতে না গেলে অনেক কিছু থেকেই বঞ্চিত হবেন।

কেননা এখানে যেমন স্থান পেয়েছে বর্তমান সময়ের আফগানিস্তান, নেপাল, ফিলিপাইন, সিরিয়া, দক্ষিণ সুদান, আইভেরি কোস্টের ছবি। ঠিক তেমনি দেখা যাবে দুটি বিশ্বযুদ্ধ ছাড়াও প্যারাগুয়ের চাকো যুদ্ধ, ১৯১২-১৩’র বলকান যুদ্ধ, ১৮৭৬-৭৮ এর সার্বিয়ান-তার্কিশ যুদ্ধ, ১৮৯৮ এর স্প্যানিশ-আমেরিকান যুদ্ধেরমতো মানব ইতিহাসের অবিচ্ছেদ্য সব ঐতিহাসিক ছবি।

তাছাড়া মুক্তিযুদ্ধের পর ২০০৬ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর সময় থেকে যেসব কার্যক্রম পরিচালনা করছে সেগুলোও প্রদর্শনীতে স্থান পেয়েছে।

তাই যারা ছবি ভালোবাসেন আর ছবিতে খুঁজে ফেরেন ইতিহাস, তারা আর দেরি না করে আজই এই প্রদর্শনী থেকে ঘুরে আসুন।

ছবিঃ ফায়হাম ইবনে শরীফ