শহরে হারায়েছি জীবন
শিল্পচর্চার সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটি? অথবা যদি বলা হয় শিল্পের সবচেয়ে বড় গুণ কোনটি? নিঃসন্দেহে এ নিয়ে নানান মুনির নানান মত থাকতেই পারে। তারপরও যে শিল্প নিজের সময়কে ধরে রাখতে পারে, সেই শিল্প সমকালিন মানুষের মন ছুঁয়ে যায়।
ধীরে ধীরে স্থান-কাল-পাত্রের সীমা অতিক্রম করে সেই শিল্প হয়ে উঠে সার্বজনীন। শিল্পের এই সার্বজনীনতার সঙ্গে যদি আমাদের আজকের শহুরে জীবনকে মেলাতে যাই, খেই হারিয়ে ফেলতে হয় মাঝ দরিয়ায়।
আরে! শহুরে জীবনে দরিয়া আবার কোথায়? এমনই সব প্রাসঙ্গিক বিষয় নিয়েই শনিবার থেকে রাজধানীর ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে 'লস্ট ইন দি আরবান ওয়ার্ল্ড' নামের দলগত চিত্রকলা প্রদর্শনী। আয়োজক স্টুডিও ফরটিএইট।
এই আর্টস্টুডিওর ১৪ জন সদস্যের মধ্য ছয় জনের কাজ জায়গা পেয়েছে এবারের প্রদর্শনীতে।
“বেশ কিছুদিন হলো নাগরিক সংস্কৃতি, নাগরিক রুচির ব্যাপক বিকাশ ঘটে চলেছে আমাদের সমাজে। কিন্তু সবাই যে তাল মিলিয়ে চলতে পারছে তা কিন্তু নয়। শৈশবে আমি বড় হয়েছি গ্রামের কোলাহলমুক্ত পরিবেশে, যেখানে আমার চারপাশে ছিল সাধাসিধে জীবন। আর বিশ্ববিদ্যালয় জীবনে শহরে এসে যে বৈপরিত্যের মধ্যে আমি বড় হচ্ছি, তারই প্রভাব রয়েছে আমার কাজে।” ‘লাইফস্টাইল’ শিরোনামে নিজের ৪টি কাজ সম্পর্কে এভাবেই বলছিলেন কুন্তাল বাড়ৈ।
মিশ্র মাধ্যমে তার করা কাজগুলোতে, রিকশা আর্ট ধরনের গাঢ় রঙের কাজ দেখা যাবে।
অংশগ্রহনকারীদের মাঝে একটু হলেও অগ্রজ ফাহমিদা এনাম কাকলি বলেন, “সবসময়ই বিষয়ভিত্তিক কাজ করি আমি। তবে আমার কাজে যাপিত জীবনের অভিজ্ঞতার ছাপ থাকতেই পারে। এই যেমন সামাজিক সব অনুষ্ঠানে যোগ দিয়ে, আমি মানুষের মাঝে সাজসজ্জার যে আয়োজন লক্ষ করি তা আমাকে ভাবিয়ে তুলেছে। আমি নিজেও হয়তো এর বাইরের কেউ নই। তারপরও শিল্পীর কাজে তো এর প্রভাব থাকবেই।”
সমকালীন নারীবাদী আলোচনার ছাপ দেখতে পাওয়া যাবে ‘সেলফি’ শিরোনামের তার ৫টি কাজেই। শুধুই গড়পরতা সৃষ্টির জন্যই যে শিল্প নয়, তা বোঝা যাবে কাকলির কাজ দেখলে।
“অতি আধুনিক মেকি জীবনে অভ্যস্ত হয়ে পড়ছি সবাই। হারিয়ে ফেলছি নিজস্বতা। সেই জায়গা থেকে নিজের শেঁকড় খুঁজতে গিয়ে কাজগুলো তৈরি করেছি আমি।” বললেন কাকলি।
কী কারণে এই ছয়শিল্পী একই ছাদের নিচে এক হয়েছেন তা আর বুঝতে বাকি রইলো না মঞ্জুর রশিদের কথার পর। তার ৪টি কাজের শিরোনাম ‘সার্চিং মাইসেল্ফ’। কাজ করেছেন আক্র্যালিকে। তবে কথা বলতে বলতে ভাবালুতায় হারিয়ে যেতেই বোঝা গেলো, এখনো এই শহরের জঞ্জালের মাঝে নিজেকেই খুঁজে চলেছেন শিল্পী মঞ্জুর।
এছাড়াও ‘ডার্কনেস’ শিরোনামে জাহিদ হাসানের ৪টি, ‘অ্যাবস্ট্র্যাক্ট’ শিরোনামে মুজাহিদ মনিরের ৪টি ও ‘বুড়িগঙ্গা’ শিরোনামে এসএম এহসানের ৪টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে।
প্রদর্শনী ঘুরে ইসমত জাহান বর্ষা তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, “সমসাময়িক শিল্পচর্চার এক ধরনের ছাপ দেখতে পেয়েছি আমি। যা তাকে মুগ্ধ করেছে। নিজে ফিগারিটেটিভ কাজের বড় ভক্ত। তবে এই ধরনের দলগত প্রচেষ্ঠা সমাজের মাঝে নতুন ধরনের আলোড়ন তৈরি করবে বলেই বিশ্বাস করি।”
প্রদর্শনী চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য স্টুডিও ফরটিএইট-এর নাগরিক অভিঘাতের এই অনন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
শহুরে ভোগবাদি জীবনে বিশুদ্ধ বোধের উন্মেষ ঘটাতে প্রদর্শনী চলার সময় দর্শকদের পাশেই শিল্পীদের পাওয়া যাবে।
ছবি: ফায়হাম ইবনে শরীফ
