তন্দুরি চিকেন রোস্ট
জিভে জল আনা এই খাবার রান্না করতে একটু সময় লাগলেও, খাওয়ার সময় ভুলে যাবেন রান্নার সমস্ত খাটুনি।
রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী শাহনাজ শিমুল।
প্রথম ধাপ
উপকরণ: আস্ত মুরগি দেড় কেজি (চামড়াসহ)। আধা কাপ লেবুর রস। মরিচগুঁড়া ২ টেবিল-চামচ। লবণ ১ চা-চামচ।
পদ্ধতি: মরুগি ভালোভাবে পরিষ্কার করে ছোট ছুরি বা, কাঁটাচামচ দিয়ে কেচে নিন। এতে সব মসলা ভিতরে ভালোমতো ঢুকবে। এখন মুরগিতে সব মসলা মিশিয়ে ৩০ মিনিট মাখিয়ে রাখুন।
দ্বিতীয় ধাপ
উপকরণ: আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ২ টেবিল-চামচ। মরিচগুঁড়া ২ টেবিল-চামচ। টকদই ১ কাপ। ধনেগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। গরমমসলা ১ টেবিল-চামচ। মেথিগুঁড়া ১ চা-চামচ। তেল আধা কাপ। ফুড কালার (কমলা+লাল) না দিলেও সমস্যা নেই।
পদ্ধতি: টকদইয়ের সঙ্গে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মরুগির চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিন। আরো ৩০ মিনিট রাখুন। প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রিতে ২ ঘন্টা বেইক করুন।
মাঝে ১ ঘন্টা পর, মুরগি বের করে নিচের তেলগুলো চামচ দিয়ে উপরে ভালো করে ঢেলে দিন।
কিছু টিপস
অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে বেইক করতে হবে। যাদের ওভেন নেই তারা একইভাবে গ্রিল করতে পারেন। যারা কোনোটাই করতে পারবেন না তারা চুলাতেও তৈরি করতে পারেন।
বড় পাতিলে অল্প আঁচে ঢাকা দিয়ে ভাজবেন আর দেখবেন যাতে নিচে ধরে না যায়। চাইলে চামড়া ছাড়াও রান্না করতে পারেন। তবে এতে মুরগি শক্ত আর শুকনা হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। আস্ত না করে টুকরা করেও রান্না করতে পারেন।
নানরুটি, হাতেরুটি, ভাত, পোলাও, পরোটা দিয়ে খাওয়া যায় তন্দুরি চিকেন।
