২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেক আয়োজনে প্ল্যাটার

‘বিস্ময়’-এর শুরু হবে একেবারে ঢোকার মুখেই! গেইট পেরিয়েই চোখ আটকে যেতে পারে বাঁশঝাড়ে, পাশেই আবার বসার সুন্দর ব্যবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 08:14 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

বনানী বাড়ি ১০৮, রোড ৩, ব্লক এফ-এর নতুন রেস্তোরাঁ ‘প্ল্যাটার’-এ ঢুকতেই এ রকম সবুজের ছোঁয়া পাওয়া যায়।

আবার রাতে এই রেস্তোরাঁর পরিবেশ হয়ে যায় প্রাসাদের ভেতর সাজানো বাগানের মতো। পানির কলধ্বনি যখন কানে এসে বাজবে তখন মনে প্রশ্ন জাগতেই পারে, একটি বাড়ির ভেতরে ঝরনা এল কোথা থেকে?

তাহলে খোলাসা করা যাক বিষয়টা। প্ল্যাটার রেস্তোরাঁয় বসার ব্যবস্থা আছে ‘বাগানে’, গাছের নিচে। আবার মন চাইলে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক পরিবেশও রয়েছে।

দুই রকম পরিবেশ হলেও ছাদের নিচে ‘এসি’র ভেতর বসেও উপভোগ করা যায় বাইরের বাগানের সবুজ পরিবেশ। আবার চাইলে ছাদের উপরও বসা যায়। এখানে আছে টেবিল টেনিস খেলার ব্যবস্থাও।     

আর পানির কলধ্বনি? এই বাগানেই একটি ছোট অংশে আছে কৃত্রিম জলাধার, মধুর ধ্বনির উৎস সেখানেই। ঘণ্টা ‍দুয়েক বসে থাকলে সেই আওয়াজে মনে হবে চলে এসেছেন কোনো পাহাড়ি নদের কিনারায়!

আর এই পুরো বিষয়টির জন্য ‘দায়ী’ পারভেজ নামের এক তরুণ স্থপতি, এমনটাই জানালেন আহমেদ এ রহমান, প্ল্যাটারের ব্যবস্থাপনা পরিচালক।

রহমানের ভাষায়, ‘‘এই রেস্তোরাঁ করতে গিয়ে একটি গাছও কাটিনি আমরা, পরিবেশকে শ্রদ্ধা করে শুধু শৈল্পিকভাবে সাজানোর চেষ্টা করেছি।’’   

‘‘এই মহানগরে যখন ট্রাফিক জ্যাম, গরম, বিদ্যুত সমস্যা অথবা কাজের ধকলে প্রাণ ওষ্ঠাগত, তখন কিছুটা মুক্তির আশা হতে পারে এই প্ল্যাটার! পরিবেশের পাশে থেকে ভালো মানের খাবারও খেতে পারবেন।’’ কথার ফাঁকে বললেন আহমেদ এ রহমান।

রহমানের দাবি করেন, নীম বা আম গাছের নিচে বসে খেতে খেতে মনে হবে যেন প্রকৃতির মাঝেই বসে আছেন।   

পিৎজা এখানে যেভাবে বানানো হয় তাতে যে কোনো অতিথি চোখের সামনেই দেখতে পাবেন পুরো প্রক্রিয়াটি। মনে হতে পারে ‘আহা, কী সহজ!’  

রহমান দাবি করে বলেন, ‘‘ঢাকা শহরে এই প্রথম রেস্তোরাঁ যেখানে চোখের সামনে ওভেনে পিৎজা বানানো দেখতে পাবেন।”

তিনি আরও বলেন, ‘‘এই ওভেন গ্যাস বা বিদ্যুতে চলে না, কাঠের আগুনে তৈরি হয় পিৎজা। যে কারণে আমরা বলছি বাংলাদেশের প্রথম ‘উড ফ্রায়েড পিৎজা।”

ইতালিয়ান খাবারের আধিক্য মেন্যুতে লক্ষণীয়। এই রেস্তোরাঁর তৈরি ইতালিয়ান খাবার ‘আসল’ স্বাদের থেকে খুব বেশি আলাদা হবে না। কারণ এখানে কর্মরত এক রন্ধনশিল্পী মোস্তফা, ইতালির রোম শহরে ২৩ বছর রসুইঘরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

আছে বেশ কিছু ‘প্ল্যাটার’ যা শেয়ার করতে পারবেন দুজন। বেশ কয়েক ধরনের পিৎজা। সি ফুড পাস্তা জিভে নিশ্চিত জল আনবেই।

দুপুরের সেট মেন্যুর জন্য খরচ পড়বে ৭৫০ টাকা (ট্যাক্স ও সার্ভিস চার্জ বাদে)। রাতে ৫ কোর্স ডিনার সেট মেন্যু ১ হাজার ২৫০ থেকে শুরু।

সুপ এবং স্টার্টার আছে। চিকেন মোমো একজন নেপালি শেফের হাতেই তৈরি হয়। আর পাস্তা তো আছেই।    

মল্টেড লাভা নামে একটি কেক আছে। এটি রীতিমতো ‘সিনফুল’! বাইরের হালকা অংশটুকু যখন দাঁতে অনুভব করবেন তখন এর ভেতরের নরম চকলেট যেন আগ্নেয়গিরির ‘লাভার’ মতোই গড়িয়ে নামবে জিভে। তখন মনে হতে পারে ‘গোল্লায় যাক দুনিয়া!’

খাবারের জন্য অপেক্ষা করছেন? কিংবা বন্ধুদের আগমনের অপেক্ষা? নিচতলার সিঁড়ির পাশে রাখা আছে বেশ কিছু বই। পড়ে কাটাতে পারবেন সময়।

মোস্তফা ছাড়াও আরও  দুজন ‘কাবিল’ শেফ কাজ করেন রসুইঘরে। এ দুজনেরই আছে পাঁচতারা হোটেলে বেশ কয়েক বছর কাজ করার অভিজ্ঞতা। এরই মধ্যে একজন আবার ছিলেন মধ্যপ্রাচ্যের বেশ নামকরা একটি রেস্তোরাঁয়।   

ওয়াইফাই আছে সবার জন্য।

খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত।