২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে শীতল খাবার

আইসক্রিম, বরফঠাণ্ডা পানীয় খাওয়ার এই তো সময়। প্রচণ্ড গরমে আইসক্রিম আর কোলা পানীয় দিতে পারে শীতল পরশ। তাই দুপুরের খাবারের পর বা বিকেলে চায়ের বদলে চাই হিমশীতল পানীয়। আর বন্ধুদের আড্ডায় পাস্তার বদলে আইসক্রিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:53 AM

Updated : 13 Oct 2022, 12:07 PM

অথচ গরমে এসব খাবার শরীরের জন্য হয় হিতে বিপরীত। বিস্তারিত জানাচ্ছেন জনস্বাস্থ্য পুষ্টিবিদ আসফিয়া আজিম।

ঠাণ্ডা পানীয় বা আইসক্রিম— সাময়িক এই আরামটুকুই অল্প কিছুক্ষণের মধ্যে আপনাকে দ্বিগুণভাবে পিপাসার্ত আর ক্লান্ত করে ফেলে। বলা হয়ে থাকে শরীরের তাপমাত্রা থেকে কম তাপমাত্রার যে কোনো খাবার খেলেই তা আধা ঘন্টার মধ্যে শরীরের উষ্মতাকে কয়েকগুণ বাড়িয়ে দেয়।

পাশাপাশি আইসক্রিম বা কোলাজাতীয় পানীয়তে চিনি ও ক্যালরির পরিমাণ বেশি থাকায় তা কোনোভাবেই শরীরকে শীতল করতে সাহায্য করে না। বরং আরো বেশি পিপাসার্ত, শ্রান্ত করে তোলে। তাই গরমের দিনগুলোতে এমন খাবারই বেছে নেওয়া ভালো যেগুলো আমাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে ভেতর থেকে।

Image
কাঁচাআমে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ক্যারোটিন ও লৌহ আছে।

কাঁচাআমে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ক্যারোটিন ও লৌহ আছে।

কাঁচাআম

উষ্ম ও আদ্র আবহাওয়াতে এই ফলের শরবত যেমন মুখোরোচক তেমনই উপকারী। কাঁচাআমে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ক্যারোটিন ও লৌহ আছে। আরো আছে খাদ্যআঁশ ও মিনারেল।

কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত সরবরাহকে সচল রাখতে আমের জুরি মেলা ভার।

কাঁচাআম মাখিয়ে বা চাটনি হিসেবে অথবা ডালে দিয়েও খাওয়া যায়। এছাড়া এই ফলের মোরোব্বা আয়রনের একটি ভাল উৎস।

বাংলাদেশের গ্রামেগঞ্জে এখনও চৈত্র সংক্রান্তিতে কাঁচাআমের অম্বল বা টক রান্নার প্রচলন আছে। মনে করা হয়, বছর শুরুর আগে টক খেলে রক্ত পরিষ্কার হয়, শরীর শুদ্ধ হয়।

Image
গরমে তরমুজ খেতে পারলে পানিস্বল্পতার ভয় কমে যায়। ছবি: নয়ন কুমার / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গরমে তরমুজ খেতে পারলে পানিস্বল্পতার ভয় কমে যায়। ছবি: নয়ন কুমার / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

তরমুজ

১০০ গ্রাম তরমুজে ৯৫.৮ ভাগই জলীয় অংশ। তাই গরমে তরমুজ খেতে পারলে পানিস্বল্পতার ভয় কমে যায়। প্রশ্রাব এসিডিক হতে পারে না।

এই রসালো ফলে উল্লেখযোগ্য পরিমাণে আয়রন রয়েছে। পুষ্টিবিদরা জুসের বদলে সরাসরি তরমুজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ তরমুজ থেকে খাদ্যআঁশ পাওয়া যায় যা মেটাবলিক সিস্টেম বা বিপাকীয় প্রক্রিয়াকে ভালো রাখে।

ডাবের পানি

উষ্ম ও আদ্র আবহাওয়াতে শরীর থেকে ঘামের মাধ্যমে সোডিয়াম, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় অনেক উপাদান বেরিয়ে যায়। ডাবের পানিতে পটাশিয়াম বেশি পরিমাণে থাকে। তাই বাইরে থেকে আসার পরপরই এক গ্লাস ডাবের পানি শরীর থেকে বেরিয়ে যাওয়া ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণে অনেকটাই সাহায্য করে।

সাদা দই

গরম থেকে চট করে মুক্তি পেতে দইয়ের কোনো বিকল্প নেই। তবে মিষ্টিদই থেকে টকদই উষ্ম ও আদ্র আবহাওয়াতে শরীর শীতল করতে অনেক বেশি কার্যকর।

সাদা দই যেকোনো ভাবেই খাওয়া যেতে পারে। যেমন: লাস্সি, শরবত, রায়তা বা সালাদে মিশিয়েও খাওয়া যায়।

ভারতের কিছু কিছু অঞ্চল, যেমন কেরালার একটি জনপ্রিয় খাবার সাদা দই সঙ্গে আম আর ভাত। প্রচণ্ড গরমে দুপুরের খাবার হিসেবে এটি আর্দশ। দই থেকে প্রোটিন, ভাত থেকে কার্বোহাইড্রেট আর আম থেকে ভিটামিন এ— সারাদিনের পুষ্টি চাহিদার একটা বড় অংশ পূরণ হয় ঠাণ্ডা এই খাবারটির মাধ্যমে।

দইয়ের ব্যাকটেরিয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। যা খাবারকে সহজে হজম করার পাশাপাশি ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া বেশ কিছু মিনারেলের ঘাটতিও মিটিয়ে থাকে।

শুকনা ফল

সোডিয়াম, পটাশিয়ামের মতো চিনিও শরীরের জন্য দরকারী। অতিরিক্ত ঘামের ফলে গ্লুকোজের অভাব পূরণে খেজুর, কিশমিশ খুব উপকারী। তবে পেস্তাবাদাম, কাজু— এগুলো গরমের সময় না খাওয়াই ভালো।

Image
লাউ, মিষ্টি কুমড়া, শসা, কাঁচাপেঁপে গরমের সবজি হিসেবে আদর্শ।

লাউ, মিষ্টি কুমড়া, শসা, কাঁচাপেঁপে গরমের সবজি হিসেবে আদর্শ।

সবজি

আমাদের দেশে গরমকালে করলা খাওয়ার চল যুগ যুগ ধরে চলে আসছে। বলা হয়, করলার তেতো স্বাদ জিহবা ও শরীরের জন্য অত্যন্ত উপকারী। তেতো খাবার দেহকে ঠাণ্ডা করে।

এছাড়া লাউ, মিষ্টি কুমড়া, শসা, কাঁচাপেঁপে গরমের সবজি হিসেবে আদর্শ। গাজর, টমেটো, পালংশাক, মাসরুমও উপকারী। এসব সবজি হালকা, সহজপাচ্য, ক্যালরিও কম।

আমিষ

শরীরের জন্য এই খাবার প্রতিদিনই প্রয়োজন। অনেকের অভিযোগ গরমে ডিম, মাংসজাতীয় খাবার খেলে নাকি শরীরের তাপমাত্রা আরো বাড়ে। এই কারণে গরমকালে অনেকেই আমিষ এড়িয়ে চলেন।

আসলে প্রোটিন যেহেতু একটু গুরুপাক খাবার তাই অনেক সময় অতিরিক্ত তেল মসলায় রান্না করা প্রোটিন খেলে হাঁসফাঁসভাব লাগতে পারে। তবে শীত বা গ্রীষ্ম, দেহে প্রোটিনের প্রয়োজন সবসময়। তাই গরমে একটু সচেতন হয়ে আমিষ বাছাই করা ভালো।

যেমন: কুসুম বাদ দিয়ে ডিমের সাদাঅংশ খেলে প্রোটিনও পাওয়া যায় আবার সহজপাচ্যও হয়। মাংসের বদলে মাছ বেশি রাখা যায় মেন্যুতে। তবে মাংস খেলে দেশি মুরগির মাংস কম মসলাতে রান্না করে খাওয়াই শ্রেয়। অথবা, দইয়ের সঙ্গে মুরগির কোরমা কিংবা দই, লবণ আর মরিচের গুঁড়ায় গ্রিল করা মাংস খেলেও শরীর ভালো থাকবে।

গরমে প্রাণিজ উৎস থেকে প্রোটিন না নিয়ে উদ্ভিজ উৎস যেমন কাঁঠালের দানা, কিডনি বিন, ডাল, মটরশুঁটি এসব থেকেও আমিষের প্রযোজন পূরণ করা সম্ভব।

সারাবেলার খাবার তালিকা

গ্রীষ্মের দাবদাহে রুটিন করে খাবার খেলে গরমেও সুস্থ থাকা যায়। উষ্ম ও আদ্র আবহাওয়ায় খাবার মেন্যুর ছোট্ট একটা উদাহরণ দেওয়া হল। আশা করা যায় গরমকালে এই তালিকা অনুসরণ করে খাদ্যাভ্যাস গড়ে তুললে সুস্থ থাকা সম্ভব হবে।

সকাল ৭টা

লেবু, মধু দিয়ে এক গ্লাস হালকা কুসুম পানি অথবা চিরতা বা ত্রিফলা ভেজানো পানি।

সকাল ৮টা থেকে সাড়ে ৮টা

দুধ কর্নফ্লেক্স বা, ওটস অথবা দই-চিড়া বা, মুসলি কিংবা পাতলা হাত রুটি ২টি। সঙ্গে কম তেলে রান্না সবজি। ডিমের সাদা অংশ। দেশি কলা বা পেঁপে। সবুজ চা বা, চিনি ছাড়া লাল চা।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা

মৌসুমি ফল ১টি অথবা খেজুর, কিশমিশ একমুঠো।

দুপুর ১টা থেকে দেড়টা

ভাত ২ কাপ অথবা রুটি ২/৩টি (লাল চাল বা আটা হলে ভালো)। ছোট এক বাটি সালাদ (শসা, গাজর, কাঁচাপেপে ইত্যাদি দিয়ে)। পাতলা ঝোলের তরকারি (করলা বা পটল) বা, সবজি (লাউ বা শসা) বা, শাক। গ্রিল করা মাছ বা দইয়ে রান্না মুরগির মাংস (ছোট ২ পিস) বা, এক বাটি রান্না করা বিনস। ছোট এক বাটি ডাল। দই।

বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা

বিস্কুট ২টি অথবা দেশি পনিরে তৈরি স্যান্ডউইচ। কিংবা দই দিয়ে আম, কলা’র স্ন্যাকস। সবুজ চা বা, চিনি ছাড়া লাল চা।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা

রুটি ২/৩টি (আটা হলে ভালো)। পাতলা ঝোলের তরকারি বা সবজি। পাতলা ঝোলে মাছ বা মুরগির মাংস (ছোট ২ টুকরা)। ছোট এক বাটি ডাল।

রাত ১০টা

দুধ ১ গ্লাস।

সঙ্গে প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি।