জলরংয়ের ছন্দ
জলরংয়ে তুলির টানে মনের মাধুরি মেশানো ছন্দে কাগজে ফুটে উঠেছে প্রাকৃতিক দৃশ্য। আর সেইসব ছবির সংগ্রহ নিয়ে শুরু হয়েছে ‘ওয়াটার রাইমস টু’ চিত্রকলা প্রদর্শনী।
এডিএন টেলিকমের সহযোগিতায় ২৬ এপ্রিল উত্তরার গ্যালারি কায়াতে শুরু হওয়া এই আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
১০ জন শিল্পীর অংশগ্রহণে একদিকে আছেন প্রথিতযশা আঁকিয়ে— হামিদুজ্জামান খান, অলোকেশ ঘোষ, জামাল আহমেদ, কাজী রাকিব, রঞ্জিত দাশ, শিশির ভট্টাচার্য্য ও গৌতম চক্রবর্তী।
অন্যদিকে তরুণদের মধ্যে আছেন— কামালউদ্দিন, সোহাগ পারভেজ ও মো. শাহানূর মাহমুদ।
তাদের তুলির স্পর্শে কাগজের ক্যানভাসে রংতুলির মিলনে ফুটে উঠেছে গ্রাম-বাংলার রূপ, আন্ধকারাচ্ছন্ন ডোবা, সোনালি সূর্যাস্ত থেকে শুরু করে ক্যাম্বোডিয়ান গ্রাম বা পুরান ঢাকার সরুগলি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের এই অধ্যাপক আরও বলেন, “জয়নুল আবেদিন, কামরুল হাসান ও আমিনুল ইসলামের মতো শিল্পীরা জলরংয়ে শ্রেষ্ঠ কাজগুলো আমাদের উপহার দিয়েছেন। তারপর তারা যখন প্রবাস ঘুরে এলেন তখন সঙ্গে নিয়ে এলেন তৈলচিত্র ও সিরামিক মাধ্যম।”
“তবে তরুণ প্রজন্মের শিল্পীরা ১৯৬০ সালে দিকে আবারও জলরংয়ের বিস্তার ঘটাতে শুরু করে।” বললেন কক্সবাজারের শিল্পী কামালউদ্দিন।
তার আঁকা মহেশখালির সৈকতে মাছ ধরার একটি ট্রলারের ছবির সমানে দাঁড়িয়ে কামাল আরও বলেন, “আমার আঁকা ছবিতে ফুটে উঠেছে আমার বাড়ির প্রাকৃতিক দৃশ্য আর সেখানকার মানুষের ছবি।”
এই তরুণের আঁকা ছবির নৌকায় রয়েছে মনখারাপ করা আলোর উপর স্বচ্ছ বেগুনি রংয়ের আঁচ। সঙ্গে উজ্জ্বল সবুজ ও কমলার ছিটফোট।
অন্যদিকে ওস্তাদশিল্পী জামাল আহমেদের ছবি মনের ভেতর মহিমান্বিত অনুভূতির সৃষ্টি করে। তার আঁকা একটি ছবিতে দেখা যায়— সোনালি আভা ছড়ানো প্রাকৃতিক পরিবেশে রঙিন শাড়ি পরা এক কৃষ্ণ রমণী উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে দেখছে মাছ ধরার জাল, যেখানে সাদা রংয়ের ছোপে ফুটিয়ে তোলা হয়েছে মাছের আশায় চঞ্চল বকের পাখা ঝাপটানি।
“এই মাধ্যম খুব সাধারণ ও সুন্দরভাবে প্রায় সব কাজই অর্জন করে নেওয়া যায়।” বললেন রঞ্জিত দাশ।
সম্প্রতি এই শিল্পী ক্যাম্বোডিয়ার আঙ্গোর ওয়াট ঘুরে এসেছেন। তাই তার আঁকা ছবিতে স্পষ্ট হয়েছে প্রাচীনতম মন্দিরের চিত্র।
তার আঁকা একটি সবুজাভ ল্যান্ডস্কেপের দিকে নির্দেশ করে বলেন, “অথচ একটি জলরংয়ের ছবি আমাকে সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়।”
প্রদর্শনীতে অংশ নেওয়া তরুণ শিল্পী মো. শাহনূর মাহমুদ সিরামিকস মিডিয়াতে গ্র্যাজুয়েট হয়েও জলরংয়ের সুক্ষ্ম তারতম্যের মাধ্যমে ফুটিয়ে তুলেন ঋতু পরিবর্তনের কাহিনী।
গৌতম চক্রবর্তী তার সমকালীন মিনিয়েচারের মধ্যে নিয়ে এসেছেন— বিভিন্ন রংয়ের উজ্জ্বল হাতি, চার্লি চ্যাপলিন, মাদার তেরেজা।
“এইসব আমার প্রিয় বিষয়। তাই সময়ের ধারাবাহিকতায় তারা আমার কাজে চলে আসে।” বললেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম।
তিনি আরও বলেন, “আর্টশপ বা যাদুঘর থেকে গ্যালারির পার্থক্য হচ্ছে, এখানে ছবি শুধু প্রদর্শনী বা বিক্রির জন্যই দেয়ালে টাঙানো হয় না, বরং শিল্পী ও শিল্পকর্মের প্রসারেও সহায়তা করে।”
গৌতম জানান, বাংলাদেশে জলরংয়ের কাজ পুর্নজীবিত করতে ২০১২ সালে তারা ১৬জন শিল্পী নিয়ে প্রথমবারের মতো আয়োজন করে ‘ওয়াটার রাইমস’ প্রদর্শনী।
অধ্যাপক সমরজিত রায় বলেন, “শিল্পীরা তাদের কাজে জন্য সম্মান পায়। এক্ষেত্রে বাংলাদেশ অনন্য। এমনকি মধ্যবিত্তরা সামর্থের মধ্যে শিল্পকর্ম সংগ্রহ করেন।”
তিনি আরও বলেন, “কিছু ক্রেতার কাছে জলরংয়ের চাইতে তৈল বা অ্যাক্রেলিকচিত্র বেশি মূল্যবান। কারণ তারা মনে করে এগুলো টেকে বেশিদিন।”
“তবে সেই দিন আর নাই, আর আমাদের শহরেও পরিবর্তন এসেছে। আমরা কোথায় যাচ্ছি তা বুঝতে এই প্রদর্শনী সাহায্য করবে।” কথার ফাঁকে যুক্ত করলেন বাংলাদেশের শিল্পকলায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাওয়া এই অধ্যাপক।
উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে এই প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত। এছাড়া শিল্পকর্মগুলো দেখতে ভিজিট করতে পারেন www.artitude.com.bd.
