ঢাকা ট্র্যাভেল মার্ট
কালবৈশাখি না হলেও, এরই মাঝে নিজস্ব ঢংয়ে বাংলা নববর্ষ বরণ করে নিয়েছে বাংলাদেশবাসি।
শহর থেকে বন্দর, বঙ্গীয় ব-দ্বীপের প্রতিটি ইঞ্চি কণা আজ বৈশাখি রোদের তাপ পোহাচ্ছে। তবে নাগরিক জীবনে গ্রীষ্মের এই একরোখা রোদ কখনও কখনও ক্লান্তি আর অবসাদ ডেকে আনে। এরই মাঝে কর্মব্যস্ত নাগরিকদের জন্য একটুখানি মঙ্গলবারতা নিয়ে এলো, ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক পর্যটন মেলা, ঢাকা ট্র্যাভেল মার্ট ২০১৪।
গেলো কয়েক বছর ধরেই, আয়োজন করে ভ্রমণে বেরুনোর বেশ একটা চল শুরু হয়েছে শহরবাসীর মাঝে। আর তাই কাঠফাঁটা গরমেও নাগরিক জীবনে প্রশান্তির ছোঁয়া এনে দিতে, ভ্রমণবিষয়ক হরেকরকম পসরা নিয়ে ১৬ এপ্রিল শুরু হল এই পর্যটনমেলা।
ঢাকার দি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী মেলার এটা একাদশতম আয়োজনের। অন্যবারের মতই এবারও মেলার নেপথ্যের নায়ক, দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক— দি বাংলাদেশ মনিটর। দেশের পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতকে আরও বেশি জনপ্রিয় ও জনমুখী করে তুলতে এই মেলার সহযোগী আয়োজক হয়েছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এয়ারলাইন পার্টনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মেলায় অংশ নেওয়া নভোএয়ারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেলো, মেলা চলাকালীন প্রতিষ্ঠানটির ‘ফ্রিকোয়েন্ট ফ্লায়ার’-এর তালিকায় নাম উঠালে ১০ শতাংশ মুল্যছাড় দিবেন তারা।
এছাড়া ‘টাইগার এয়ার’-এর জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) হিসেবে, সিঙ্গাপুরে একবার যাওয়া-আসার জন্য, সর্বনিম্ন ২৪ হাজার ৬০০ টাকা মূল্য নির্ধারণ করেছে্ন তারা। পাশাপাশি মেলার সময় পূরণ করা টোকেন থেকে, লটারির মাধ্যমে দশজনকে বাছাই করে সিঙ্গাপুরে যাওয়া-আসার ফ্রি টিকিট দিবে টাইগার এয়ার।
এরকম দেশি-বিদেশি, ছোট-বড় প্রায় ৫০টি প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে এবারের মেলায়। প্রত্যেকেরই রয়েছে নানান রকম অফার; যার মধ্যে থাকছে মূল্যছাড়, হ্রাসকৃত মুল্যে বিমান টিকিট ও প্যাকেজ ট্যুর।
যেমন - মাহিমা ট্যুরস এন্ড ট্র্যাভেলস মেলা উপলক্ষে তাদের ইউরোপে ট্যুর প্যাকেজে ২০ আর এশিয়ান ট্যুরে ১০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। কক্সবাজারের হোটেল সি ক্রাউনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের যেকোনো রুমের ভাড়াতেই থাকছে ৬০ শতাংশ মূল্যছাড়।
আর মিহিন লংকা ফ্লাইটস, তাদের অন্যান্য সার্ভিসের সঙ্গে নতুনভাবে যোগ করছে, ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেইশ্যাল যাওয়ার ফ্লাইট। একটু অপরিচিত লাগছে তো নামটি। হ্যাঁ দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই রাষ্ট্রটি গড়ে উঠেছে আসলে ১৫৫টি ভিন্ন ভিন্ন দ্বীপ নিয়ে।
এতসব কথা শুনে একবার ঘুরে আসতে মনে চাইলে চলে যান মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত, আপনার মতো ভ্রমণপিয়াসূ দর্শনার্থীর জন্যই খোলা থাকবে। মাত্র ২০ টাকা মূল্যের টিকিট কেটে একবার ঢূঁ মেরে আসতে পারেন। আর প্রবেশ টিকিটের উপরও থাকছে র্যা ফেল ড্র।
শুক্রবার সন্ধ্যায়, উপস্থিত দর্শনার্থীদের সামনে এই র্যা ফেল ড্র অনুষ্ঠিত হবে; যার পুরষ্কার হিসেবে থাকছে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ, নামকরা সব হোটেলে বিনামূল্যে খাবার ব্যবস্থা।
