২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গসাল ও পহেলা বৈশাখ

বঙ্গাব্দ সৃষ্টির আগে এই এলাকায় প্রচলিত ছিল নানান পঞ্জিকা। কৃষিকাজের সুবিধার্থে একসময় বাংলা পঞ্জিকার প্রচলন শুরু হয়। তৈরি হয় বাংলা নববর্ষ। হিজরি বছর থেকে বাংলা বছর, সেখান থেকে পহেলা বৈশাখ— এসব বিষয় নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন তরুণ ইতিহাস গবেষক রিদওয়ান আক্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 08:46 AM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।

বর্ষবরণের আনন্দে শিশুরাও মেতে ওঠে। বর্ষবরণের আনন্দে শিশুরাও মেতে ওঠে।

বৈশাখের প্রথম দিনে বর্ষবরণ উৎসবে পান্তা-ইলিশের পসরা। বৈশাখের প্রথম দিনে বর্ষবরণ উৎসবে পান্তা-ইলিশের পসরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।

শহুরে জীবন ইংরেজি পঞ্জিকা দেখেই চলে। তবে উৎসব পালনের কথা বললে অন্য কথা। একটা দিন ধরে সবাই মিলে ‘বাঙালি’ হওয়ার আনন্দটা কম নয়! উৎসবে অংশ নেওয়াই বড় কথা।

অতীতের দিকে তাকলে দেখা যাবে পহেলা বৈশাখ আপামর বাঙালির জীবনে নিয়ে আসতো এক অপার আনন্দের বারতা। সেই উৎসব উদযাপনের আমেজটুকু আজকে কতটুকুই বা উপস্থিত থাকে। সেসব পাশ কাটিয়ে নজর দেওয়া যাক বাংলা নববর্ষের উৎপত্তির দিকে।

বাংলা বছরের সঙ্গে জড়িয়ে আছে বাংলার কৃষিভিত্তিক সমাজ। আরও বৃহৎ অর্থে বললে পুরো ভারতবর্ষের কৃষিভিত্তিক সমাজ। বাংলা পঞ্জিকার আগে প্রচলিত পঞ্জিকাগুলোতেও সেই ধারা কম বেশি যুক্ত ছিল। রাজা-বাদশাদের রাজস্ব আদায়ের সুবিধা হিসাব করেই নজর দেওয়া হয়েছে এই সব পঞ্জিকায়।

বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র— এই  মাসগুলো হিসাব করে কৃষকসমাজ একটা লম্বা সময় ধরে কাজ করে যায়। ফলে তাদের প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডগুলোও নিয়ন্ত্রিত হয়ে থাকে এই সব মাসগুলো কেন্দ্র করে। বাংলার কৃষক যেমন ক্ষেতে বীজ বপন করে বাংলা পঞ্জিকাকে সামনে রেখে, তেমনি ফসলও কাটতে মাঠে হাজির হয় সেই পঞ্জিকা দেখেই। এখানে ইংরেজি পঞ্জিকার কোনো প্রভাব থাকে না।

শুধু কি চাষবাস! পূজাপার্বণ, বিয়েশাদিসহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডগুলো সাধারণত বাংলা পঞ্জিকা ঘিরেই পরিচালিত হয়।

নববর্ষ পালনের মূলে রয়েছে কৃষি। তাই প্রাচীন সময় থেকেই দেখা যায়, কালের পরিমাপের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বছর হিসাব করে গণনার প্রথা প্রচলিত হয়ে আসছে। বছর গণনায় প্রধাণত তিনটি পদ্ধতি অনুসরণ করে এগিয়ে গেছে। সৌরবর্ষ, চন্দ্রবর্ষ এবং নক্ষত্রবর্ষ।

সৌরবর্ষ নির্ধারণ করা হয়েছে সূর্যের বার্ষিক গতি অনুসারে। ৩৬৫ দিনে এক সৌরবর্ষ। পৃথিবীর অধিকাংশ দেশেই এই সৌরবর্ষ পালন করা হয়ে থাকে। চাঁদের গতি অনুসারে চন্দ্রবর্ষ এবং নক্ষত্র অনুসারে যে বছর গণনা করা হয় তা হচ্ছে নক্ষত্রবর্ষ।

প্রাচীনকালে মানুষের কৃষিকর্ম ছিল ঋতুভিত্তিক। এ সম্বন্ধে এনামুল হক নববর্ষ বিষয়ক তাঁর এক প্রবন্ধে লিখেছেন, ‘গোড়ায় নববর্ষ ছিল মানুষের ‘ঋতুধর্মী উৎসব’। ঋতুধর্মী বলে কৃষির সঙ্গেও এর সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। কারণ কৃষিকাজ একটি ঋতু নির্ভর মানব বিজ্ঞান। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে এবং বিভিন্ন কারণে বিভিন্ন বর্ষের সৃষ্টি হয়েছে। প্রধানত কখনও তা ধর্মীয়, কখনোবা রাষ্ট্রপ্রভুত্ব প্রভাবিত। যেমন কিনা খ্রিস্টধর্মের প্রচারক যিশুখ্রিস্টের অনুসরণে সম্পর্কিত হয়ে রয়েছে খ্রিস্টাব্দ। ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ (স.) মক্কা ত্যাগ করে হিজরত করেছিলেন মদিনায়। সেই থেকে হিজরি সালের গণনা।”

হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে ভারত উপমহাদেশে বাংলা ১২টি মাস অনেক আগে থেকেই পালিত হত। এই সৌর পঞ্জিকার শুরু হত গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরালা, মনিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হত।

সে কারণে বলা যেতে পারে, এই উপমহাদেশে প্রচলিত ছিল বেশ কিছু বর্ষপঞ্জিকা। এর মধ্যে ১০টি প্রধান বর্ষপঞ্জিকার কথা জানা যায়- বঙ্গাব্দ, হিজরি, শকাব্দ, সংবৎ, মগী, বগড়ী, বুদ্ধাব্দ, চৈতন্যাব্ধ, লানকাব্দ এবং ইংরেজি।

মুসলমানরা এদেশে আসার আগে সাধারণ এই সালগুলো প্রাত্যহিক জীবনে গুরুত্ব সহকারে ব্যবহূত হত। এরপরে ত্রয়োদশ শতাব্দি থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দি পর্যন্ত মুসলিম শাসকবর্গের রাজকার্যে হিজরি সালের ব্যবহার ছিল। এ সময়ে দলিলপত্র ছাড়াও প্রচলিত মুদ্রায় ও শিলালিপিতেও হিজরি সালের উল্লেখ পাওয়া যায়।

মধ্যযুগের কোনো কোনো পাণ্ডুলিপিতে রচনাকাল হিজরিতে প্রদত্ত হয়েছে। যেমন ষোড়শ শতাব্দির কবি সৈয়দ সুলতান তার ‘শব-ই-মেরাজ’ গ্রন্থের রচনাকাল নির্দেশ করেছেন ৯৯৪ হিজরি (১৫৮৬ খ্রিস্টাব্দ)। উনিশ শতকেও বাংলা পুঁথিতে হিজরি সালের উল্লেখ পাওয়া যায়।

এবার আসা যাক বাংলা সালের প্রচলনের বিষয়ে। আর এই সালের শুরু নিয়ে চালু আছে দুটি মত।

প্রথম মত অনুযায়ী— প্রাচীন বাংলায় (গৌড়) রাজা শশাঙ্ক (রাজত্বকাল আনুমানিক ৫৯০-৬২৫ খ্রিষ্টাব্দ) বঙ্গাব্দ চালু করেছিলেন। সপ্তম শতাব্দীর শুরু দিকে শশাঙ্ক ছিলেন বাংলার রাজচক্রবর্তী রাজা। আধুনিক ভারতের বাংলা, বিহার ও উড়িষ্যার অধিকাংশ এলাকা ছিল তাঁর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। অনুমান করা হয় যে, জুলিয়ান ক্যালেন্ডারের সোমবার ১২ এপ্রিল ৫৯৪ এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সোমবার ১৪ এপ্রিল ৫৯৪ বঙ্গাব্দের সূচনা হয়েছিল।

দ্বিতীয় মত অনুসারে, ভারতে ইসলামি শাসনামলে হিজরি পঞ্জিকা অনুসারেই সকল কাজকর্ম পরিচালিত হত। ভারতের সুলতানদের পর এই ধারাবাহিকতা মোগল শাসনামলের প্রথমদিক পর্যন্ত বজায় ছিল। এর প্রমান পাওয়া যায়, সম্রাট আকবরের সভাসদ এবং ঐতিহাসিক আবুল ফজলের ‘আকবরনামা’তেও।

এতে তিনি উল্লেখ করেছেন, ‘আগে মোগল সম্রাটরা রাজ্য পরিচালনায় ও রাজস্ব আদায়ে হিজরি সন ব্যবহার করতেন।’

পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সালের প্রচলন তো ছিলই। ফলে কোনো সালই সেভাবে সার্বিক স্বীকৃতি পায়নি। স্বাভাবিকভাবেই সালের এই সব ভিন্নতা প্রজাদের জন্য বেশ বিব্রতকর কারণ হয়ে দাঁড়িয়েছিল।

মূল হিজরি পঞ্জিকা চান্দ্রমাসের উপর নির্ভরশীল। চান্দ্রবছর সৌরবছরের চেয়ে ১১ থেকে ১২ দিন কম হয়। কারণ সৌরবছর ৩৬৫ দিন, আর চান্দ্রবছর ৩৫৪ দিন। এ কারণে চান্দ্রবছরের ঋতুগুলি ঠিক থাকে না।

চাষাবাদ ও এ ধরনের অনেক কাজ ঋতুনির্ভর। ফসল ঘরে উঠলেই তো প্রজারা কর দিতে পারবে। স্বভাবতই শাহি লেনদেন এবং প্রজাসাধারণের সুবিধার্থে একটি সৌরসাল প্রবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন মোগল সম্রাট আকবর। দিন, তারিখ গণনার সময়োপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি সংস্কারের সিদ্ধান্ত নেন তিনি। আর এজন্য দায়িত্ব দেয়া হয় ইরান থেকে আগত বিশিষ্ট বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজীকে।

তাঁর কাজ শেষে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ বা ১১ মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (১৫৫৬) থেকে। আর এজন্যই বঙ্গাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের পার্থক্য (১৫৫৬-৯৬৩ বঙ্গাব্দ)।

প্রথমদিকে এই সালের নাম ছিল ‘তারিখ-ই-এলাহি’। এই মোগলাই সালের মাসের নামগুলো স্বাভাবিকভাবেই প্রচলিত ছিল ফার্সি ভাষায়, যথা: কারোয়ার দিন, উর্দি বাহিশ, খোরদাদ, তীর, মুরদাদ, শাহরিবার, মেহের, আযান, আজার, দে, বাহমান ও ইস্কান্দার মিজ। পরে ‘তারিখ-ই-এলাহি’ পরিচিত পায় ‘ফসলি সাল’, ‘বঙ্গাব্দ’ বা ‘বাংলা বর্ষ’ নামে।

সম্রাট আকবরের আমলে প্রতি মাসের ৩০/৩১ দিন প্রতিটি দিনের আলাদা করে নাম ছিল। এতসব দিনের নাম সাধারণ মানুষের মনে রাখা মোটেই সহজসাধ্য ছিল না। সম্রাট আকবরের পৌত্র সম্রাট শাহজাহান পরে আবার বঙ্গাব্দ সংস্কার করেন। ধারণা করা হয়, কোনো এক পর্তুগিজ জ্যোতির্বিদের সহায়তায় পশ্চিমের পঞ্জিকা অনুসরণে সম্রাট শাহজাহান মাসের ৩০/৩১ নাম বিলুপ্ত করে ৭ দিনে এক সপ্তাহ এবং ৭ দিনের নাম রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবারের প্রচলন করেন।

বঙ্গাব্দ বা ফসলি সাল প্রবর্তনের সঙ্গে সঙ্গে তখন প্রচলিত স্থানীয় চান্দ্রমাসগুলো সৌরমাসে পরিণত করা হয়। ফলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ প্রভৃতি নামও বঙ্গাব্দের বিভিন্ন মাসের নামরূপে গৃহীত হয়। তবে সেটা স্থানীয়দের সুবিধার জন্য। তবে খাতাপত্রে স্থান পেতো ‘তারিখ-ই-এলাহি’ সালের ফার্সি ভাষার মাসগুলো।

প্রাচীন বাংলা পুঁথিতে বঙ্গাব্দের বহুল ব্যবহার পরিলক্ষিত হয়। গত চারশ’ বছরে অর্থাৎ আকবরের বাংলা সাল প্রবর্তনের পর হয়ত কৃষি ও ঋতুর সঙ্গে যুক্ত অনেক অনুষ্ঠান এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে হত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। যা পরে সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়। সময় সময় এসব অনুষ্ঠানের উদযাপনে এসেছে পরিবর্তন।

আমাদের নববর্ষের সঙ্গে জড়িয়ে আছে ‘হালখাতা’। যেটির ঐতিহ্য এতোগুলো বছর পরেও অটুট রয়েছে। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়। এতে বাংলা সালের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করা হয়। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা— সব জায়গাতেই পুরানো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। প্রধানত ব্যবসায়ী মহল এটি পালন করে থাকে।

শহর-বন্দরে, গ্রামের দোকানে লালসালুতে বাঁধানো খাতা নিয়ে বসে থাকে দোকানের মালিক। দোকান তারা সাজায় রঙিন কাগজে ফুল-পাতা দিয়ে। নতুন বছরের নতুন খাতা নিয়ে ক্রেতা বা অতিথিকে মিষ্টি মুখ করায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা। এটা ঠিক হালখাতা যেমন পুরানো ঐতিহ্য নিয়ে এখনো টিকে আছে ঠিক তেমনি নববর্ষের কিছু কিছু আনুষ্ঠানিক বিষয়ও বিলুপ্তও হয়ে গেছে।

প্রায় লুপ্ত হয়ে গেছে এরকম একটি অনুষ্ঠান ‘পুণ্যাহ’। এর উদ্ভব কাল সম্পর্কে ঠিক জানা যায় না, তবে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্তির আগে পর্যন্ত তা ছিল। পুণ্যাহ যুক্ত ছিল নববর্ষের সঙ্গে। ওইদিন প্রজারা ভালো পোশাক পরে জমিদারির কাচারিতে গিয়ে খাজনা নজরানা দিত। খাজনা দিয়ে প্রজারা জমিদারদের কাছ থেকে পান গ্রহণ করত। জমিদারের হাত থেকে পান গ্রহণ করে প্রজারা যেন ধন্য হয়ে যেত; এ যেন পুণ্য করে ধন্য হওয়ার মতো ব্যাপার। তাই ‘পুণ্য’ থেকে ‘পুণ্যাহ’র উদ্ভব।

গ্রামবাংলায় পহেলা বৈশাখ মানেই মেলা। গ্রামের এই মেলাগুলো বসে সাধারণত বড় গাছতলায়, গ্রামের একপ্রান্তে, নদীর ধারে। এইসব মেলায় থাকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস আর নানান রকমের খাবার। এছাড়াও থাকে হরেক রকমের খেলার আয়োজন। গ্রাম ছাড়িয়ে সেই মেলা এখন চলে এসেছে শহরে, নগরে।

আধুনিক বাংলা নববর্ষ উদযাপনের খবর প্রথম লিখিত তথ্য পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম মহাযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ উদযাপনের কথা জানা যায়।

নাগরিক জীবনে ঘটা করে পহেলা বৈশাখ উদযাপনের শুরুটা হয় গত শতকের ষাট দশক থেকে। এ সময়ে এসে বাংলা নববর্ষ উদযাপনে এক নতুন রাজনৈতিক মাত্রা লাভ করে। পাকিস্তানি স্বৈরশাসকরা বাংলা নববর্ষের উদযাপনকে কখনোই সুনজরে দেখেনি। সেই আমলে এ অঞ্চলে নববর্ষের বদলে ইরানের মীনাবাজারকে জনপ্রিয় করা চেষ্টাও চালিয়েছিল তারা। তবে সফল হয়নি।

আইয়ুব আমলে রবীন্দ্রসঙ্গীত ও বাঙালি সাংস্কৃতির ওপর আক্রমণ আসে। আর এর প্রতিবাদস্বরূপ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ১৯৬৭ সালে পহেলা বৈশাখে নববর্ষ পালন উপলক্ষে রমনার বটমূলে রবীন্দ্রসঙ্গীতের আয়োজন করে। ছায়ানটের শিল্পীরা সম্মিলত কণ্ঠে গানের মাধ্যমে নতুন বছরের সূর্যকে আহবান করে। সেই থেকে শুরু। আর এখন তো ছায়ানটের এই আয়োজন ছড়িয়ে গিয়েছে সারা দেশে।

বাংলা নববর্ষ শুধু আনন্দ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কাজ করেছে আমাদের স্বাধিকার আন্দোলনের শক্তিরূপে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলা নববর্ষ উদযাপনের জন্য ঘোষিত হয় সরকারি ছুটি।

ছায়ানটের অনুষ্ঠানের মতো পহেলা বৈশাখ উদযাপনের আবশ্য অনুসঙ্গ হয়ে দাড়িয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’। বৈশাখের প্রথমদিনের সকালবেলায় এতে অংশগ্রহণ করে চারুকলার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষ। এই শোভাযাত্রায় থাকে বিভিন্ন ধরনের প্রতিকী শিল্পকর্ম। থাকে বাংলা সংস্কৃতির পরিচয়বহনকারী নানান উপকরণ, রং-বেরংয়ের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিলিপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে ১৯৮৯ সালে শুরু হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। সে বছরই লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই আনন্দ শোভাযাত্রা। তারপরের বছরও চারুকলার সামনে থেকে এই আনন্দ শোভাযাত্রা বের হয়। সেটা বের করে চারুশিল্পী সংসদ।

শুরুর দিকে চারুকলার এই শোভাযাত্রার নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল না। তখন এটি পরিচিত হত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ হিসেবেই। ১৯৯৬ সাল থেকে এটি ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিতি লাভ করে।

লেখকের প্রকাশিত বই: ঢাকার ঐতিহাসিক নিদর্শন, ঢাকার কোচোয়ানরা কোথায়, ড’য়লির ঢাকা, ঘটনা সত্যি, ঢাকাই খাবার, ঢাকা কোষ (যৌথ), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত।