২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার সাজ ও অন্যান্য

মার্চের ২৬ তারিখ শুধুই একটি ছুটির দিন নয়। সময়ের আবর্তণে এ দিনের ভয়াবহতা আমরা অনেকেই হয়ত অনুভব করতে পারি না। তাই বলে এই বিশেষ দিন আমরা অগ্রাহ্যও করি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 09:21 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

স্বাধীনতার সাজ স্বাধীনতার সাজ

লাল-সবুজের টুকিটাকি লাল-সবুজের টুকিটাকি

স্বাধীনতা দিবস ঘিরে এখন উৎসব হয়। লাল-সবুজের পোশাকে ছেয়ে যায় সারা দেশ। সাজসজ্জাতেও থাকে পতাকার রং। এগুলো শুধুই নিয়ম রক্ষার জন্য নয়, স্বাধীনতার চেতানা বুকে ধারণ করে প্রকাশের মাধ্যম মাত্র।

পতাকার দরদাম

প্রায় সবাই স্বাধীনতা দিবসে বাড়িতে বা গাড়িতে পতাকা ওড়ান। ফেরিওয়ালাদের কাছে থাকা সবচেয়ে বড় সাইজের পতাকা মিলবে ৩০০-৩২০ টাকায়। এছাড়া বিভিন্ন আকৃতির পতাকার দাম ২৫০-১৩০ টাকা। একদম ছোট সাইজের পতাকার দাম পড়বে ৫০-৭০ টাকার মধ্যে।

এ ছাড়া প্লাস্টিক পাইপের সঙ্গে আটকানো একেবারে খুদে পতাকা পাওয়া যাবে ১০-১৫ টাকায়। এ ছাড়া লাল-সবুজ রংয়ের মাথায় ও হাতে পরার ব্যান্ড এবং ফিতা পাওয়া যাবে ২০-৩০ টাকার মধ্যে। তবে এলাকাভেদে এ দাম কিছুটা কমবেশি হতেই পারে।

মতিঝিল এলাকার পতাকা বিক্রেতা আজিম বলেন, “আমাদের কাছে থাকা সব পতাকাই ৬:৩ অনুপাতে তৈরি করা হয়, যা সাধারণ ব্যবহার বিধির মধ্যে পড়ে। আমরা সাধারণত পুরান ঢাকা থেকেই পাইকারি দরে পতাকা কিনে এনে বিক্রি করেন। কিছু পতাকা স্ট্যান্ডে সাজানো থাকলেও বাকিগুলো রয়েছে স্ট্যান্ডের নিচে রাখা ব্যাগের ভেতর।”

প্রতিদিন কেমন লাভ হয়? এমন প্রশ্নের উত্তরে এই পতাকা বিক্রেতা বললেন, “মার্চ আর ডিসেম্বর মাসে অন্য কাজ ফেলে পতাকা বিক্রি করি, লাভ নিয়ে ভাবি না, আনন্দটাই আসল।”

স্বাধীনতার সাজ

এই দিনে অনেকেই বেড়াতে বের হন। গরমের সময় বলে সাজেও দিতে হবে বিশেষ নজর। এই আবহাওয়া্য় মেইকাপের আদ্যোপান্ত জানাচ্ছেন নভীন্‌স অ্যারোমা থেরাপীর কর্ণধার আমিনা হক।

রূপ-রং

গায়ের রংয়ের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন লাগান। খেয়াল রাখবেন গলা, ঘাড় ও হাত যেন বাদ না পড়ে। কারণ কামিজ, ফতুয়া বা শাড়ি যাই পরুন না কেন, এ অংশগুলো বেরিয়ে থাকবে।

এবার ত্বকের রং অনুযায়ী কমপ্যাক্ট বেছে নিন। ফরসা হলে রোজ টোন ও শ্যামলা হলে অলিভ টোনের কমপ্যাক্ট ব্যবহার করলে বেশি ভালো দেখাবে। এই দিনে বেশিরভাগই লাল-সবুজে পোশাক পরেন, তাই ব্লাশন দিন লালচে ঘেঁষা।

চোখ সাজাতে পারেন লাল ও সবুজের মিশ্রণে, বা শুধু লালচে।  আবার্ সবুজ শেইডও ব্যবহার করতে পারেন। হাইলাইটার হিসেবে ব্যবহার করতে পারেন গোল্ডেন বেইজের কোনো রং।

কাজল বা আইলাইনার পরুন চোখের আকার অনুযায়ী। ঠোঁট সুন্দর করে এঁকে নিয়ে মানানসই লিপস্টিক লাগান। যারা লাল বা লালচে লিপস্টিক ব্যবহার করতে চান না তারা বেছে নিতে পারেন স্বাভাবিক যে কোনো রং।

সাজ পূর্ণ করতে এবার পরে ফেলুন একটা টিপ। লালের পাশাপাশি সেটি হতে পারে লাল-সবুজ অথবা পোশাকে ব্যবহৃত অন্য কোনো রং।

যেহেতু গরম তাই নিজের পছন্দ অনুযায়ী বেঁধে ফেলতে পারেন চুল এবং পরতে পারেন ফুল। ফুল হতে পারে লাল গোলাপ, জারবেরা বা জিনিয়া।

গয়না

লাল-সবুজের ফ্যাশনে অন্যান্য জিনিসের আয়োজনেও অপূর্ণতা নেই। মেয়েদের পোশাকের সঙ্গে মিল রেখে পাওয়া যাচ্ছে গলার মালা, চুড়ি ও কানের দুল। চারুকলার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায়, নিউ মার্কেট ও দেশীয় ফ্যাশন হাউজগুলোতে লাল-সবুজ রংয়ের প্রাধান্য পাওয়া এসব ফ্যাশন অনুষঙ্গের পসরা বসে।

দরদাম হাতের নাগালের মধ্যেই। মাটির তৈরি গলার মালা ৩০-৭০ টাকা। মেটাল ১৫০-৩০০ টাকা। অন্যান্য গয়না ৭০-৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।

সাদামাটা চেইনের সঙ্গে থাকা লাল-সবুজ পতাকার আদলে তৈরি মাটির লকেট মানিয়ে যাবে যে কোনো দেশীয় পোশাকের সঙ্গে।

লাল-সবুজ চুড়ির দাম নির্ভর করবে ধরনের ওপর। মাটি, প্লাস্টিক, মেটাল ও কাঠের তৈরি এক জোড়া চুড়ির দাম ৮০-২০০ টাকা। এ ছাড়া কাচের কিংবা রেশমি চুড়িও বেছে নিতে পারেন। বালা ধরনের লাল-সবুজ চুড়ি পাওয়া যাবে রাজধানীর চারুকলা আর আজিজ সুপার মার্কেটের দোকানগুলোতে।

আনুষঙ্গিক

শুধু পোশাক আর মেইকআপ নয়, নজর রাখতে হবে পোশাকের সঙ্গে আর যা কিছু পরবেন, তার সব দিকেই!

ব্যাগ ও জুতা হওয়া চাই পোশাকের সঙ্গে মানানসই। পুরোপুরি লাল না হলেও লাল রংয়ের ছোঁয়া আছে এমন ব্যাগ ও জুতা ব্যবহার করুন। সবুজ রংয়ের ব্যাগ ব্যবহার না করাই ভালো।

নিজেকে সুন্দর করে উপস্থাপন করাটা যে কোনো উপলক্ষে জরুরি। তাই উগ্রতা নয়, স্নিগ্ধতাই হোক আপনার পরিচয়।

টুকিটাকি

মোম থেকে মগ— সবখানেই লাল-সবুজের ছড়াছড়ি। আড়ং, যাত্রা এবং বিভিন্ন গিফটশপে লাল-সবুজ রংয়ের বাহারি মোম মন কেড়ে নেয় সহজেই। পতাকার রংয়ের সঙ্গে জড়ির কাজ করা মোমের প্রতি তরুণদের ঝোঁকটা একটু বেশি।

মগের গায়ে শুধু পতাকা নয়, ফুটে উঠেছে লাল-সবুজ রংয়ের নানান নকশা। বিভিন্ন গিফট শপের পাশাপাশি চাইলে কাঁটাবন কিংবা হাতিরপুল এলাকা থেকে পছন্দমতো লাল-সবুজ নকশায় রাঙিয়ে নিতে পারেন যে কোনো মগ।

স্বাধীনতা দিবসের উপহার হিসেবে এসব মগ বেশ নান্দনিক।

লাল-সবুজের ছটা লেগেছে নোটবুক, ডায়েরি কিংবা ছবি আঁকার খাতাতেও। মাঝখানে লাল বৃত্ত আর পুরো কভারটিই সবুজ। আবার সবুজ কভারের ওপর লাল রংয়ের দেশি মোটিফে আলপনা! এমন অনেক বাহারি নকশা ফুটে উঠেছে কাভার ডিজাইন হিসেবে। গ্রাসহোপারস কিংবা অন্যান্য খাতা-কলমের দোকান থেকে বেছে নিতে পারেন বিশেষ এ পণ্যটি।

চাইলে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন আপনার ডায়েরি কিংবা নোট বুকটির কভার। নীলক্ষেত-টিএসসি এলাকার বই বাঁধাই করেন যারা তাদের সাহায্য নিতে পারেন। এতে করে ব্যবহৃত অথবা নতুন দু’ই পাবেন স্বাধীনতা ছোঁয়া।

কভার হিসেবে বেছে নিতে পারেন নরম সুতি কাপড় কিংবা কাগজ। রং হিসেবে লাল-সবুজ বেছে নিয়ে নান্দনিক নকশা করে নিতে পারেন আপনার মনের মতো করে। বন্ধু কিংবা ছোট বড় সবার জন্যই এটি হতে পারে স্বাধীনতার মাসে সবচেয়ে সুন্দর উপহার।