একুশের প্রহরে প্রহরে
ভাষা আন্দোলনের স্মৃতিময় বেশ কয়েকটি স্থান ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এর প্রতিটিই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই একুশে ফেব্রুয়ারির ছুটির দিনে ঢাকার এসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে পারেন।
একুশের সাজ। একুশের সাজ।
কেন্দ্রীয় শহীদ মিনার / ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কেন্দ্রীয় শহীদ মিনার / ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ডাকসু সংগ্রহশালা / ছবি- ডাকসু সংগ্রহশালা ফেইসবুক পেইজ। ডাকসু সংগ্রহশালা / ছবি- ডাকসু সংগ্রহশালা ফেইসবুক পেইজ।
আমতলার আমগাছের একাংশ / ছবি- ডাকসু সংগ্রহশালা ফেইসবুক পেইজ। আমতলার আমগাছের একাংশ / ছবি- ডাকসু সংগ্রহশালা ফেইসবুক পেইজ।
একুশের সাজ। একুশের সাজ।
একুশের সাজ। একুশের সাজ।
বর্ধমান হাউজ ও ভাষা আন্দোলন জাদুঘর : একসময়ের বর্ধমান হাউজ, বর্তমানে বাংলা একাডেমির মূল ভবন। তৎকালীন পূর্ব পাকিস্তানের সরকারি বাসভবন। ফেব্রুয়ারি মাসজুড়েই প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি স্থাপিত হয়েছে ভাষাশহীদদের স্মরণে ভাস্কর্য ‘মোদের গরব’। এর মডেল শিল্পীর নাম অখিল পাল। ভাস্কর্য নির্মাতার নাম গোপাল চন্দ্রপাল। ব্রোঞ্জের ভাস্কর্য, টেরাকোটার ম্যুরাল ও রড সিমেন্টের বেদির সমন্বয়ে নির্মিত নান্দনিক মনুমেন্ট এটি। ভাস্কর্যের উচ্চতা ১৮ ফুট ও প্রস্থ ৯ ফুট। এই ভাস্কর্যে পাঁচ ভাষাশহীদ আবুল বরকত, আবদুল জব্বার, আবদুল সালাম, রফিকউদ্দিন আহমদ ও শফিউর রহমানের আবক্ষ মূর্তি রয়েছে।
১৯৮৯ সাল থেকে ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন গবেষণা পরিচালনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের বিভিন্ন বিষয় তুলে ধরতে নানান কর্মসূচি পালন করছে ভাষা আন্দোলন জাদুঘর। বাংলা একাডেমির দোতলায় অবস্থিত এই সংগ্রহশালায় রয়েছে ভাষা আন্দোলনের ওপর লেখা বিভিন্ন বইয়ের গ্রন্থাগার। এ ছাড়া রয়েছে ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন আলোকচিত্র, দলিল, তৎকালীন পত্রপত্রিকায় প্রকাশিত ভাষা আন্দোলনের খবর, ছবি ইত্যাদি।
কেন্দ্রীয় শহীদ মিনার / ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কেন্দ্রীয় শহীদ মিনার : এটি ঢাকা মেডিকেল কলেজের ঢোকার পথে অবস্থিত। ১৯৫৭ সালে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনায় ও শিল্পী নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই শহীদ মিনারের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন সময় ভাঙাগড়ার মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনের মূল তীর্থস্থান আমাদের এই শহীদ মিনার।
ঢাকা বার লাইব্রেরি মিলনায়তন : ১৯৫২ সালের ৩১ জানুয়ারি এখানেই ভাষা আন্দোলনের সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন আবদুল হামিদ খান ভাসানী। ৪০ সদস্যবিশিষ্ট সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ এ বৈঠক থেকেই গঠিত হয়। এখান থেকেই ২১ ফেব্রুয়ারিতে হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে। পরে ২৭ এপ্রিল ১৯৫২ সালে এই বার লাইব্রেরি মিলনায়তনেই সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের জেলা ও মহকুমা প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। (সূত্র: দৈনিক আজাদ, ফেব্রুয়ারি ১৯৫২)
ভাষা আন্দোলন তোরণ : এ তোরণ দিয়েই ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে নামে ছাত্র-জনতা। যা ঢাকা মেডিক্যাল কলেজের বর্তমান বার্ন ইউনিটের সামনে ও জরুরি বিভাগের গেইট থেকে পূর্ব দিকে অবস্থিত।
রশিদ ভবন : এ ভবনটি ঢাকা মেডিক্যাল কলেজের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত। ভাষা আন্দোলনের বহু সভা-সমাবেশ ও পরিকল্পনার সাক্ষী এ রশিদ ভবন। এখানেই গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। একসময় ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এ ভবনটি। (সূত্র : একুশের সংকলন, ১৯৮০)।
পুরানো শহীদ মিনার : ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা প্রথম শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু করেন। এক রাতের মধ্যেই ১০ ফুট লম্বা ও ৬ ফুট চওড়া এ শহীদ মিনার নির্মাণকাজ শেষ হয়। মিনারটি তৈরি হয়েছিল মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের ১২ নম্বর শেইডের পূর্ব প্রান্তে। বায়ান্ন সালের ২৬ ফেব্রুয়ারি শাসকশ্রেণীর নির্দেশে পুলিশ ও সেনাবাহিনী এ শহীদ মিনারটি ভেঙে ফেলে। (সূত্র : একুশের ইতিহাস আমাদের ইতিহাস- আহমদ রফিক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল : ১৯৪৮ সালের ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে চলছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান। এ অনুষ্ঠানেও মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।” এ ঘোষণার পরপরই উপস্থিত ছাত্ররা “না, না” বলে চিৎকার করে ওঠে। (সূত্র : জার্নাল অফ এশিয়ান স্টাডিজ, “এ প্লেস ইনসাফিশিয়েন্টলি ইমাজিন্ড” : ল্যাংঙ্গুয়েজ বিলিফ এন্ড দি পাকিস্তান ক্রাইসিস অফ নাইনটিন সেভেনটি ওয়ান- ফিলিপ ওল্ডেনবার্গ।)
ডাকসু সংগ্রহশালা / ছবি- ডাকসু সংগ্রহশালা ফেইসবুক পেইজ।
ডাকসু সংগ্রহশালা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন, মধুর ক্যান্টিনের বিপরীতে অবস্থিত। এখানে রয়েছে ভাষা আন্দোলনের অনেক আলোকচিত্র, তৎকালীন পত্রপত্রিকার খবর ও ভাষা আন্দোলন নিয়ে বিভিন্ন বই।
ঐতিহাসিক আমতলা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবন প্রাঙ্গণেই ছিল কালের ও বিভিন্ন আন্দোলনের সাক্ষী একটি আমগাছ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের ২৯ জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করে। সেদিন ছাত্রসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়ে ৪ ফেব্রুয়ারি ধর্মঘট ও প্রতিবাদ সভা এবং ২১ ফেব্রুয়ারি প্রদেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। (সূত্র : মালেক, আবদুল (২০০০)। হোসেন, আবু মোহাম্মদ দেলোয়ার, সম্পাদক। ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস। ঢাকা: সেলিনা হোসেন, পরিচালক, গবেষণা সংকলন ফোকলোর বিভাগ, বাংলা একাডেমি।)
বর্তমানে এ আমগাছের অংশ বিশেষ ডাকসু সংগ্রহশালায় সংরক্ষিত আছে।
এ ছাড়াও ঘুরে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ও ঢাকা হল। এ হলগুলো ভাষা আন্দোলনের নানান পরিকল্পনার নীরব সাক্ষী হয়ে রয়েছে।
এই দিনের সাজ-পোশাক
পোশাকের অনুষঙ্গ হিসেবে প্রতিবারের মতো এবারও মেয়েদের একুশের ফ্যাশনে এসেছে সাদা-কালোর সমন্বয়ে তৈরি বিভিন্ন সালোয়ার কামিজ। অন্যদিকে সাদা-কালো কিংবা নীলের পটভূমিতে একুশের বর্ণমালাকে ধারণ করা মেয়েদের শাড়িতে সুতির প্রাধান্যই বেশি। আবার একুশের পথ বেয়ে অর্জিত যে লাল-সবুজের বাংলা সেই রং হয়ে লাল ও সবুজের আনাগোনাও বেশ লক্ষ করা যায় আমাদের একুশের সাজে।
দেশীয় তৈরি পোশাকের প্রতিষ্ঠানগুলো বেশিরভাগই কালো-সাদা পোশাক তৈরি করেছে।
নভিন’স অ্যারোমা থেরাপি সেন্টারের বিউটি এক্সপার্ট আমিনা হক বলেন, “এদিন যারা শহীদ মিনারে যাবেন তাদের একটু প্রস্তুতি দরকার।”
একুশের সাজ।
তিনি পরামর্শ দেন, মেয়েরা চুলে সাদামাটা বেণি বা খোঁপা করতে পারেন। চোখে কালো আইশ্যাডো ব্যবহার করাই মানানসই। এরপর আইভ্রুর ঠিক নিচে সিলভার হাইলাইটার দিন। যারা কাজল ব্যবহার করেন তারা আজকের সাজের সঙ্গে কাজল যুক্ত করে নিতে পারেন। ঠোঁটে হালকা স্বাভাবিক রংয়ের লিপস্টিক ব্যবহার করুন।
নেইলপলিশে এখন বিভিন্ন রং ব্যবহার হয়। এদিনে নখে কালো নেইলপলিশের উপর সাদা রং দিয়ে এঁকে নিতে পারেন বাংলার বিভিন্ন বর্ণ।
ছেলেরা মাথায় বাংলাদেশের পতাকার রংয়ের কোনো ফেট্টি বা হাতে লাল-সবুজের কোনো ব্রেসলেটও আমাদের পরিচয় ফুটিয়ে তুলে।
ছোট-বড় সকলের গালে রংতুলির ছোঁয়ায় জন্ম নেয়া বর্ণমালা আর একুশের মিনারও হতে পারে সাজের অনুষঙ্গ।
একুশের সাজ ছবি কৃতজ্ঞতায়:
মডেল- সামিয়া সায়িদ ও নিসার। মেইকওভার- তানজিমা শারমিন মিউনি (হেয়ারোবিক্স ব্রাইডাল), পোশাক- সাদা কালো। ছবি : ইস্টুডিও।
