বিজয়ের পোশাক
প্রায় এক দশক ধরে উৎসবভিত্তিক আয়োজন করে আসছে দেশীয় ফ্যাশন হাউজগুলো। পাঞ্জাবিতে ঐতিহাসিক বিভিন্ন চিত্র আঁকার মাধ্যমে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। টি-শার্ট, শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টপস এমনকি চাদরেও উঠে আসছে লাল-সবুজের চেতনা।
বিজয়ের মাসে পোশাক তৈরির প্রতিষ্ঠানগুলোতে থাকে বিশেষ আয়োজন। শীতের সময় বলে পোশাক নকশাকরদের গরম কাপড়ের উপর নজর থাকে বেশি। লাল-সবুজের আঁচড়ে পোশাকগুলো হয়ে যায় বিজয়োৎসবের এক একটি পতাকা।
এই বছরেও সেটার ব্যতিক্রম হয়নি। পতাকা রংয়ে পোশাকগুলোর কাপড় হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি।
অনেকে আবার লাল-সবুজ রংয়ের পাশাপাশি সাদা, কালো, হলুদ, নীল, কমলা ইত্যাদি রংয়ের সংমিশ্রণেও পোশাকে নিয়ে আসছেন বিজয় উৎসবের আমেজ।
মোটিফের ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রাচুর্য। বিজয়ের পোশাকে উঠে আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস, কবিতা, স্লোগান, মিছিল, স্মৃতিসৌধের প্রতিকৃতি, গৌরবোজ্জ্বল বিভিন্ন মুহূর্ত, দেশাত্মবোধক গানের লাইন ও বর্ণমালা।
এ ছাড়া বঙ্গবন্ধুর ভাষণ, ইতিহাস পর্যালোচনা, জাতীয় বীরদের পরিচয়সংবলিত পোশাক বা শিল্পীর নকশা করা শাড়ি বিজয় দিবসের অর্ন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে। বেছে নিতে পারেন এগুলোও।
প্রিয়জনকে উপহার দিতে পারেন দেশাত্মবোধক গানের লাইন কিংবা বর্ণমালায়ালা মগ, লাল-সবুজ চাবির রিং কিংবা বিভিন্ন উপাদান।
উৎসবের আমেজে পূর্ণতা দিতে লাল-সবুজ পোশাকের পাশাপাশি কাচের চুড়ি কিংবা বড় লাল টিপ পরতে পারেন। কে-ক্র্যাফট, রঙ, নগরদোলা, বিবিয়ানা, অঞ্জন’স, বাংলার মেলাসহ সব ফ্যাশন হাউজেই পেয়ে যাবেন লাল-সবুজ পোশাক ও অনুষঙ্গ।
মুক্তিযুদ্ধভিত্তিক টিশার্ট চাইলে চলে যেতে পারেন আজিজ সুপার মার্কেটে।
কে ক্রাফটের পোশাক
কে-ক্রাফট
তাদের রয়েছে বিজয়ের পোশাকের বিশেষ সংগ্রহ। প্রধানত সুতি কাপড়ে তৈরি এ সকল পোশাকে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব উইভিং ডিজাইনে লাল-সবুজ শাড়ি, টাই অ্যান্ড ডাই শাড়ি, স্ক্রিন প্রিন্ট ও ব্লক প্রিন্টে ডিজাইন করা সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, পাঞ্জাবি, টিশার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে।
অঞ্জন’স
পতাকার রং প্রাধান্য দিয়ে বিজয়ের মাসে পরার উপযোগী পোশাক তৈরি করেছে তারা। হাতে লেখা যুদ্ধকালীন একাত্তরের চিঠিগুলোকে ডিজাইনের মোটিফ শাড়ি, পাঞ্জাবি, শাল ও মাথার ব্যান্ডে ব্যবহার করা হয়েছে। বিজয় দিবসকে প্রাধান্য দিয়ে শিশু-কিশোরদের জন্যও থাকছে পোশাক। ব্লক, অ্যাপলিক, এম্ব্রয়ডারি, স্ক্রিন প্রিন্টসহ দু-তিন মাধ্যম একসঙ্গে ব্যবহার করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রং।
চরকা
এবারের বিজয় দিবসকে কেন্দ্র করে লাল-সবুজের সমন্বয়ে ‘চরকা’ তৈরি করেছে বিভিন্ন ডিজাইনের ফতুয়া, কুর্তা, শাড়ি ও পাঞ্জাবি। পোশাকগুলোতে কাজের মাধ্যম হিসেবে অ্যাপলিক ও প্যাচওয়ার্ক প্রাধান্য পেয়েছে। পাশাপাশি থাকছে ব্লক, ব্রাশ, মেশিনওয়ার্ক ও কারচুপির কাজ। বিজয় দিবসে যেন ঘটে দেশীয় পোশাকের সমাহার। তাই সব ধরনের ক্রেতার ক্রয়সীমার কথা মাথায় রেখে পোশাকগুলোর মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। যেহেতু আবহাওয়ায় শীতের প্রাধান্য রয়েছে, তাই বিজয় দিবসকে কেন্দ্র করে লাল সবুজের সমন্বয়ে শীতের শাল পাওয়া যাবে চরকার বিক্রয়কেন্দ্রে।
নগরদোলা
তাদের বিজয় দিবসের পোশাকসম্ভারে রয়েছে সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ছেলেমেয়েদের ফতুয়া ও বাচ্চাদের সব ধরনের পোশাক। কারুকাজ হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এম্ব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ। শীতল আবহাওয়ার জন্য একটু মোটা কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে।
বিবিয়ানা
‘লাল সবুজের দেশ’ শিরোনামে বিজয় দিবসের পোশাকের আয়োজন করেছে তারা। লাল ও সবুজ রংয়ের প্রাধান্য দিয়ে বিজয় দিবসের কবিতা ও গানের কথার সংযোজনে তৈরি হয়েছে পোশাকগুলো। পোশাকসম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, দোপাট্টা, শিশুদের পোশাক ও শাল।
কাজী ক্র্যাফট
বিজয়ের মোটিফে বিভিন্ন পোশাকের পসরা সাজিয়ে রেখেছে তাদের প্রত্যেকটি শোরুমে। রক্ত লাল ও গাঢ় সবুজ রংয়ের মিশ্রণে তৈরি ফতুয়া ও পাঞ্জাবিগুলোয় তাঁতের কাপড় প্রাধান্য দেওয়া হয়েছে। মেয়েদের ফতুয়া, থ্রি-পিস, শর্ট কামিজ ও শাড়ি। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট ও পাঞ্জাবি। শিশুদের ফতুয়া ও পাঞ্জাবি সেটগুলোর মধ্যে কাজ করা হয়েছে বস্নক, স্প্রে, তুলির কাজ, সুই-সুতার ভরাট কাজ, অ্যাপলিক, এম্ব্রয়ডারি, কারচুপি, কাটিং ডিজাইন ও টাই-ডাই।
লেইডি
পতাকার রং প্রাধান্য দিয়ে বিজয় দিবসের নতুন থ্রি-পিস বাজারে এনেছে তারা। সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি প্রতিটি থ্রি-পিস ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল-সবুজ রং। রয়েছে হাতের কাজ, স্ক্রিনপ্রিন্ট, এম্ব্রয়ডারি ও কারচুপির কাজ। কর্ণফুলী গার্ডেন সিটি, কাকরাইল নাভানা বেইলি স্টার, বসুন্ধরা সিটি শপিং সেন্টারে পাওয়া যাচ্ছে তাদের পোশাক।
ফড়িং
শুরু থেকেই তারা পোশাকে উৎসবকে প্রাধান্য দিয়ে ডিজাইন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে ফড়িং বেশ কিছু নতুন ডিজাইন দিয়ে সাজিয়েছে তাদের পোশাক। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টিশার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এম্ব্রয়ডারি, অ্যাপলিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। লাল সবুজের পাশাপাশি পোশাকে রং করা হয়েছে আকাশি, মেরুন, ধূসর।
লেইডি ও স্মার্টটেক্সটের সালোয়ার কামিজ
স্মার্টটেক্সট
তাদের রয়েছে টি-শার্ট, ফতুয়া, লং টিউনিক।
স্বপ্নচূড়া
এখানে ফ্যাশন সচেতন মেয়েদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের থ্রি-পিস রয়েছে।
আজিজ সুপার মার্কেটের্ বেশ কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছে বিজয় দিবসের বিশেষ পোশাক। এর মধ্যে ‘মেঘ’ এবারে এনেছে টি-শার্ট, পাঞ্জাবি, শিশুদের ফতুয়া ও ফ্রক।
‘OPUS’ লাল সবুজ ছাড়াও নানান রংয়ের ডিজাইনের বেশকিছু নতুন পোশাক এনেছে। পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, ফুল হাতা টি-শার্ট।
‘যোগী’ বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছে নান্দনিক সব টপস্, পাঞ্জাবি টি-শার্ট ও হুডি।
‘এৎবু’ এনেছে নানান রংয়ের কারুকাজে বেশকিছু হুডি, ম্যাগি-হাতা হুডি।
