আয়কর আখ্যান
ট্যাক্স বা আয়কর প্রদানের জন্য ব্যক্তি শ্রেণির কর দাতাদের প্রতি বছর আয়কর রিটার্ন ফর্ম পূরণ করতে হয়। যাদের টিআইএন নম্বর আছে তারাই রিটার্ন ফর্ম জমা দেন। যাদের টিআইএন নম্বর নেই তারা এখন চাইলেই জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে টিআইএন রেজিস্ট্রেশন করতে পারেন।
রিটার্ন ফর্ম পাওয়াটাও এখন ঝামেলা মুক্ত। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট www.nbr-bd.org থেকে ডাউনলোড করা যায়। আসুন আয়কর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ই-টিআইএন
টিআইএন বা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর। কোনো ব্যক্তি নতুন করদাতা হতে চাইলে টিআইএন ফরম সংগ্রহ এবং পূরণ করে সংশ্লিষ্ট আয়কর সার্কেলে জমা দিতে হত।
এখন ই-টিআইএন পদ্ধতির মাধ্যমে ব্যক্তি নিজেই সরাসরি টিআইএন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন করতে পারেন।
জাতীয় রাজস্ব বোর্ড ১ জুলাই ২০১৩ হতে পুরনো ১০ ডিজিটের পরিবর্তে ১২ ডিজিটের টিআইএন দিচ্ছে। নতুন ই-টিআইএন পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে পুরনো করদাতারা রি-রেজিস্ট্রেশন এবং নতুন করদাতারা রেজিস্ট্রেশন করতে পারবেন।
ই-টিআইএন পদ্ধতিতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত www.incometax.gov.bd ওয়েবসাইটে রেজিস্টার মেন্যুতে ক্লিক করলে একটি ফর্ম প্রদর্শিত হবে। এতে প্রয়োজনীয় তথ্য দিয়ে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই টিআইএন পাওয়া যাবে।
আয়কর রিটার্ন
আয়কর কর্তৃপক্ষের নিকট আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। এই ফর্মে করদাতাকে আয়, ব্যয় ও সম্পদের হিসাব লিখতে হয়। ব্যক্তি শ্রেণির করদাতার ক্ষেত্রে এই হিসাব প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে দিতে হয়।
যারা আয়কর রিটার্ন দেবেন
কোনো ব্যক্তির আয় যদি বছরে ২ লাখ ২০ হাজার টাকার বেশি হয় এবং মহিলা বা ৬৫ বছরের উপরে পুরুষ করদাতার আয় ২ লাখ ৫০ হাজার হয় তাহলে তাদের রিটার্ন জমা দিতে হয়।
তবে প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে এই আয় ৩ লাখ টাকার বেশি নির্ধারিত হয়েছে।
আয়ের পরিমাণ যাই হোক কিছু ব্যক্তির ক্ষেত্রে রিটার্ন দেয়া বাধ্যতামূলক। যেমন : বিভাগীয় বা জেলা সদরে, পৌরসভা, সিটি কর্পোরেশনের আওতায় বাস করেন এমন কারও যদি—
* একতলার অধিক বাড়ি থাকে এবং প্রতি তলার আয়তন ১৬০০ বর্গফুটের বেশি হয়।
* যদি মোটর গাড়ি থাকে।
* আইএসডি টেলিফোন থাকে।
* মূল্য সংযোজন কর আইনে রেজিস্ট্রিকৃত ক্লাবের সদস্য পদ থাকে।
* ট্রেড লাইসেন্স এবং ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসায়ী।
* ডাক্তার, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টাড একাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউট্যান্ট, আয়কর পেশাজীবী বা এ ধরনের কোনো পেশাজীবী সংস্থার সদস্য।
* চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বা ট্রেড এসোসিয়েশনের সদস্য।
* ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় নির্বাচনে অংশগ্রহনকারী।
* সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের টেন্ডারে অংশগ্রহনকারী।
* যার টিআইএন আছে ।
* চলতি বছরের আগের ৩ বছরে যার কর যোগ্য আয় ছিল।
* যিনি কর দাতা হওয়ার ইচ্ছা পোষণ করেন।
যেখানে রিটার্ন দাখিল করবেন
ডাক্তার ব্যতীত ঢাকা সিভিল জেলায় কর্মরত সকল বেসামরিক সরকারী কর্মকর্তা/কর্মচারী ও পেনশনভূক্ত কর্মকর্তা/কর্মচারী যাদের নাম এ, বি অথবা সি দ্বারা শুরু হয়েছে তাদেরকে কর অঞ্চল-৪, ঢাকা এর কর সার্কেল-৭১-এ রিটার্ন দাখিল করতে হবে।
করদাতা প্রয়োজনে কাছাকাছি আয়কর অফিস বা কর পারামর্শ কেন্দ্র থেকে কোন সার্কেলে রিটার্ন দাখিল করবেন সে সম্পর্কে জেনে নিতে পারেন।
রিটার্ন দাখিল না করলে
সঠিক সময় আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানার বিধান আছে। এক্ষেত্রে সর্বশেষ আরপিত করের ১০% পর্যন্ত এককালীন জরিমানা হয়।
এককালীন এ জরিমানার পরিমান ন্যূনতম ১ হাজার টাকা।
এছাড়াও রিটার্ন দাখিলের নির্ধারিত সময় পার হলে প্রতিদিন ৫০ টাকা হারে জরিমানার বিধান আছে।
রিটার্নে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আয়, ব্যয় ও সম্পদের হিসাবে গড়মিল থাকলে কর্তৃপক্ষ সঠিক তথ্য উদঘাটনের জন্য তদন্তের ব্যবস্থাও করে থাকেন।
সূত্র : জাতীয় রাজস্ব বোর্ড
