২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সাজে রঙিন

এ বছরের কোরবানির ঈদ কার্তিকের ফসল ভরা মাঠের মন মাতানো মিষ্টি গন্ধ আর একটু শীতের আমেজের মধ্য দিয়েই শেষ হবে। শীতের শুরুতে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। সারা বছরের পরিশ্রম করে গড়ে তোলা ত্বক দ্যুতিহীন ও অনুজ্জ্বল করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মরিয়ম মনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:48 AM

Updated : 13 Oct 2022, 03:00 PM

এ সময়ের সাজ অন্য ঋতুর তুলনায় আরও বেশি আকর্ষণীয় এবং পরিমার্জিত হওয়া প্রয়োজন। সেই সঙ্গে ঈদের সাজে থাকবে ভিন্ন রকম নমনীয়, সুন্দর ও আর্কষণীয়। যেন অন্যদের চেয়ে আলাদা দেখায়।

কেমন হতে পারে ঈদের সাজ ও প্রস্তুতি। কীভাবে ঈদের সাজে বৈচিত্র্য এনে সবার নজর কেড়ে নেওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ আমেনা হক।

প্রস্তুতি

সৌন্দর্যের অনেকখানি নির্ভর করে ভালো ত্বক ও হিল্লোলিত মনের ওপর। মন প্রফুল্ল থাকলে নিজ থেকেই চেহারায় উজ্জ্বলতা আসে।

ভালো ত্বকের জন্য পর্যাপ্ত পানি আর শাকসবজি খেতে হবে। ত্বকে উজ্জ্বলভাব আনার জন্য চলে যেতে পারেন ভালোমানের কোনো বিউটি পার্লারে। শুধু তাই নয়, ঈদের প্রস্তুতি হিসেবে ফেইশল, মেনিকিউর, পেডিকিউর করে নিতে হবে ঈদের অন্তত দুই থেকে তিন দিন আগেই। ঘরে বসেই সেরে নিতে পারেন এ কাজগুলো। এরপর সাজসজ্জা তো আছেই।

ঈদের দিন

শীতে রুক্ষ প্রকৃতিতে ত্বকও রুক্ষ হয়ে ওঠে। অনেকেরই ত্বক ফাটা, খসখসে হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। প্রকৃতিতে এ সময় যেহেতু ধুলাবালি রাজত্ব, তাই সাজগোজের আগে অবশ্যই ফেইসওয়াশ দিয়ে হাত-মুখ খুব ভালোভাবে ধুয়ে নিন।

সম্ভব হলে মৃদু স্ক্রাবার দিয়ে খুব ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীতে ত্বক ম্যাসাজ করুন। এতে মরা কোষগুলো উঠে যাবে। ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ১০ মিনিট বিরতি দিন।

শুষ্ক পাউডার ব্যবহার না করে শীতে ফাউন্ডেশন হিসেবে অয়েল বেইজড ফাউন্ডেশন বা ক্রিম ফাউন্ডেশন বেছে নিন। এতে ত্বক সতেজ থাকবে। ক্রিম ফাউন্ডেশনের ওপর আলতো করে ফেইস পাউডার লাগিয়ে নিতে পারেন। যদি ত্বক বেশি শুষ্ক হয়, এটা না দেওয়াই ভালো।

উৎসবের সাজটা গাঢ় করতে ব্লাশঅন ছাড়াও দিতে পারেন গ্লিটার। তবে যদি ফেইসপাউডারই গ্লিটার হয়, তাহলে সাধারণ ব্লাশঅনটাই লাগাবেন। শীতে যেহেতু ঘামের ভয় নেই, তাই ইচ্ছেমতো মেইকআপ করতে পারেন। দিনের বেলায় হালকা হলেও রাতে অবশ্যই গাঢ় মেইকআপ করতে ভুল করবেন না।

চোখের সাজ করতে পারেন স্মোকি করে। আইশ্যাডো পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে দিলেও কালো আর সোনালির ছোঁয়া রাখতে পারেন। চোখ সাজাতে কাজল যাদের পছন্দ, তাদের নিশ্চয়ই গরমের সময়ে মন খারাপ থাকে। শীতে কাজল ছড়িয়ে পড়ার ভয় নেই। তাই এ সুযোগটা কাজে লাগাতে পারেন। নীল, সবুজ, ময়ূর, কালো যেকোনো রং টানতে পারেন চোখের কোণে। আইলাইনার কাজল যা-ই দিন না কেন, মাশকারাটাও দিতে ভুল করবেন না। চোখের পাপড়িগুলো সাজিয়ে তুলতে মাশকারা ব্যবহার করুন। তবে পানিরোধক হলেই ভালো।

শীতের সময় ত্বকের মধ্যে সবচেয়ে বেশি রুক্ষ হয় ঠোঁট। তাই ঠোঁটের নিয়মিত যত্ন নিন। নিয়মিত লিপবাম লাগান। শীতের লিপবামটা যেন সানস্ক্রিমযুক্ত হয়। ঠোঁট সাজাতে শীতে শুষ্ক লিপস্টিক বাদ দিয়ে লিপগ্লস বেছে নিন।

এ সময়ে নিশ্চিন্তে চুল খোলা রেখে ঘুরে বেড়াতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে চুল বাঁধতেও পারেন। সালোয়ার-কামিজের সঙ্গে পনিটেইল করে নিতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপা করা যায়।

দ্বিতীয় দিন

ঈদের পরদিন শাড়ি কিংবা সালোয়ার-কামিজ যাই হোক না কেনো— এর সঙ্গে মেইকআপের বেইজটাতে কনসিলার, ফাউন্ডেশন ইত্যাদি ব্যবহার করতে পারেন। চোখ সাজাতে বাধা নেই। এ সময় কালো, নীল, সবুজ, ছাই ইত্যাদি যে কোনো রংয়ের সমন্বয়ে সুন্দর করে আইশ্যাডো লাগাতে পারেন। মোটা করে চোখের কোলজুড়ে আইলাইনার লাগাবেন। তারপর আইল্যাসগুলোতে দেবেন মাশকারার ছোঁয়া। মনে রাখতে হবে চোখ যদি খুব বেশি সাজান, তবে ঠোঁটে হবে হালকা লিপস্টিক।

গালে থাকতে পারে মাল্টিব্লাশন, যা হবে মুখের শেইপ অনুযায়ী। রাতের সাজটা গর্জিয়াস করতে চাইলে মুখে লাগাতে পারেন ফেইস হাইলাইটার কিংবা সিমার।

যাদের চুল স্টাইল করে কাটানো তারা ব্লো-ডাই করে চুলটা সেট করে রাখতে পারেন। আর যদি জমকালো বা গর্জিয়াস কোনো গহনা পরে থাকেন তা হলে চুল বেঁধে রাখতে পারেন। বিভিন্ন ধরনের খোঁপা শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে বেশ ভালো মানিয়ে যাবে।

তৃতীয় দিন

প্রথমে মুখে বেইজ ফাউন্ডেশন ও ফেইসপাউডার দিয়ে মেইকআপের বেইজ ঠিক করে নিন। পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে গালে ব্লাশন বুলিয়ে নিন। শাড়ি বা পোশাকের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো দিন। চোখের পাপড়িতে গাঢ় করে মাশকারা লাগান। আইলাইনারের রেখা টেনে নিন চোখের কোণ বরাবর।

ট্রেন্ডি লুক চাইলে ঠোঁটে লিপগ্লস লাগাতে পারেন। শাড়ি পরলে কানে লম্বা দুল আর হাতে চুড়ি পরতে পারেন। গলায় পুঁতি বা বিডসের মালা পরলে ভালো লাগবে। সালোয়ার-কামিজ পরলে লম্বা দুল বা পাথর বসানো টপ কানে ভালো মানাবে। গলায় লকেটসহ চেইন পরতে পারেন। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিনের সাজও যেন হয়ে ওঠে সুন্দর ও আকর্ষণীয়।   

গহনা

মুখের মেইকআপ তো হয়ে গেল, তবে গহনা ছাড়া কি সাজ সম্পূর্ণ হয়! সালোয়ার-কামিজের সঙ্গে কখনওই ভারী গহনা পরবেন না। কামিজের রংয়ের সঙ্গে মিলিয়ে স্টোন বসানো ইমিটেশনের কানের দুল দিনের বেলায় আপনাকে করে তুলবে মোহনিয়া। গলা খালি থাকাই ভালো। রাতে একটু ভারী স্টোনের গলার-কানের গহনার সেট পরতে পারেন।

হাতে বালা, ব্রেসলেট, চুড়ি একসঙ্গে পরলেও বেশ লাগবে। ভিন্নভাব আনতে এক হাত ভর্তি করে চুড়ি আর অন্য হাতে মোটা একটা বালা পরতে পারেন। পদযুগলে নান্দনিক সৌন্দর্যের ইন্ধন জোগাতে দুই পায়ের আঙ্গুলে আংটি আর এক পায়ে মল বা নূপুর পরুন।

মেহেদির সাজ

নারীর ঈদের সাজ অসম্পূর্ণ থেকে যায় যদি মেহেদির রংয়ে হাত না সাজানো হয়। এর জন্য ঈদের আগের রাতই উত্তম।

মেহেদি লাগানোর আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মেহেদি দিয়ে করা নকশা যেন খুব বেশি সূক্ষ্ম বা ঘন না হয়। বেশি সূক্ষ্ম নকশার মেহেদি তাড়াতাড়ি শুকিয়ে যায়।, ফলে রং ভালোভাবে বসে না। আর বেশি ঘন নকশার হলে দেখতে জবড়জং লাগে।

বাহ্যিক সৌন্দর্যের মূল কথা হল, যে পোশাক পরেছেন তা যেন আপনার হেয়ারস্টাইল, মেইকআপ, গহনা, স্যান্ডেল, ব্যাগ সবকিছুর সঙ্গে মানানসই হয়। তা হলেই ঈদের দিন আপনি হয়ে উঠবেন মোহনীয় ও আকর্ষণীয়।

ছবি : জাকির হোসেন