২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াং ফু চিংয়ের খাবার

যদি দেখেন কাবাব তৈরির শিকে বা শাসলিকের মতো কাঠিতে গেঁথে বিক্রি হচ্ছে পোকামাকড় তাহলে চমকে যাওয়ার কিছু নেই। বুঝতে হবে আপনি আছেন বেইজিংয়ে। পথ চলতি কিছু খেয়ে নেওয়ার স্বভাব পৃথিবীর সব বড় শহরের বাসিন্দাদের মতো বেইজিংগারদেরও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শান্তা মারিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 06:08 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বেইজিংয়ের স্ট্রিট ফুড, চীনা থেকে বিদেশি সবার কাছেই জনপ্রিয়। প্রায় প্রতিটি ব্যস্ত সড়কেই রয়েছে স্ট্রিট ফুডের স্টল। খাবারের মধ্যে চোখে পড়বে কাবাব, বার্গার, চিকেন ফ্রাই, সুপ, রুটি, সেদ্ধ ভুট্টা, মিষ্টি, নুডুলস, পোড়া আলু আর আইসক্রিম।

বিশেষ ধরনের স্ট্রিট ফুডের জন্য রয়েছে কয়েকটি বিখ্যাত এলাকা। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল-- ওয়াং ফু চিং। চীনা ঐতিহ্যবাহী খাবারের জন্য ওয়াং ফু চিং আর শিয়ামেন ওয়াকিং স্ট্রিট বেইজিংয়ে বিখ্যাত।

অক্টোবরের এক সন্ধ্যায় প্রথম গেলাম ওয়াং ফু চিংয়ে। আমি তখন চীন আন্তর্জাতিক বেতারের বিদেশি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। সহকর্মী শিহাবুর রহমান নিয়ে গেলেন ওয়াং ফু চিংয়ে।

ওয়াং ফু চিং বেইজিংয়ের একটি ঐতিহ্যবাহী এলাকা। থিয়ানআনমেন স্কোয়ারের খুব কাছেই এর অবস্থান। ওয়াং ফু চিং একটি দীর্ঘ আঁকাবাঁকা গলি। গলিটির প্রবেশপথেই চীনা-রীতির বড় একটি তোরণ। এর ভেতর দিয়ে হাঁটাপথটিতে প্রবেশ করলে দেখা যাবে দুপাশে খাবারের দোকান। দোকানের খাবারগুলো খেতে হবে রাস্তায় দাঁড়িয়ে। কারণ দোকানের ভেতর বসার কোনো জায়গা নেই। অনেকটা ফেরিওয়ালাদের স্টাইল। যদিও স্টলগুলো স্থায়ী।

কী বিক্রি হচ্ছে আগে শুনে নিন, তারপর স্থির করুন খাবেন, নাকি ছুটে পালাবেন! বিছাজাতীয় এক ধরনের পোকা শিকে গাঁথা রয়েছে। জ্যান্ত। চাইলে ঈষৎ ঝলসে নিতে পারেন আগুনে। তার পরেও পোকাগুলো জ্যান্তই থাকবে। মাজরাপোকা ধরনের পোকাও রয়েছে। রয়েছে কোকুন বা পোকার ডিম।

স্টার ফিশ, সি হর্স, জেলি ফিশ আরও নানান ধরনের সামুদ্রিক পোকামাকড়। আর রয়েছে মাকড়সা। সবই জীবন্ত। দেখে আপনার পিলে চমকে উঠতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই। বিষাক্ত নয় কোনোটিই।

একশিক ১০ ইউয়ান বা ১১৩ টাকা। একই দামে আরও রয়েছে শিকে গাঁথা ছোট পাখির বা মুরগির বাচ্চার রোস্ট। এগুলো খুবই ছোট, যেন সদ্য ডিম থেকে ফোটা শাবক। শুধু পালক ছাড়ানো হয়েছে। দেখলে মনে হয় ডায়নোসরের বাচ্চা! গরু-ছাগল-শুকরের মাংসের শিককাবাব বা ছুয়ান রয়েছে। আছে জিহ্বা ভাজা। ছোট ছোট বাটিতে বিক্রি হচ্ছে ভূঁড়ি, চামড়া ভাজার সুপ। মিষ্টি খাবারের আয়োজনও রয়েছে।

চেরিসহ বিভিন্ন ফল শিকে গেঁথে গরম চিনির শিরায় ঢেলে দেওয়া হয়। এটি চীনের খুব জনপ্রিয় খাবার।

চিনি দিয়ে তৈরি আরেকটি মজার খাবার রয়েছে। গরম চিনির শিরার মধ্যে সরু নলের মধ্যে ফুঁ দিয়ে বাতাস ভরা চিনির পুতুল বানানো হয়। শুকর, ড্রাগন, খরগোশ ইত্যাদি বিভিন্ন আকৃতির চিনির পুতুল। এর মধ্যে রং দিয়ে চোখ, মুখ এঁকে দেওয়া হয়। এই চিনির পুতুল একটা কাঠিতে গেঁথে ধরিয়ে দেওয়া হয় ক্রেতার হাতে।

ওয়াং ফু চিংয়ে পচা ডিম বেশ জনপ্রিয় একটি খাবার। পচা ডিম শুনে আঁতকে ওঠার কিছু নেই। এই ডিম প্রসেসড বা প্রক্রিয়াজাত করা। আমি অবশ্য খেতে গিয়ে বিদঘুটে গন্ধ পেয়ে আর খেতে পারিনি। তবে অনেকের কাছে শুনেছি খেতে নাকি ভালোই।

ওয়াং ফু চিংয়ে অবশ্য খাসির কাবাব বা ইয়াংরো ছুয়ান, সেদ্ধ ভুট্টার মতো খাদ্যও পাওয়া যায়। এর মধ্যে ইয়াংরো ছুয়ান আমার প্রিয় খাদ্য। বিশেষ করে বেশি করে ঝাল মরিচের গুঁড়ো দেওয়া ইয়াংরো ছুয়ান আমার দারুণ লাগে খেতে। ঝাল খেয়ে যদি পানির পিপাসা পায় তাহলে কিনে নিন ডাবের পানি।

ডাব বা নারিকেল পরিষ্কার করে খোসা ছাড়িয়ে পাতলা সেলোফেন কাগজে মুড়ে স্ট্রসহ ধরিয়ে দেওয়া হবে। দামটিও বেশ। ১৫ ইউয়ান (১ ইউয়ান=১৩ টাকা, এবার হিসেব করে নিন)।

ছোট ছোট মাটির পাত্রে মুখ বাঁধা অবস্থায় পাবেন পায়েশ। আসলে দুধে চাল সেদ্ধ বলাই ভালো। খেতে খারাপ নয়, তবে চিনি কম। ওয়াং ফু চিংয়ে রাস্তার পাশের বিভিন্ন দোকানে মাংসের শুটকি পাবেন দেদার। রঙিন কাগজে মোড়ানো। আমি প্রথমে ভেবেছিলাম লজেন্স। পরে খেতে গিয়ে দারুণ ঠকেছি। বরং সেদ্ধ ভুট্টা খান। বেশ ভালো স্বাদ।

তবে পানি পাবেন না সহজে। কোক, স্প্রাইট প্রচুর। আর বিয়ার ও অন্যান্য হার্ড ড্রিংকসের কথা নাহয় না-ই বললাম।

আর এ সবকিছু ভালো না লাগলে চলে যান ম্যাকডোনাল্ডস বা কেএফসিতে। ওয়াং ফু চিংয়ে এই দুটি চেইন শপেরই বিশাল বিশাল আউটলেট রয়েছে।

আর এই ফাঁকে বলে রাখা ভালো ওয়াং ফু চিং শপিংয়েরও স্বর্গ।