তিনটি মজার রেসিপি
জিনাত জোয়ার্দার রিপা, চাকরি করছেন। পাশাপাশি ‘স্যালুট টু পুলিশ’ কর্মযজ্ঞের অন্যতম ব্যক্তি। অবসরে রান্না করা শখ। তিনি দিয়েছেন মুখরোচক তিনটি খাবারের রন্ধন পদ্ধতি।
কুড়মুড়ে সবজি পাকোড়া
উপকরণ : কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ। গাজরকুচি আধা কাপ। মটরশুঁটি ১ কাপ। মাশরুমকুচি আধা কাপ। পেঁয়াজকুচি আধা কাপ। কাঁচামরিচের কুচি ১ টেবিল চামচ। ক্যাপসিকাম টুকরো করে কাটা আধা কাপ। ধনেপাতার কুচি ২ টেবিল-চামচ। ডিম ১টি। সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। ময়দা ২ টেবিল চামচ। লবণ স্বাদমতো। ভাজার জন্য তেল পরিমাণমতো।
পদ্ধতি : গাজরকুচি আধা সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে ডিম ফেটে নিন। সব উপকরণ ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে গরম ডুবোতেলে ছোট ছোট করে পাকোড়া ভেজে নিতে হবে। টমেটো বা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।
গরমে ডালের সঙ্গে খাওয়ার জন্য ঝটপট চাটনি।
উপকরণ : ছোট গোল আলু ৫-৬টি। ছোট গোলবেগুন ৪-৫টি। (বড় বেগুন হলে কিউব করে কাটা ৮-৯ টুকরো।) পাকাতেঁতুল আধা কাপ (দেড় কাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে)। চিনি ১ টেবিল-চামচ। লবণ পরিমাণমতো। শুকনোমরিচ ৩-৪টি। বাগাড়ের জন্য পেঁয়াজ ও রসুনের কুচি, পাঁচফোড়ন ও জিরা। হলুদ ও শুকনোমরিচের গুঁড়া। সরষের তেল। আধা চা-চামচ করে আদা ও জিরা বাটা।
পদ্ধতি : আলু সেদ্ধ করে নিন। বেগুন মাঝ বরাবর ফেড়ে নিয়ে তাতে হলুদ, মরিচ, লবণ মেখে হালকা করে ভেজে নিন।
এবার একটি পাত্রে তেঁতুলগোলা পানি চিনি ও অল্প লবণ দিয়ে জ্বাল দিন। একটু ঘন হলে নামিয়ে রাখুন। চুলায় সরষের তেল গরম করে এতে সেদ্ধআলু, হলুদ, মরিচগুঁড়া, লবণ, আদা ও জিরের বাটা দিয়ে ২-৩ মিনিট কষিয়ে জ্বালিয়ে নেয়া তেঁতুল জল মেশান। অল্প আঁচে ২ মিনিট রেখে নামিয়ে রাখুন।
বাগাড়-- কড়াইয়ে সরষের তেল গরম হলে প্রথমে পাঁচফোড়ন ও জিরা দিয়ে নাড়তে থাকুন। ফোড়নের গন্ধ বের হলে পেঁয়াজ ও রসুনের কুচি দিয়ে রং সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সোনালি রং ধরলে রান্না করে রাখা আলু-বেগুনের টক মিশিয়ে অল্প আঁচে ১ মিনিট রেখে নামিয়ে নিন। ভেজে রাখা শুকনোমরিচ উপরে ছড়িয়ে দিন।
উপকরণ : ইলিশ মাছ, ৪ টুকরা। হলুদগুঁড়া ১ চা-চামচ। লবণ স্বাদমতো। সরিষার তেল পরিমাণমতো। সরিষাবাটা ১ টেবিল চামচ। পোস্তবাটা ১ টেবিল-চামচ। কাঁচামরিচ ফালি করা ৮-১০টি। পেঁয়াজবাটা আধা কাপ।
পদ্ধতি : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে রাখুন। তারপর একে একে সব উপকরণ, তেল এবং লবণ দিয়ে মাছ মেখে একটি বাটিতে খানিকটা তেল দিয়ে মাছগুলো বসান। এর উপরে ফালি করা কাঁচামরিচ ছড়িয়ে বাটির মুখবন্ধ করুন।
এখন প্রেসারকুকারে এক কাপ পানি দিয়ে মুখবন্ধ বাটিটি বসিয়ে দিন। প্রেসারকুকারে চারটা সিটি দিলে নামিয়ে মুখবন্ধ অবস্থাতেই ৩০ মিনিট রাখুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ছবি সৌজন্যে : রিপা
