২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাস হারাচ্ছে সাদা মাটির ‘কালো’ সন্তানেরা

গারো পাহাড়ের বিজয়পুর থেকে ‘অবাধে’ সাদামাটি উত্তোলনের ফলে বিপর্যয়ের মুখে আশ্রয়স্থল ছেড়ে যেতে বাধ্য হচ্ছে হাজং ও মান্দিরা (গারো), সরে গেছে বন্যপ্রাণীও।

লাভলু পাল চৌধুরী

চন্দন সাহা রায় ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 09:49 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

এখানে প্রায় তিন দশক ধরে সাদামাটি উত্তোলনের কাজ করছে ১১টি প্রতিষ্ঠান। ১৪ কিলোমিটার এলাকায় ভূপৃষ্ঠের ৬০ মিটার গভীর পর্যন্ত প্রায় দুই দশমিক ৪৭ মিলিয়ন টন সাদামাটির মজুদ রয়েছে বিজয়পুরে।

স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা বলছেন, বিজয়পুর ও এর আশপাশের সাদামাটির এলাকা থেকে গত দুই দশকে অর্ধশতাধিক পরিবার আবাস ছেড়েছে। হুমকির মুখে থাকা আরো শতাধিক পরিবার ‘উচ্ছেদ’ আতঙ্কে চোখেমুখে অন্ধকার দেখছে।

আর এখানের হরিণ, বন্যশুকর, খরগোশ, বনবিড়াল, বানর, অজগর, গুইসাপ, ময়না, টিয়াপাখিরা অনেক আগেই ভারতের মেঘালয়ে চলে গেছে বলে মন্তব্য করেন নেত্রকোনার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা সন্তোষ রায় ভৌমিক।

“প্রাণী ছাড়া বন-বাদার হয় না, আর বন-জঙ্গল ছাড়া আদিবাসী বাঁচে না। সাদামাটির টিলাগুলো গত ত্রিশ বছরে ন্যাড়া হয়ে গেছে। গাছ নাই, বন নাই। বন্যপ্রাণীর খাবার নাই, আমাদেরও খাবার নাই”, আক্ষেপ ঝরে হাজংমাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি মতিলাল হাজংয়ের কণ্ঠে।

তিনি জানান, এমন অবস্থা শুধু এক জায়গায় না। সাদামাটির এলাকা ভরতপুর, গোপালপুর, বগাউড়া, আড়াপাড়া, ছনপাড়া, খুজিগড়াসহ অন্তত ২০টি গ্রামে যুগ যুগ ধরে বসবাস করে আসা মান্দি আর হাজং পরিবারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তারা বাধ্য হচ্ছেন অন্য জায়গায় সওে যেতে।

দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুশ শাহাদাৎ বাবুল বলেন, সিরামিক কোম্পানিগুলো খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ১০০ টনের অনুমতি নিয়ে স্থানীয় প্রশাসনকে ‘ম্যানেজ করে’ ৫ হাজার টন সাদামাটি নিয়ে যাচ্ছে। এতে মাটি দ্রুত শেষ হওয়ার পাশাপাশি বসতি উচ্ছেদ ও বন উৎার হচ্ছে, বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে একটি সুষ্ঠু নীতিমালা তৈরির ওপর গুরত্ব দেন এ জনপ্রতিনিধি।

অবাধে মাটি কাটা বন্ধে ও পরিবেশ রক্ষায় অনেকদিন ধরেই আন্দোলন কওে আসছেন স্থানীয়রা।

দুর্গাপুর খনিজ সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক স্বপন হাজং নিজেদের উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য দিয়ে দাবি করেন, টিলার মাটি অবাধে ও অপরিকল্পিতভাবে কাটায় ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত  বিপিনগঞ্জ গ্রামের দ্রুন হাজং, চেংগিস হাজংসহ ৬০টিরও বেশি হাজং পরিবার  এলাকা ছেড়ে গেছে।

“অধিক ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে বগাউড়া গ্রামের ভীম হাজং, ভুপেন হাজংসহ অন্তত ২২টি পরিবার। এছাড়া আরো শতাধিক পরিবার রয়েছে ঝুঁকির মুখে। এদের মধ্যে মান্দি (গারো) পরিবারও আছে। এসব পরিবার আতঙ্কে আছে। তাদের জীবন এখন ঘোর অমানিশায়।”

দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও পরিবেশ বিপর্যয় ঘটিয়ে হাজংদের উচ্ছেদ চলছেই বলে জানান স্বপন হাজং।

একই ধরনের অভিযোগ করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান।

তিনি বলেন, “হাজং পরিবারগুলোকে উচ্ছেদ করছে সাদামাটি লুটেরারা। জাতীয় সম্পদ সাদামাটি লুট করে গুটিকয়েক লোক কোটিপতি হচ্ছে। অথচ এরা একদিন ভারতবর্ষ কাঁপানো হাজং বিদ্রোহ, টংক ও তেভাগা আন্দোলন গড়ে তুলেছিল।”

শুধু পরিবেশগত কারণে নয়, ঐতিহাসিক কারণেও এ এলাকার সংরক্ষণ প্রয়োজন বলে মনে করেন আবু নাসের।

“খুব সম্ভবত নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহের সীমান্তবর্তী গারো পাহাড় ছাড়া হাজং জনজাতি আর নেই। তারা দিনদিন বিলুপ্তের পথে চলে যাচ্ছে। এদের রক্ষা করা জরুরি।”

১৯৫৭ সালে দুর্গাপুর উপজেলায় সাদামাটির সন্ধান পাওয়া যায়। ১৯৮৩ সাল পর্যন্ত এখানে ভূ-তাত্ত্বিক জরিপ চালায় খনিজ সম্পদ বিভাগ।

কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান পাঠান জানান, ১৯৮৫ সন থেকে বেঙ্গল ফাইন সিরামিক ইন্ডাস্ট্রিজ, মেসার্স পিপুলস সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স মোমেনশাহী সিরামিক অ্যান্ড গ্লাস ফ্যাক্টরি, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, জারডিন ইন্টারন্যাশনাল, জাকের রিফ্যাক্টরিজ অ্যান্ড টাইলস এন্টারপ্রাইজসহ ১১টি কোম্পানি মাটি উত্তোলন করছে।

তবে সাদামাটি লুটপাটের অভিযোগ অস্বীকার করে মেসার্স পিপুলস সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সদামাটি বিষয়ক ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, আগে কিছু অনিয়ম হলেও এখন নিয়ম মেনে মাটি উত্তোলন হচ্ছে। তিন মাস পর পর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর লোকজন এসে জরিপ করে যাচ্ছেন।

“তারা মাটি তোলার পরিমাণ নির্ধারণ করে দেয়ার পর রাজস্ব দিয়ে আমরা মাটি উত্তোলন করি। মাটি লুটপাটের বিষয়টি এলাকার মানুষের ভ্রান্ত ধারণা।”

জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, সাদামাটি উত্তোলনে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।