২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সাজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মরিয়ম মনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 07:05 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

একই সঙ্গে নমনীয়, সুন্দর ও আকর্ষণীয়-- ঈদের দিনে সাজসজ্জা এমন হবে, যেন আপনাকে অন্যদের চেয়ে আলাদা দেখায়। কীভাবে ঈদের সাজে বৈচিত্র্য এনে সবার নজর কেড়ে নেওয়া যায় সে সম্পর্কে জানাচ্ছেন হেয়ারোবিক্স ব্রাইডাল সেলুনের কর্ণধার তানজিমা শারমিন মিউনী।

যেহেতু ধর্মীয় উৎসব, তাই সাজসজ্জার ক্ষেত্রে সতেজ ও শুভ্রভাব প্রয়োজন।

মেইকআপ

সাজসজ্জা হচ্ছে, নিজের রুচি ও ভালো লাগার বহিঃপ্রকাশ। যে কোনো সাজ নিজের কাছে যেমন ভালো লাগতে হবে, অন্যের কাছেও তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। এবারের ঈদ হচ্ছে বর্ষায়। বৃষ্টি শুরুর আগে ভ্যাপসা গরম আবার কখনও ঠাণ্ডা-গরম মিলিয়ে মিশ্র আবহাওয়া থাকে। কখনও রোদ, কখনও শীতল বাতাস। তাই মেইকআপের প্রসাধনী অবশ্যই এসপিএফ ফিল্টার সমৃদ্ধ এবং ওয়াটার প্রুফ দেখে কিনুন।

ঈদের দিন সকালের সাজে ময়েশ্চার বেইজ ফাউন্ডেশন এবং হালকা কমপ্যাক্ট পাউডারের ব্যবহারই যথেষ্ট। সন্ধ্যায় গর্জিয়াস ঈদের পোশাকের সঙ্গে সামান্য ভারী মেইকআপ নেওয়া যেতে পারে। তবে অতিরিক্ত অবশ্যই না।

সাজসজ্জার ক্ষেত্রে বয়স, পোশাকের ধরন, চেহারার গড়ন এবং আপনার সঙ্গে কোনটি মানাবে তা বিবেচনা করা খুবই জরুরি।

চোখের সাজ

বৃষ্টি হলেও এ সময়টা গরম থাকে বেশি, তাই ঈদের সাজটাও হওয়া চাই হালকা। যেভাবেই চোখ সাজান না কেন, সাজের সূক্ষ্ম ফিনিশিং জরুরি। আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করুন লাইনার। এখন কালো ছাড়াও বিভিন্ন রংয়ের আই-পেন্সিল পাওয়া যায়। পোশাকের সঙ্গে মিল করে লাগালে যা অল্পবয়সী মেয়েদের সুন্দর মানিয়ে যায়।

চোখের পাপড়ির উপরে ও নিচে ঘন করে মাশকারা লাগিয়ে নিন। একটু ড্রামাটিক লুক পেতে গোল্ডেন আইশ্যাডো ব্যবহার করতে পারেন। ব্লাশন ব্যবহার করুন খুবই হালকাভাবে। যেন হালকা একটা আভা থাকে। খেয়াল রাখবেন ন্যাচারাল লুক বা স্বাভাবিক ভাবটা যেন বজায় থাকে।

ঠোঁট

লিপস্টিকের রং হালকা না গাঢ় কিংবা ম্যাট, ক্রিম কিংবা গ্লসি করুন, যা আপনার মন চায়। কেননা ঈদের সাজে ঠোঁটের ছোট্ট, মিষ্টি একটুখানি হাসিই আপনাকে অনেক বেশি সুন্দর করে তুলবে। যা হাজার কারেক্টিভ মেকআপেরও ঊর্ধ্বে।

চুলের সাজ

চুলের সুন্দর সাজ একজন মানুষের সৌন্দর্যে পূর্ণতা নিয়ে আসে। তাই এই সাজটাও হওয়া চাই স্বাভাবিক, তবে সুন্দর। এমন কিছু করুন যেন কোনোভাবেই চুল আপনার বিরক্তির কারণ না হয়।

ঈদের সালোয়ার-কামিজের সঙ্গে বিভিন্ন স্টাইলে বেণী করা যেতে পারে। শাড়ির সঙ্গে যেতে পারে সহজ কোনো খোঁপা। চুলের সাজকে আকর্ষণীয় করে তুলতে অনেক কিছুই পাওয়া যায়, যা চুলকে ডেকোরেট করতে পারে।

মনে রাখবেন, চুল আপনার সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এমন কিছু করুন যা আপনাকে মানায়।

সুগন্ধি

সুগন্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুবাস মনের উপর প্রভাব ফেলে, তাই সঠিক সুগন্ধি ব্যবহার করুন।

ছবির মডেল : ফারিয়া ক্রুজ, হৃদি, দীপা, নীরা, শার্লিন।

আলোকচিত্র : সাফাওয়াত খান সাফু

ছবি সৌজন্যে : হেয়ারোবিক্স ব্রাইডাল