২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগের যত্ন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

উজ্জ্বল ত্বকের অন্যতম একটি বৈশিষ্ট্য ত্বকের লাবণ্য। যেটা নির্ভর করে আমাদের যাপিত জীবনের উপর। সচেতন থাকলে বাহ্যিক ত্বকের সৌন্দর্যে আপনি হয়ে উঠতে পারেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন লেজার মেডিক্যাল সেন্টারের লেজার বিশেষজ্ঞ ঝুমু খান।

উৎসব এলে শুরু হয় নিজেকে উপস্থাপনের নানান প্রস্তুতি। সামনে ঈদ। পরিচিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছেন অনেকেই। রোজার একমাস নিয়মিত খাওয়া-দাওয়া আর জীবনযাপনে হয় পরিবর্তন। ফলে অনেকেরই ত্বক শুষ্ক হয়ে যায়, উজ্জ্বলতা হারায়।

তাই ঈদের সময়ে নিজেকে সজীব দেখাতে এখন থেকেই যত্ন নেওয়া শুরু করা ভালো।

যাদের ত্বকে সমস্যা দেখা যায় তাদের অধিকাংশই সময়ের বিপরীত স্রোতে চলেন। খাবার-দাবার থেকে ঘুম সবকিছুতেই থাকে অনিয়ম। খাদ্যাভাসে অনিয়ম আর পর্যাপ্ত ঘুম না হলে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। আজকাল ছেলে মেয়েরা এ ব্যাপারে অনেকটাই অসচেতন। হাঁটাচলাও হচ্ছে কম।

আহার

রোজার মাসে ভাজাপোড়া খাওয়া হয় বেশি। যা শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। যাদের প্রায়ই ঘরের বাইরে খাবার খেতে হয় তাদের তো কথাই নেই।

যেসব খাবারে মসলা বেশি থাকে সেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী নয়। এছাড়াও কার্বোহাইড্রেডজাতীয় পানীয় বা সফটড্রিংস খেলে উপকারের চেয়ে অপকারই হয় বেশি।

অতিরিক্ত তেল ও মসলাজাতীয় খাবার যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্যে ভালো। খাদ্য তালিকায় নিয়মিত শাকসবজি থাকা দরকার। প্রতিবেলায় অল্প হলেও মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করা উচিত। এতে ত্বক ভালো থাকে।

তাই এখন থেকেই তেলে ভাজা খাবার কমিয়ে দিয়ে ইফতারে ফল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।

পানিতে প্রাণবন্ত

পর্যাপ্ত পানি পান করলে ত্বক ভালো থাকে। ভেতর থেকেই ত্বক হয়ে ওঠে সজীব ও প্রাণবন্ত। অথচ পানি পান করা নিয়ে অধিকাংশই অসচেতন। ঘরের বাইরে বের হলে পানি পানের খবরই থাকে না।

প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষের উচিত দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা। যারা বাইরে পরিশ্রম বেশি করেন ও শরীরে ঘাম বেশি হয় তাদের আরও বেশি পানি পান করা উচিত।

তাই ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন।

প্রস্রাবের রং ও গন্ধ দেখে বোঝা যায় পানির ঘাটতি আছে কি না। পানি কম পান করলে প্রস্রাবের রং পরিবর্তন হয় এবং গন্ধ ছড়ায়। হলদে রং হলে এবং প্রকট গন্ধ ছড়ালে বুঝতে হবে কম পানি পান করা হচ্ছে। আপনাকে আরও সচেতন হতে হবে। যদি রং স্বচ্ছ এবং গন্ধ কম থাকে তাহলে বোঝা যাবে পর্যাপ্ত পানি পান করা হচ্ছে।

ব্যায়াম

যাপিত জীবন যদি হয় কর্মমুখী তাহলে শারীরিক ও মানসিক প্রশান্তি দুটোই আসবে। দৈহিকভাবে যত কর্মঠ থাকা যায় ততই সুস্থতার পরিমাণ বাড়তে থাকবে। এ জন্য নিয়মিত হাঁটার অভ্যাস করা উচিত। শহুরে জীবনে যারা কম হাঁটাহাঁটি করেন তাদের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।

যেসব শিশু স্কুল থেকে ফিরে টিভি কিংবা ভিডিও গেইমস নিয়ে বসে থাকে তাদের মুটিয়ে যাওয়ার প্রবণতা বেশি। এ জন্য সব বয়সীদের টিভি দেখতে গিয়ে পুরোটা সময় বসে না থেকে কিছু সময় হাঁটাহাঁটি করা উচিত।

হাঁটা হচ্ছে সববয়সীদের জন্য উত্তম ব্যায়াম। নিয়মিত হাঁটাহাঁটি করলে দেহ সুস্থ থাকে। তাই ইফতারের পর একটু বিশ্রাম নিয়ে নিয়মিত হাঁটুন। যদি সকালে হাঁটার অভ্যেস করতে পারেন তাহলে আরও ভালো।

ঘুম

ঘুম সুস্থতার জন্য খুবই উপকারী। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে নানাধরনের সমস্যা দেখা দেয়। আর ঠিকমতো ঘুম না হওয়ার অন্যতম কারণ হচ্ছে অনিয়ম। রাত জেগে সিরিয়াল দেখা বা আড্ডায় সময় নষ্ট করে দিনের বেলা বেশি সময় ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাদের ত্বকেও সমস্যা দেখা যায়।

অনেকেই রোজার সময় বেশি রাত জেগে, সেহরি খেয়ে ঘুমাতে যান। ফলে দেরিতে ঘুম থেকে ওঠা হয়। অফিস থাকলে পর্যাপ্ত ঘুম হয় না। তাই এখন থেকেই তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করুন। এতে ঘুমের ঘাটতি মিটবে, ত্বকের দীপ্তি বাড়বে।

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া উচিৎ। এতে ঘুম ভালো হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা

ত্বক ভালো রাখতে বাহ্যিক যত্নআত্তির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ত্বক পরিষ্কার রাখতে বিভিন্ন ধরনের ফেইশল পাওয়া যায়। সবার ত্বকের জন্য একই ফেইশল উপযোগী নয়। যার ত্বক যে রকম সেটা বুঝে ফেইশল করা উচিত।

এই মৌসুমে গরম আর বৃষ্টির কারণে বাতাসে ধুলোবালির পরিমাণ বেশি থাকে। তাই বাইরে থেকে বাসায় ফিরেই আগে পরিষ্কার হয়ে নিন। দিনে দুইবার গোসল দিন।  

সবমিলিয়ে পরিমিত আহার, পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম ও পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে দেবে সুস্থতা, মন থাকবে প্রাণবন্ত। মনে রাখবেন এক বা দুই দিনে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে না। উৎসবে নিজেকে উজ্জ্বলভাবে উপস্থাপন করতে চাইলে সবসময়ই নিয়মের মধ্যে থাকতে হবে।

ছবি সৌজন্যে : নগরদোলা