বাচ্চাদের পোশাক
ছোটদের কাছে ঈদ মানেই নতুন পোশাক আর পকেট ভরা সেলামি। বাংলাদেশের পোশাক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শপিংমলগুলো তাই শিশুদের জন্য আলাদা পোশাকের পসরা সাজিয়ে বসে। দেশীয় পোশাকের প্রতিষ্ঠানগুলো এবারের ঈদে শিশুদের পোশাকের জন্য ঋতুটাও বিবেচনা করেছে।
বৃষ্টির মৌসুমে ঈদ হলেও গরমটাও কম নয়। তাই রংয়ের খেলা, নকশা আর জমকালো ভাবের পাশাপাশি পোশাকগুলো গরমের উপযোগী করেই তৈরি করা হয়েছে। রয়েছে সুতি, তাঁত, মসলিন, খাদির প্রাধান্য। আজকাল বড়দের পোশাকের মতো বাচ্চাদের পোশাকেও বিভিন্ন মাধ্যমে নকশা করা হচ্ছে।
তিনি আরও জানান, পোশাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের নকশা। ব্লক, স্প্রে, টাইডাই, স্ক্রিনপ্রিন্ট এগুলো মিডিয়া হিসেবে ব্যবহার হয়েছে। এছাড়া রয়েছে এপলিক, এমব্রয়ডারি, কারচুপি, আড়ি, লেস, কাতান ও হাতের ভরাট কাজ।
কে-ক্র্যাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান বলেন, “বাচ্চাদের পোশাকগুলোতে উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। সবুজ, ফিরোজা, নীল এবং এর সঙ্গে রয়েছে কিছু মেরুন রং।”
বাচ্চাদের পোশাকের কাপড়গুলো একটু নরম হওয়া দরকার, যাতে তারা পরে আরাম পায়। ‘চরকা’-র স্বত্বাধিকারী জাভেদ কামালের ভাষায়, “বাচ্চাদের পোশাক তৈরিতে বেছে নেওয়া হয়েছে টাঙ্গাইল, রাজশাহী, মানিকগঞ্জ, নরসিংদী, সিরাজগঞ্জ, মিরপুর ও কুমিল্লার তাঁতের কাপড়। বুননেও আনা হয়েছে নতুনত্ব।”
অঞ্জনসের স্বত্বাধিকারী শাহিন আহম্মেদ জানান, তারা বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে সুতি ও অ্যান্ডি কাপড় প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে কিছু আছে মেশিনে আর কিছু তাঁতে বোনা।
এসব প্রতিষ্ঠানের বিক্রয় কেন্দ্রগুলোর শিশুদের বিভাগের দিকে তাকালেই চোখে পড়বে পোশাকগুলো। বাংলার মেলা, নগরদোলা, অন্যমেলা, কে-ক্র্যাফট, অঞ্জনস, চরকা, তহু’স ক্রিয়েশন, এড্রয়েট, আড়ং, গ্রামীণ পোশাক, দেশাল, বাসন্তি, লীলাবালি, ফড়িং, আবর্তন, এবি ফ্যাশন মেকার, উত্তরাঙ্গন বুটিক, বার্ডস আই, নিখুঁত বাংলাদেশ, নিত্য উপহার, কিডস কালেকশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে শিশুর পোশাক পাওয়া যাবে।
এসব প্রতিষ্ঠানে বাচ্চাদের পোশাকের মূল্য ৬শ’ টাকা থেকে ৩ হাজার টাকার মধ্যে।
এছাড়া রাজধানীর আজিজ সুপার মার্কেট, গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা সিটি শপিংমল, গুলিস্তান, মিরপুর সুপার মার্কেট, উত্তরা মার্কেটসহ বিভিন্ন মার্কেটেও পাওয়া যাবে শিশুর পোশাক।
ছবি সৌজন্যে : রঙ, কে ক্র্যাফট, চরকা
