জলকাদায় জর্জেট
ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, ইস্ত্রি করার ঝামেলা নেই। হালকা কাপড়, গরমে পরতে আরাম। এ কারণেই রোদ-বৃষ্টির মৌসুমে উপযুক্ত কাপড় জর্জেট।
বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করেন দ্বীপান্বিতা। এ কারণেই অফিসের প্রয়োজনে প্রায়ই বিভিন্ন জায়গায় যেতে হয়। তবে বাদল দিনে বাইরে কাজ করতে যাওয়াটা তার কাছে বিরক্তিকর। এ সময় রাস্তায় ময়লা কাদা নামক যে অপদ্রব্যটি থাকে, সেটি শাড়ির সঙ্গে সঙ্গে তাকেও কাঁদায়। কারণ ভাঁজ ভাঙা একটি শাড়ি একদিনের বেশি পরা যায় না। বিরক্তিকর কাদা শাড়িকে ব্লক প্রিন্ট করে দেয়।
বর্ষার এই সময়ে জলকাদার হাত থেকে রেহাই পেতে রবিঠাকুরের গানের পাশাপাশি জর্জেট শাড়িও প্রিয় হয়ে উঠেছে তার। কারণ এটি ধোয়া সহজ। আবার শুকানোর ঝামেলাও কম। আর ইস্ত্রি করার ঝামেলা তো একদমই নেই। তাই আষাঢ়-শ্রাবণে দ্বীপান্বিতার অন্তরঙ্গ সঙ্গী হয়ে ওঠে একরঙা অথবা প্রিন্টের জর্জেট শাড়ি।
ইফসি সবেমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আকাশ যতই গুড়ুম গুড়ুম ধমকই দিক না কেন, ক্লাসে তার যাওয়া চাই-ই। তাই সবসময়ে ব্যবহারের জন্য সে বেছে নিয়েছে একটু ভারি জর্জেট কাপড়ের সালোয়ার-কামিজ। হালকা-পাতলা গড়নের বলে জর্জেট তাকে মানায়ও ভালো।
দ্বীপান্বিতা বা ইফসি যেমন বর্ষায় জর্জেট বেছে নিয়েছেন, তেমনি অনেক ফ্যাশন ডিজাইনাররাও বর্ষার পোশাক হিসেবে জর্জেট বেছে নিচ্ছেন এখন।
নকশাকারদের তুলির আঁচড়ে সাধারণ জর্জেট হয়ে ওঠে অসাধারণ। নিজেকে উপস্থাপনের জন্য তখন বাঙালি নারী জর্জেটের স্পর্শে এসে সুখ অনুভব করে। ফলে শাড়ির পাশাপাশি জর্জেট ঢুকে পড়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, ওড়না, নাইট গাউন কিংবা স্কার্ফে। হালে রক্ষণশীল মুসলিম পরিবারের নারীরাও জর্জেটের বোরখা পড়ছেন হরদম।
নগরদোলার সিইও মোহাম্মদ আলী আফজাল বলেন, “আমরা জর্জেট নিয়ে কাজ করছি বেশ কয়েক বছর হল। তবে দেশীয় জর্জেট দিয়ে বড় কোনো পোশাক তৈরি করা যায় না। বেশি ঘের বা কুঁচি দিয়ে পোশাক তৈরির জন্য বিদেশি জর্জেটের উপরেই নির্ভর করতে হয়।”
অবশ্য পুরুষের পোশাকে জর্জেটের ব্যবহার বেশি দিনের নয়। বলা যায় আকাশ সংস্কৃতির কল্যাণে অর্থাৎ বলিউড নায়ক সালমান কিংবা শাহরুখ হতে গিয়েই অনেকে পোশাক হিসেবে বেছে নেন জর্জেট। তবে সেই সংখ্যা খুবই কম।
জর্জেট কাপড়ের শোষণ ক্ষমতা ভালো থাকায় বিভিন্ন রংয়ের বৈচিত্র্য আনা যায়। আবার প্রিন্টের নকশাও করা সম্ভব হয়।
আফজাল বলেন, “বিভিন্ন ধরনের জর্জেট রয়েছে। এরমধ্যে প্রধান চারটি হচ্ছে মার্বেল, লেজার, ওয়েটলেস এবং শিফন। এরমধ্যে ওয়েটলেস জর্জেট দিয়েই সাধারণত সালোয়ার কামিজে কাজ করা হয়। কারণ এটি হালকা। তবে আমাদের দেশের জর্জেট দিয়ে শাড়ি হয় না।”
প্রিন্টের ক্ষেত্রে বরাবরই প্রাধান্য পেয়েছে ফ্লোরাল মোটিফ। আমাদের দেশের বেশিরভাগ জর্জেট শাড়ি আমদানি হয় ভারত থেকে। কিছু আসে চীন থেকে। তবে আশার কথা এ দেশের তৈরি জর্জেট কাপড়ের মানও দিন দিন উন্নত হচ্ছে।
থান হিসেবে জর্জেটের পাইকারি দর গজপ্রতি ১৪০ টাকা থেকে ১৬০ টাকা। খুচরা মূল্য গজপ্রতি ২শ’ থেকে ২৫০ টাকা।
জর্জেটের তৈরি পোশাকে হাতে বোনা, হাতে এমব্রয়ডারি, কারচুপি, হাজার বুটি, টাইডাইসহ হালকা মাধ্যমের কাজ করা হয়। কিছু পোশাকে ব্লক প্রিন্টের কাজ করা হয়। কাটিংয়ের ক্ষেত্রে আমাদের দেশের ডিজাইনারদের জুড়ি নেই। ফলে একরঙা জর্জেট কাপড় গর্জিয়াস হয়ে ওঠে পোশাক তৈরির পর।
বাজার ঘুরে দেখা গেল জর্জেটের শাড়ির ও থান কাপড়ের বড় ধরনের সংগ্রহ রয়েছে ঢাকার ইসলামপুরে। এছাড়া চাঁদনীচক, গাউছিয়া, বেনারসি পল্লি, ধানমন্ডি হকার্স মার্কেটেও স্টিচ কিংবা আনস্টিচের বড় ধরনের সংগ্রহ রয়েছে।
মৌচাক মার্কেটের শাড়ি বিক্রেতা সবুজ বলেন, “এখন ৮শ’ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যায় জর্জেটের শাড়ি। তবে এগুলো সবই ভারতীয়।”
অবশ্যই দরকষাকষিতে পটু হতে হবে। তাহলেই ন্যায্যমূল্যে কিনতে পারবেন পছন্দের জর্জেটের শাড়িটি।
যারা একটু কম দামে জর্জেট কাপড় পেতে চান তারা সোজা চলে যেতে পারেন ইসলামপুর।
টুকিটাকি
জর্জেটের শাড়ির জন্য সার্টিন কাপড়ের পেটিকোট পরার পরামর্শ দেন সুমি’জ হেরিটেজের পোশাক নকশাকার মনি হোসেন।
তার কথায়, “জর্জেট যেহেতু শরীরের সঙ্গে লেগে থাকে সে জন্য সার্টিন কাপড়ের পেটিকোটের নিচে কুঁচি দিয়ে পরলে একটু ফুলে থাকে। ফলে সুন্দর লাগে বেশি। ক্রেপ বা রুবিয়া ভয়েলের ব্লাউজ ব্যবহার করা যায়। হাতা ছোট বা হাতা কাটা হলেই মানায় বেশি। একরঙা শাড়ির সঙ্গে পরতে পারেন বিপরীত রংয়ের ব্লাউজ।”
জর্জেট ধোয়ার সময় কোনো ধরনের ব্রাশ ব্যবহার কিংবা জোরে কাচা উচিত নয়। এতে কাপড় ফেসে যেতে পারে।
গরম পানিতে জর্জেট কাপড় ধুলে তা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঠান্ডা পানিতে জর্জেট কাপড় ধুতে হয়। রোদ থেকে যতটা সম্ভব এড়িয়ে রাখুন। রোদে কাপড়ের রং ফ্যাকাশে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
খেয়াল রাখবেন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট পাউডার যেন অতি ক্ষারীয় না হয়। ক্ষার যে কোনো কাপড়ের জৌলুস নষ্ট করে দেয়।
জর্জেট কাপড় ধুয়ে নিংড়ানোর প্রয়োজন নেই। কিছুক্ষণ রেখে দিলেই পানি ঝরে বাতাসে শুকিয়ে যায়। বর্ষায় কাদার যে কোনো দাগই হোক না কেন, ধোয়ার সঙ্গে সঙ্গে তা উঠে যাবে।
রাতের যে কোনো অনুষ্ঠানে জর্জেটের জমকালো পোশাক পরে যেতে পারেন। এতে আপনার স্টাইল এবং ফ্যাশন ঠিক থাকলে অনুষ্ঠানের লোকজন আপনার দিকে দৃষ্টি দিবেই।
ছবি : অপূর্ব খন্দকার
